Breaking News

শুধু সিএমশ্রী নয়, সমস্ত স্কুলেরই হাল ফেরাক সরকার সেভ এডুকেশন কমিটি

ফাইল ফটো

গত ৫ সেপ্টেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী ‘সিএমশ্রী’ স্কুল তৈরির প্রস্তাব দিয়ে রাজ্যের সামান্য কয়েকটি স্কুলকে মডেল স্কুলে উন্নীত করতে চেয়েছেন। এ প্রসঙ্গে সারা অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক তরুণ কান্তি নস্কর ৬ সেপ্টেম্বর এক বিবৃতিতে বলেন, মুখ্যমন্ত্রী শিক্ষক দিবসের অনুষ্ঠানে রাজ্যের ৬০০টি স্কুলের পরিকাঠামোর উন্নতি কর়ে সেগুলিকে মডেল স্কুলে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছেন।

কেন্দ্রের পিএমশ্রী প্রকল্পের অনুকরণে এই স্কুলগুলিকে তিনি ‘সিএমশ্রী’ স্কুল বলতে চেয়েছেন। তিনি বলেছেন, ‘রাজ্যে ১৯ হাজার স্কুল আছে যেখানে স্বাধীনতার ৮ দশক পরেও ন্যূনতম পরিকাঠামো নেই।’ বাস্তবে এমন স্কুলের সংখ্যা আরও অনেক বেশি। তাঁর দেওয়া তথ্য যদি সত্য হয় তাহলে ৬০০ স্কুলকে মডেল স্তরে উন্নীত করলে বাকিগুলোর দশা কী হবে? সেগুলোর হাল কি আরও খারাপ হতে থাকবে? আসলে কেন্দে্রর যে ‘পিএমশ্রী’ প্রকল্প তিনি অনুসরণ করছেন তাতে সারা দেশের ২৮.৮ কোটি স্কুল-শিক্ষার্থীর মধ্যে মাত্র ২০ লক্ষ অর্থাৎ ০.৮ শতাংশ ছাত্রছাত্রী উপকৃত হয়। অন্য দিকে মুখ্যমন্ত্রীর প্রস্তাব বাস্তবায়িত হলে রাজ্যে তিনি যত সংখ্যক ভগ্নস্বাস্থ্য সম্পন্ন স্কুলের কথা বলেছেন তার মাত্র ৩ শতাংশ স্কুলের ভাগ্য ফিরবে। এই বৈষম্য সমর্থনযোগ্য নয়।

তিনি দাবি করেন, সামান্য কয়েকটি স্কুলকে মডেল না করে মুখ্যমন্ত্রী সমস্ত স্কুলের পরিকাঠামো উন্নয়নের ব্যবস্থা করুন। তাতে রাজ্যের শিক্ষার মানের খানিকটা হলেও উন্নতি হবে।