Breaking News

পুলিশি হয়রানি বন্ধের দাবিতে মোটরভ্যান চালকদের বিক্ষোভ মেদিনীপুরে

এআইইউটিইউসি অনুমোদিত সারা বাংলা মোটরভ্যান চালক ইউনিয়নের ডাকে ১০ মার্চ পূর্ব মেদিনীপুর পুলিশ সুপার ও জেলাশাসক দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশন সংগঠিত হয়। দাবি ছিল– জাতীয় এবং রাজ্য সড়কে মোটরভ্যান চলাচল অব্যাহত রাখা, পুলিশি হয়রানি বন্ধ করা, সরকারি লাইসেন্স প্রদান এবং মোটরভ্যান চালকদের পরিবহণ শ্রমিকের স্বীকৃতি।

সহস্রাধিক মোটরভ্যান চালকের মিছিল নিমতৌড়ি হাইরোড মোড় থেকে জাতীয় সড়ক বরাবর জেলাশাসক দপ্তরে যায়। সেখানে বিশাল পুলিশ বাহিনী ব্যারিকেড করে রাস্তা অবরোধ করলে শ্রমিকরা সেখানেই বিক্ষোভ দেখান। পরে জাতীয় সড়কের ধারে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন এআইইউটিইউসি-র জেলা সম্পাদক মধুসূদন বেরা, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য জ্ঞানানন্দ রায়, মোটরভ্যান চালক ইউনিয়নের জেলা সভাপতি অমিত মান্না, যুগ্ম সম্পাদক সেখ নজরুল ও সঞ্জয় জানা সহ বিভিন্ন নেতৃবৃন্দ। উভয় দপ্তরে আধিকারিকরা দাবিগুলি বিবেচনার আশ্বাস দেন।