
৫ জুলাই ২০১২। একদল দুষ্কৃতীর গুলিতে প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস খুন হয়েছিলেন। এখনও সেই খুনের বিচার হয়নি, খুনের ষড়যন্ত্রকারী, মূল অপরাধীরা আজও সাজা পায়নি।
‘বরুণ বিশ্বাস স্মৃতিরক্ষা কমিটি’র পক্ষ থেকে এ দিন তাঁর কর্মক্ষেত্র, কলকাতার মিত্র ইনস্টিটিউশন (মেন) স্কুলের সামনে মাল্যদান ও আলোচনার মধ্য দিয়ে তাঁর সংগ্রামী স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। বরুণ খুনের দ্রুত বিচার ও ষড়যন্ত্রকারী, প্রকৃত অপরাধীদের শাস্তির দাবি ওঠে। এ দিন তাঁর বাড়ি সুটিয়া সহ রাজ্যের সর্বত্র আয়োজিত স্মরণ অনুষ্ঠানে নারীর মর্যাদা ও মানবাধিকার রক্ষার শপথ নেওয়া হয়।
বরুণ স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর সহকর্মী, বিশিষ্ট নাট্যকর্মী ও কমিটির অন্যতম সহ সভাপতি বিপ্লব নাহা বিশ্বাস, সহ সভাপতি ডাঃ বিজ্ঞান বেরা, অন্যতম উপদেষ্টা বাচিক শিল্পী রণেন্দ্রনাথ ধাড়া, মিত্র ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সায়ন্তন দাস, শিল্পী সাংস্কৃতিক কর্মী বুদ্ধিজীবী মঞ্চের সম্পাদক দিলীপ চক্রবর্তী, বিশিষ্ট সাংবাদিক অর্ক ভাদুড়ী, বিশিষ্ট তথ্যচিত্র নির্মাতা সৌমিত্র দস্তিদার, প্রাক্তন ভারতীয় ফুটবলার ও সেন্ট্রাল ক্যালকাটা গোষ্ঠ পাল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের প্রধান কোচ জুলফিকার আলি।
বরুণ স্মরণে ৪ জুলাই অনুষ্ঠিত প্রীতি ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড়দের পুরস্কৃত করা হয় এ দিন।
৫-১১ জুলাই বরুণ বিশ্বাস স্মরণ সপ্তাহ পালন করার সিদ্ধান্ত নিয়েছে কমিটি। ১১ জুলাই সন্ধ্যায় ‘বরুণ বিশ্বাস– নারীর মর্যাদা ও মানবাধিকারের সঙ্কট’ বিষয়ে অনলাইন আলোচনা সম্প্রচারিত হবে আন্দোলনের সংবাদ ও বরুণ বিশ্বাস স্মৃতিরক্ষা কমিটির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে। আলোচনায় অংশ নেবেন শতরূপা সান্যাল, ডাঃ তরুণ মণ্ডল, ননীগোপাল পোদ্দার, বিশ্বজিৎ মিত্র। সঞ্চালনা করবেন চঞ্চল ঘোষ।