Breaking News

হোমিওপ্যাথি ডিপ্লোমা ডাক্তারদের সার্টিফিকেট দেওয়ার অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদ

জন্ম-মৃত্যু রেজিস্ট্রেশন সংক্রান্ত গেজেট নোটিফিকেশনের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সম্প্রতি হোমিওপ্যাথি সহ সমস্ত রকম আয়ুশ ডিপ্লোমাধারী ডাক্তারদের জন্ম-মৃত্যু সার্টিফিকেট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছে। এর ফলে বিশেষত প্রত্যন্ত অঞ্চলের মানুষ সমস্যায় পড়েছেন। বাড়িতে মৃত্যুর ক্ষেত্রে মৃত্যু সার্টিফিকেট পাওয়া তাঁদের পক্ষে জটিল হয়ে পড়ছে।

উল্লেখ্য, ১৯৬৩ সাল থেকেই ডিএমএস ডিপ্লোমাধারী চিকিৎসকরা জন্ম-মৃত্যুর সার্টিফিকেট দিতে পারতেন। ১৯৯৫ সালে মেডিকেল সার্ভিস সেন্টারের নেতৃত্বে দীর্ঘ আন্দোলনের ফলে ডিএইচএমএস ডিপ্লোমাধারী ডাক্তাররা সেকেন্ড সিডিউল-এর অন্তর্ভুক্ত হন এবং সেই থেকে তারাও জন্ম-মৃত্যু সার্টিফিকেট দেওয়ার যোগ্যতা অর্জন করেন। রাজ্য সরকার ডিএইচএমএস চিকিৎসকদের সেই অর্জিত অধিকার এবং ডিএমএস চিকিৎসকদের বহু দিনের অধিকার কেড়ে নিল। যা অন্যায়, অযৌক্তিক জনস্বার্থবিরোধী। মেডিকেল সার্ভিস সেন্টার প্রতিবাদ জানিয়ে ১৬ সেপ্টেম্বর স্বাস্থ্যভবনে ডেপুটি হেলথ সেক্রেটারি তথা স্টেট ডেথ-বার্থ রেজিস্ট্রার এবং প্রিন্সিপাল সেক্রেটারিকে ডেপুটেশন দেয়। কর্তৃপক্ষ আশ্বাস দেন অর্জিত এই অধিকার দ্রুত ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চালু করা হবে।

নেতৃত্ব দেন মেডিকেল সার্ভিস সেন্টারের রাজ্য সহসভাপতি ডাঃ সজল বিশ্বাস। উপস্থিত ছিলেন সহসভাপতি ডাঃ তিমির কান্তি দাস, যুগ্ম সম্পাদক ডাঃ রবিউল আলম, ডাঃ মতিলাল গিরি, ডাঃ পবন সাহু প্রমুখ।