
২০ মে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখ্যসচিব কর্তৃক প্রকাশিত এবং পরদিন সংশোধিত বিজ্ঞপ্তি সম্পর্কে ২১ মে এস ইউ সি আই (সি) রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য বলেন,
সমবেত প্রতিবাদে প্রথম সার্কুলারটি সংশোধন করলেও এই সার্কুলারের বলে বাস্তবে সরকারি কর্মচারী, সরকার অধিগৃহীত সংস্থা, আধা-সরকারি সংস্থা, কর্পোরেশনের কর্মীদের সংবিধান প্রদত্ত মতামত প্রকাশের অধিকারকে হরণ করা হল। তাঁরা সরকারের কোনও পদক্ষেপকে সমালোচনা করতে পারবেন না, পূর্ব-অনুমতি ছাড়া পত্র-পত্রিকায় লিখতে বা সম্পাদনা করতে পারবেন না, মিডিয়া বিতর্কে অংশ নিতে পারবেন না। ইতিপূর্বে কেন্দ্রীয় সরকারের অধীন কর্মরত কর্মচারীদের জন্য এটা বলবৎ থাকলেও আমাদের রাজ্যে তা কার্যকর ছিল না। নবনির্বাচিত রাজ্য সরকার সেই অধিকারগুলি হরণ করতে চলেছে। এর দ্বারা সরকার বাস্তবে রাজ্য সরকারি কর্মচারীদের সরকারের তল্পিবাহকে পরিণত করতে চাইছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি এবং অবিলম্বে এই কালা সার্কুলার প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
সাথে সাথে আমরা দলমত নির্বিশেষে সকল সরকারি কর্মচারী, শ্রমজীবী মানুষ সহ সাধারণ মানুষকে এই সার্কুলারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।