Breaking News

হরিয়ানায় মহাসমাবেশে আন্দোলনের ঘোষণা

২৬ অক্টোবর হরিয়ানার রোহতকে কৃষক-শ্রমিক-ছাত্র-যুব-মহিলা মহাসমাবেশ অনুষ্ঠিত হল। এখান থেকে ঘোষিত হল আগামী চার মাসের আন্দোলন কর্মসূচি।

৩ নভেম্বর জেলাভিত্তিক একটি স্মারকলিপি সরকারকে জমা দেওয়ার সিদ্ধান্ত হয়। দাবিগুলি হল– ন্যূনতম সহায়ক মূল্যে (এমএসপি) বাজরা ও ধান সংগ্রহ, সময়মতো সুলভ ও খাঁটি সার ও বীজের জোগান, গুড়গাঁও ও নুহ সহ বিদ্যুৎ বেসরকারিকরণের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা, সম্মিলিত মালিকানাধীন জমি দখল এবং ভূমি একত্রীকরণ প্রকল্পের উপর নিষেধাজ্ঞা, ফসল ক্ষতির জন্য একর প্রতি ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ, ৮ ঘণ্টার কর্মদিবস চালু করা এবং সমস্ত প্রকল্প কর্মীদের সরকারি কর্মচারীর মর্যাদা প্রদান এবং মিড-ডে মিল, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী সহ সকল শ্রমিকের জন্য ৪২ হাজার টাকা মাসিক বেতন, সরকারি বিদ্যালয়গুলির মানোন্নয়ন, মাদকের অপব্যবহার রোধ, পঞ্চায়েত কর বাতিল করা এবং রাজ্যে হরিয়ানা রোডওয়েজের বাসের সংখ্যা বাড়িয়ে সাশ্রয়ী ও সহজলভ্য বাস পরিষেবা নিশ্চিত করা।

সমাবেশের আরও দাবি বেসরকারি বাসে প্রবীণদের জন্য অর্ধেক ভাড়া চালু করা ও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাস, জনগণের জন্য উপদ্রব হয়ে ওঠা ফ্যামিলি আইডি প্রকল্প বাতিল এবং সম্পত্তি আইডি-সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান। দু’মাসের মধ্যে এই দাবিগুলি না মানলে ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসের বিধানসভা অধিবেশনের সময় জেলা পর্যায়ে তীব্র প্রতিবাদ সংগঠিত করা হবে। এই মহা সমাবেশে উপস্থিত এআইকেকেএমএস-এর সর্বভারতীয় সভাপতি এবং সংযুক্ত কিসান মোর্চার বিশিষ্ট নেতা কমরেড সত্যবান, শহিদ-ই-আজম ভগত সিং-এর ভাইঝি গুরজিত কৌর, প্রখ্যাত অর্থনীতিবিদ জেএনইউ-র অবসরপ্রাপ্ত অধ্যাপক অরুণ কুমার, এআইইউটিইউসি-এর সর্বভারতীয় সহ-সভাপতি অরুণ কুমার সিং ও রাজ্য সভাপতি কমরেড রাজেন্দ্র সিং অ্যাডভোকেট, স্কিম ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদক ইসমত আরা খাতুন, কৃষক নেতা ওমপ্রকাশ ধনখড়, ছাত্রনেতা শ্রেয়া, যুবনেতা হরিশ কুমার ও অনুপ সিং প্রমুখ সমাবেশে বক্তব্য রাখেন।