Breaking News

দিল্লি ব্রিকস সম্মেলনঃ সাম্রাজ্যবাদী-পুঁজিবাদী বিশ্বের অভ্যন্তরীণ দ্বন্দ্বের দাবা খেলা

একে অপরের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা, বাণিজ্যিক শর্ত নিয়ে দর-কষাকষির পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে কয়েকটি পুঁজিবাদী দেশ যুক্ত হয়ে বিভিন্ন জোট তৈরি করে। অতীতে মার্কিন নেতৃত্বাধীন সাম্রাজ্যবাদী শিবিরের পাশাপাশি যখন সোভিয়েত সমাজতান্ত্রিক শিবিরের অস্তিত্ব ছিল, সেই সময়েও উদীয়মান জাতীয় রাষ্ট্রগুলি দুই শিবিরের কোনওটিরই সম্পূর্ণ প্রভাবাধীন না হয়ে দুটি থেকেই সুবিধা আদায় করতে জোট নিরপেক্ষ আন্দোলনে যুক্ত হয়ে নিজস্ব সংঘ গড়ে তুলেছিল। পরবর্তী কালে গড়ে উঠেছে ‘আসিয়ান’, ‘সার্ক’ ইত্যাদি জোট। গত ১২-১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হয়ে গেল এমনই একটি জোট ‘ব্রিকস’-এর শীর্ষ সম্মেলন।

ব্রিকস গঠনের ইতিহাস

সোভিয়েত সমাজতন্ত্রের বিলুপ্তির পর বর্তমান একমেরু বিশ্বে মার্কিন সাম্রাজ্যবাদের আধিপত্য প্রকট। চিনও পুঁজিবাদের পথে এগিয়ে এখন সাম্রাজ্যবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে এবং শক্তির নিরিখে দিনে দিনে মার্কিন সাম্রাজ্যবাদের সামনে চ্যালেঞ্জ হিসাবে দাঁড়িয়ে যাচ্ছে। এই বিশ্ব পরিস্থিতিতে মার্কিন সাম্রাজ্যবাদ ও ইউরোপের শক্তিধর দেশগুলির আধিপত্যের বিরুদ্ধে দাঁড়িয়ে যৌথ ভাবে নিজেদের বক্তব্য তুলে ধরার উদ্দেশ্যে উদীয়মান বৃহৎ অর্থনীতির দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চিনকে নিয়ে ২০০৬ সালে গড়ে ওঠে ‘ব্রিক’ (বিআরআইসি)। পরে ২০১০-এ দক্ষিণ আফ্রিকা যোগ দিলে দেশটির আদ্যাক্ষর নিয়ে এই জোটের নাম হয় ‘ব্রিকস’। এর সদস্য হিসাবে ভারতের লক্ষ্য– রাশিয়া ও চিন, উভয় দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যে আমেরিকা ও ইউরোপের দেশগুলির সঙ্গে দর কষাকষির ক্ষমতা বাড়ানো।

মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী ও ইন্দোনেশিয়াকে যুক্ত করে বর্তমানে ব্রিকসের সদস্য সংখ্যা ১১। এ ছাড়া বেলারুশ, বলিভিয়া, কিউবা, উগান্ডা সহ আরও ১০টি দেশ দিল্লির ১৮তম শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছিল। ভারত গত ১ জানুয়ারি ব্রিকসের সভাপতির পদ পেয়েছে। ফলে সারা বছর ধরে ভারত ছিল ব্রিকসের আলোচ্যসূচির কেন্দ্রে। এই পরিস্থিতিতে বিচার করে দেখা যাক সংবাদমাধ্যমে বিপুল প্রচারের বাইরে এই সম্মেলন থেকে কী কী অর্জিত হল।

ব্রিকস শীর্ষ সম্মেলনের অর্জন

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার, বিশ্ব বাণিজ্য সংস্থা ইত্যাদি সংস্থাগুলির পুনর্গঠনের দাবি উঠেছে দিল্লির শীর্ষ সম্মেলনে। এই সংস্থাগুলির ওপর মার্কিন আধিপত্য কমিয়ে ‘গ্লোবাল সাউথ’-এর অন্তর্ভুক্ত উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির দেশগুলির কণ্ঠস্বর জোরালো করার উদ্দেশ্য এ থেকে স্পষ্ট। শীর্ষ সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর যুক্তিসঙ্গত নিয়ন্ত্রণ জারি করা, ব্রিকসের ডিজিটাল তথ্যভাণ্ডারের পরিকাঠামো তৈরি করা এবং প্রযুক্তি ও বিরল খনিজগুলিকে যুদ্ধাস্ত্র তৈরিতে কাজে না লাগানো ইত্যাদির ওপর জোর দেওয়া হয়েছে। সম্মেলনে গাজার ওপর আক্রমণ ও সেখানকার বাসিন্দাদের উচ্ছেদ বন্ধ করার দাবি তোলা হয়েছে। পশ্চিমী (পড়ুন আমেরিকার) একতরফা অবরোধ জারির সমালোচনা করে এ বারের সম্মেলনে আলোচনার মাধ্যমে রাজনৈতিক ভাবে রাশিয়া-ইউক্রেন সমস্যা সমাধানের কথা বলা হয়েছে। শীর্ষ সম্মেলনে একতরফা সংরক্ষণমূলক শুল্ক চাপানো এবং দমনমূলক অর্থনৈতিক পদক্ষেপেরও সমালোচনা করা হয়েছে।

ইরান ও ইউক্রেনে চলা যুদ্ধ নিয়ে ব্রিকসের সদস্য দেশগুলির অবস্থানের পার্থক্য আছে। পরিণামে সম্মেলনের পর যে যৌথ ঘোষণাপত্রটি প্রকাশিত হয়েছে, তাতে আপসের ছাপ স্পষ্ট। ইরানের ওপর আমেরিকা-ইজরায়েলের হামলার সামান্য নিন্দাও না করে এই ঘোষণাপত্রে মধ্য এশিয়ায় সংযম দেখানোর কথা বলা হয়েছে। আমেরিকার নাম উল্লেখ না করে ঘোষণাপত্রে আন্তর্জাতিক বাণিজ্য-যুদ্ধের সমালোচনা করা হয়েছে। একই ভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে দেশে দেশে বিরোধ মীমাংসার জন্য ঘোষণাপত্রে ‘মত বিনিময়, আলোচনা ও কূটনীতি’র ঢালাও নিদান দেওয়া হয়েছে, কিন্তু গত চার বছর ধরে ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে আসা সত্ত্বেও রাশিয়ার নামোল্লেখ পর্যন্ত করা হয়নি। ফলে ব্রিকসের সদস্য হিসাবে রাশিয়াকে অস্বস্তির মধ্যে পড়তে হয়নি। ইউক্রেনের সঙ্গে যুদ্ধের কারণে গত চার বছর ধরে রাশিয়া ব্যাপক ভাবে পশ্চিমী অবরোধের মুখে পড়ে রয়েছে। এ দিকে ইরানের ওপর আমেরিকা ও ইজরায়েলের আক্রমণের ফলে বিশ্ব জুড়ে জ্বালানি তেলের জোগানে ব্যাপক সংকট দেখা দিলে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে ভারত সেখান থেকে অবাধে তেল আমদানির সুযোগ নিয়েছে।

উল্লেখ করা প্রয়োজন, গত বছরে রিও ডি জেনেইরোতে ব্রিকস শীর্ষ সম্মেলনে ইরানে মার্কিন ও ইজরায়েলি হানার নিন্দা করে এই হামলাকে ‘আন্তর্জাতিক আইনের চরম লংঘন’ বলে নিন্দা করা হয়েছিল। এ বারের ঘোষণাপত্রে, সম্ভবত ভারতের আগ্রহেই বিষয়টিকে এড়িয়ে যাওয়া হয়েছে। ভারতের অবস্থান স্পষ্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জোর দিয়ে জানিয়েছেন যে, ব্রিকসকে স্রেফ একটা পশ্চিমী শক্তিবিরোধী জোট বলে মনে করা ঠিক হবে না। আন্তর্জাতিক ক্ষেত্রে গ্লোবাল সাউথভুক্ত দেশগুলির গুরুত্ব বৃদ্ধির সওয়াল করতে গিয়ে তিনি বলেছেন, ‘ব্রিকস কোনও দেশেরই বিরুদ্ধে নয়’। উল্লেখ্য, গত মে মাসে ব্রিকসভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা যুদ্ধ প্রসঙ্গে ঐকমত্যে আসতে পারেননি। ইরান ব্রিকসের সদস্য দেশ। আবার যে দেশে স্থাপিত মার্কিন সামরিক ঘাঁটিগুলির ওপর ইরান আক্রমণ চালিয়েছে সেই সংযুক্ত আরব আমিরশাহিও ব্রিকসের সদস্য। যাই হোক, শীর্ষ সম্মেলনে বেসামরিক এলাকা এবং শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য ‘আইএইএ’ অনুমোদিত পরমাণু কেন্দ্রগুলিকে লক্ষ্য করে হামলার নিন্দা করা হয়েছে খানিকটা ভাসা ভাসা ভাবে। ঘোষণাপত্রের ভাষা থেকে বোঝা যায়, এর উদ্দেশ্য, ইরানের পরমাণু কেন্দ্রগুলির ওপর আমেরিকা ও ইজরায়েলের হামলার পরোক্ষ নিন্দা। সম্ভবত রাশিয়া ও চিনের অনুরোধেই এই কাজ করা হয়েছে।

অবশ্য প্যালেস্টাইন সম্পর্কে এ বারের ব্রিকস সম্মেলনে অনেক সোজাসাপ্টা ভাষা ব্যবহার করা হয়েছে। প্যালেস্টিনীয়দের নিজেদের বাসভূমি থেকে উচ্ছেদের তীব্র বিরোধিতা করার পাশাপাশি গাজায় ইজরায়েলের গণহত্যা বন্ধ করা ও ত্রাণ পাঠানো বাধাহীন করার দাবি তোলা হয়েছে ব্রিকসের ঘোষণাপত্রে। ১৯৬৭-র সীমান্ত সংক্রান্ত সিদ্ধান্ত মেনে সার্বভৌম প্যালেস্টাইন রাষ্ট্র গঠন করে দ্বিরাষ্ট্র নীতির মাধ্যমে ইজরায়েল-প্যালেস্টাইন সমস্যার সমাধানের কথাও বলা হয়েছে। বিষয়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ, বিজেপি কেন্দ্রের ক্ষমতায় বসার পর গণঘাতী ও ইহুদিবাদী ইজরায়েলের সঙ্গে ভারতের সখ্যতা যথেষ্ট বেড়েছে, দুই দেশের মধ্যে যুদ্ধাস্ত্র কেনা-বেচাও বিপুল পরিমাণে বেড়েছে। এই অবস্থায় সম্ভবত অন্য সদস্য দেশগুলির চাপে পড়েই ভারত ঘোষণাপত্রে প্যালেস্টাইনে ইজরায়েলের বর্বর হানাদারির নিন্দা করার বিষয়টি এড়িয়ে যেতে পারেনি। ইরানের ওপর মার্কিন হামলা চলা সত্ত্বেও যৌথ ঘোষণাপত্রে ইরানের উপস্থিতি এবং সে ব্যাপারে ভারতের সহমত হওয়ার বিষয়টিও লক্ষ করার মতো।

ডলারের আধিপত্য কমানোর চেষ্টা

উল্লেখযোগ্য বিষয় হল, দিল্লিতে এ বারের ব্রিকস শীর্ষ সম্মেলনে বিশ্ববাজারে ডলারের একচেটিয়া আধিপত্য কমানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। বর্তমানে জ্বালানি তেল কেনাবেচায় বিশ্বের অধিকাংশ ক্ষেত্রেই ডলার ব্যবহৃত হয়। এমনকি রাশিয়া থেকে তেল কেনার সময়েও ভারতকে ডলারেই দাম দিতে হয়। মার্কিন আগ্রাসনের মুখে পড়ার আগে ইরাক ডলারের বদলে ইউরোয় তেল কেনাবেচা শুরু করেছিল। ইরানও ২০০৭-’০৮ সাল থেকে ডলারের বদলে চিনের মুদ্রা ইউয়ানে, ইউরোপীয় ইউনিয়নের মুদ্রা ইউরোয়, কিংবা বিভিন্ন দেশের ক্ষেত্রে বিভিন্ন রকম বিনিময় ব্যবস্থার মাধ্যমে তেল বেচাকেনা শুরু করেছে। অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের আধিপত্য ধীরে ধীরে কমার সম্ভাবনা দেখা দিয়েছে। দিল্লির ব্রিকস শীর্ষ সম্মেলনেও যোগদানকারী দেশগুলো ডলার-নির্ভরতা কমিয়ে আঞ্চলিক মুদ্রায় ব্যবসা-বাণিজ্য চালানোর সুযোগ কি ভাবে বৃদ্ধি করা যায়, তার রাস্তা খুঁজেছে। এর জন্য ২০১৫-তে ব্রিকস প্রতিষ্ঠিত ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক’-এর কার্যকারিতা বাড়ানোর দিকে জোর দেওয়ার কথা বলা হয়েছে দিল্লি সম্মেলনে।

আমেরিকা ও অন্য সাম্রাজ্যবাদী-পুঁজিবাদী দেশের মধ্যে দ্বন্দ্বের বৃদ্ধি

এ সব থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিকসের অন্তর্ভুক্ত সাম্রাজ্যবাদী-পুঁজিবাদী দেশগুলির মধ্যেকার ক্রমবর্ধমান দ্বন্দ্ব স্পষ্ট হয়। ডলারের আধিপত্য কমে যাওয়ার অর্থ বিশ্ব অর্থনীতি-রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাধান্য হ্রাস পাওয়া। আন্তর্জাতিক বাণিজ্য, বিশেষ করে জ্বালানি তেল কেনাবেচায় বিনিময় মাধ্যম হিসাবে ডলারের ব্যবহার কমে গেলে মার্কিন-অর্থনীতি ধাক্কা খাবে, কঠিন অর্থনৈতিক অবরোধ জারি করে, আমদানি শুল্ক বাড়িয়ে কিংবা সামরিক আগ্রাসন চালিয়ে তার বিশ্বজোড়া আধিপত্য বিস্তারের অপচেষ্টাও ব্যর্থ হবে।

রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে দাপট খাটানোর বিরুদ্ধে বিভিন্ন দেশের ক্ষোভের আঁচ পেয়ে এমনিতেই মার্কিন যুক্তরাষ্ট্র আগের অবস্থান থেকে খানিকটা পিছু হটেছে। কিছুদিন আগেও কোনও দেশ রাশিয়া থেকে তেল আমদানির সাহস দেখালেই যে আমেরিকা আমদানি শুল্ক বিপুল বাড়িয়ে দেওয়ার হুমকি দিত, আচমকা ভোল পাল্টে সে নিজেই রাশিয়া থেকে তেল কেনার কথা ঘোষণা করেছে। রুশ তেল কিনলে শাস্তিমূলক শুল্ক বৃদ্ধির আইনটিকেও গত অক্টোবরে বাতিল করেছে আমেরিকা। ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ভারত এবং তার পরেই মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও দুই দেশের মধ্যেকার বাণিজ্য চুক্তি পাকা করতে ভারতে এসেছেন। এ সব থেকে বোঝা যায়, শক্তিধর প্রতিদ্বন্দ্বী চিনের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠতা যাতে খানিকটা কমানো যায়, আমেরিকা সে ব্যাপারে আগ্রহী। বাস্তবে মার্কিন যুক্তরাষ্ট্র কখনওই ইউরোপ ও এশিয়ার দেশগুলির সম্মিলিত বিরোধিতার মুখে পড়তে চায় না। কারণ, সে ক্ষেত্রে এই দেশগুলির ওপর ডলারের আধিপত্য আরও কমবে এবং গ্লোবাল সাউথভুক্ত দেশগুলির কাছে নতুন বাজারের সম্ভাবনা খুলে যাবে। ফলে ইউরোপ ও এশিয়ার দেশগুলির রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক দিক দিয়ে একজোট হওয়াকে মার্কিন সাম্রাজ্যবাদ আটকাতে চায় যাতে বর্তমান পুঁজিবাদী বিশ্বে তার একচেটিয়া আধিপত্য বজায় থাকে। অন্যদিকে চিন ও রাশিয়া সহ ইউরোপের দেশগুলিও মার্কিন যুক্তরাষ্ট্রের এই একাধিপত্যের বিরোধী। সব মিলিয়ে বিশ্ব জুড়ে পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী দেশগুলির মধ্যে নিজের নিজের দেশের একচেটিয়া মালিকদের মুনাফা সর্বোচ্চ করার লক্ষ্যে বাজার দখলের এই দ্বন্দ্ব চলছেই, বিশ্ব সমাজতান্ত্রিক শিবিরের ভাঙনের পর বুর্জোয়া পণ্ডিতরা যে দ্বন্দ্ব অদৃশ্য হওয়ার কথা বলেছিলেন। মনে রাখা দরকার, এই দ্বন্দ্বের সঙ্গে পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী দেশগুলির জনসাধারণের জীবনের ভালো-মন্দের কোনও সম্পর্ক নেই।

ভারতের অবস্থান

ভারত কোনও স্পষ্ট অবস্থান নেয়নি। শুধু আঞ্চলিক শক্তি হয়ে না থেকে বিশ্বের অন্যতম শক্তিধর দেশ হয়ে ওঠার উদগ্র বাসনায় ভারত মার্কিন সাম্রাজ্যবাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে ভীষণ ভাবে ব্যগ্র। সেই কারণে ভারত আমেরিকার শুল্ক চাপানোর নির্দেশের কাছে নতি স্বীকার করছে, ইজরায়েলের সঙ্গে হাত মেলাচ্ছে এবং ২০০৪ সালে আমেরিকা, অস্ট্রেলিয়া, ভারত ও জাপানকে নিয়ে যে ‘কোয়াড’ জোট গড়ে উঠেছে, তার সদস্যদের সঙ্গে সামরিক মহড়ায় অংশ নিচ্ছে। অন্য দিকে চিন যাতে উপসাগরীয় দেশগুলির বাজার দখল করতে না পারে, সে জন্য আমেরিকা সেখানে ভারতকে খানিকটা ঢুকতে দিতে চাইছে। সেই কারণেই রাশিয়া থেকে তেল আমদানি করলে ১০০ শতাংশ শুল্ক চাপানোর হুমকি সত্ত্বেও ভারতকে রুশ তেল আমদানির সুযোগও দিচ্ছে আমেরিকা। রাশিয়ার সঙ্গে ভারতের ইতিমধ্যেই দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বিপুল– ৬৮.৭ বিলিয়ন বা ৬৮৭০ কোটি ডলার। খুব স্বাভাবিক কারণেই রাশিয়া ভারতের এই বাজার খোয়াতে চাওয়া দূরে থাক, বরং বাড়াতেই চায়। ভারতও রাশিয়ায় তার ওষুধপত্র, রাসায়নিক ও ইঞ্জিনিয়ারিং দ্রব্য সহ অন্যান্য উৎপাদিত সামগ্রীর রপ্তানির পরিমাণ বাড়ানোর পাশাপাশি জ্বালানি তেল আমদানির রাস্তাটি খোলা রাখতে চায়। এই কারণেই ব্রিকস শীর্ষ সম্মেলনে রাশিয়ার ইউক্রেন আক্রমণ নিয়ে ভারত মুখ খোলেনি।

আবার চিনের সঙ্গে ভারতের সম্পর্কে জটিলতা রয়েছে। দু’দেশের মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী সীমান্ত সমস্যা। এশিয়া ও আফ্রিকার বাজার নিয়ে চিনের সঙ্গে ভারতের দ্বন্দ্ব প্রকট। দুই প্রতিবেশী পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে চিনের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতাতেও ভারতের উদ্বেগ রয়েছে। এই অবস্থায় ‘কোয়াড’-এর সদস্য হিসাবে আমেরিকা, অস্ট্রেলিয়া ও জাপানের সঙ্গে ঘনিষ্ঠতার জোরে চিনের সামনে নিজের অবস্থান জোরালো করার চেষ্টা করছে ভারত। পাশাপাশি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের সঙ্গে টক্কর দিয়ে নিজের আধিপত্য বিস্তারও তার আর একটি লক্ষ্য। তা ছাড়া, পাকিস্তানের ভিতর দিয়ে ‘চায়না-পাকিস্তান ইকনমিক করিডর’ (সিপিইসি) নামে এক বিপুলায়তন পরিকাঠামো তৈরি করছে চিন যার ভূকৌশলগত গুরুত্ব বিপুল। হাইওয়ে, রেলপথ, পাইপলাইনের ৩ হাজার কিলোমিটারের এই নেটওয়ার্কের মাধ্যমে চিনের কাশগরের সঙ্গে পাকিস্তানের বালুচিস্তানে আরব সাগরে গভীর সমুদ্র বন্দর গ্বদর পোর্টের যোগাযোগ তৈরি হবে। এটি চালু হলে মালাক্কা প্রণালী না ছুঁয়েই চিন সরাসরি ভারত মহাসাগরের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের বাজারের সঙ্গে আমদানি-রপ্তানির কাজ চালাতে পারবে। চিনের সিপিইসি-র সঙ্গে পাল্লা দিতে ইরানে যে চাবাহার বন্দর তৈরি করছে ভারত, গ্বদর বন্দর তা থেকে মাত্র ৭৫ কিলোমিটার দূরে, যা ভারতের জন্য উদ্বেগের বিষয়। কিন্তু এত কিছু সত্ত্বেও চিনকে চটাবার পরিস্থিতিতে নেই ভারত, কারণ দেশের সবচেয়ে বেশি আমদানি হয় চিন থেকেই এবং রাসায়নিক দ্রব্য, কাঁচামাল, ইলেকট্রনিক্স ও বৈদ্যুতিক সাজ-সরঞ্জাম ইত্যাদি গুরুত্বপূর্ণ পণ্যের জন্য ভারত চিনের ওপর অনেকটাই নির্ভরশীল। এ ছাড়া মার্কিন ডলারের নিরিখে ভারতীয় টাকার দাম ক্রমাগত পড়ে যাওয়া আটকাতে ভারত মাঝে মাঝেই আঞ্চলিক মুদ্রা, অর্থাৎ রুপি বা চিনের ইউয়ানের মতো মুদ্রার সাহায্যে অন্য দেশের সঙ্গে বাণিজ্য চালায়। এই কারণেও চিনের সঙ্গে বন্ধন দৃঢ় করার প্রয়োজন রয়েছে ভারতের। প্রকাশিত খবর অনুযায়ী, মার্কিন মদতপুষ্ট জায়নবাদী ইজরায়েলের সঙ্গে যথেষ্ট বন্ধুত্ব থাকা সত্ত্বেও মূলত চিনের আগ্রহেই ভারত দিল্লির ব্রিকস শীর্ষ সম্মেলনের যৌথ ঘোষণাপত্রে সার্বভৌম প্যালেস্টাইনের বিষয়টি অন্তর্ভুক্ত করতে রাজি হয়েছে।

বিপুল শক্তিধর দেশ হয়ে ওঠার সম্ভাবনা নিয়ে চিন যে ভাবে উঠে আসছে, তাতে উদ্বিগ্ন মার্কিন যুক্তরাষ্ট্র কিছুদিন আগেই নিজের দেশে চিনের প্রেসিডেন্টকে সাড়ম্বরে সম্বর্ধনা জানিয়েছেন। যদিও চিন সম্পর্কে নীতিগত ক্ষেত্রে এখনও বিশেষ বদল ঘটাননি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সাম্রাজ্যবাদী অতি শক্তিধর দেশগুলি এ ভাবেই সাময়িক হলেও নিজেদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করে নেয়, যতদিন না নতুন কোনও দ্বন্দ্ব আবার তাদের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। বিশ্ব বাজার দখলে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী হওয়া সত্ত্বেও চিনের প্রেসিডেন্টকে যে ভাবে মার্কিন প্রেসিডেন্ট আমেরিকায় অভ্যর্থনা জানিয়েছেন, ওয়াকিবহাল মহল তার পিছনে দিল্লির ব্রিকস শীর্ষ সম্মেলনের প্রভাব দেখছেন।

শীর্ষ সম্মেলনগুলিতে যা ঘটে

ব্রিকসের মতো আন্তর্জাতিক বা আঞ্চলিক জোটের শীর্ষ সম্মেলনগুলিতে এ ভাবেই সাম্রাজ্যবাদী-পুঁজিবাদী একটি দেশের সঙ্গে অন্য দেশের, আবার সেই অন্য দেশটির সঙ্গে অন্য আরও কয়েকটি দেশের ভিতরকার দ্বন্দ্ব ও সমন্বয়, টানা-পোড়েন ইত্যাদির প্রতিফলন দেখতে পাওয়া যায়। মরতে বসা সাম্রাজ্যবাদী-পুঁজিবাদী ব্যবস্থার বাজার সংকট যত তীব্র হয়, তাদের মধ্যেকার দ্বন্দ্ব নানা ভাবে স্পষ্ট হয়ে ওঠে। ফলে, ব্রিকস যে গ্লোবাল সাউথভুক্ত উন্নয়নশীল পুঁজিবাদী পুঁজির দেশগুলির ঐক্যবদ্ধ রাজনৈতিক কণ্ঠস্বর নয়— এ বিষয়ে কোনও সন্দেহ নেই। বরং এ ভাবে বোঝা ভালো যে, ব্রিকসের মতো জোটগুলি আসলে বিভিন্ন সাম্রাজ্যবাদী-পুঁজিবাদী দেশের নিজস্ব রাজনৈতিক-অর্থনৈতিক শক্তিবৃদ্ধি এবং নিজের নিজের দেশের একচেটিয়া পুঁজিমালিকদের স্বার্থে যতটা সম্ভব দর-কষাকষি করার মঞ্চ, যেখান থেকে দেশে দেশে নানা বিষয়ে কখনও সমঝোতা হয়, আবার কখনও মতবিরোধ ঘটে। কিন্তু এ কথাও বোঝা দরকার যে, এ সবের সঙ্গে বিশ্বের শত শত কোটি খেটে-খাওয়া জনসাধারণের ভালো-মন্দের কোনও সম্পর্কই কার্যত নেই।

নিপীড়িত জনসাধারণের স্বার্থে কিছু নেই

অর্থাৎ দিল্লির যে ব্রিকস শীর্ষ সম্মেলন নিয়ে বেশ ক’দিন ধরে সংবাদমাধ্যম সরগরম হয়ে থাকল, তা থেকে ভারত কিংবা ব্রিকসের সদস্য দেশগুলির জীবনযন্ত্রণায় জর্জরিত শোষিত-নিপীড়িত জনসাধারণের আশা করার কিছু নেই। সমাজতান্ত্রিক বিশ্বের অনুপস্থিতিতে তীব্র সাম্রাজ্যবাদী-পুঁজিবাদী শোষণ থেকে মুক্তির জন্য তাদের আজ সবচেয়ে বেশি যা প্রয়োজন, তা হল বিশ্ব জুড়ে দেশে দেশে ঐক্যবদ্ধ ও শক্তিশালী সাম্রাজ্যবাদ-পুঁজিবাদবিরোধী সংগ্রাম, যার নেতৃত্বে থাকবে যথার্থ কমিউনিস্টরা এবং সমর্থন জোগাবেন বুদ্ধিজীবীরা সহ সর্বস্তরের গণতান্ত্রিক চেতনাসম্পন্ন মানুষ।