
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। এই প্রথম তিনি প্রকাশ্যে একটা গুরুতর সত্য স্বীকার করলেন। এতদিন যিনি মুখ খুললেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলা ভারতের ঢাক-বাদ্য শোনা যেত, এই প্রথম বার তাঁর মুখে শোনা গেল, আসলে দেশের বেহাল দশা। সর্বসমক্ষে তিনি স্বীকার করলেন যে, দেশের তরুণদের হাতে কাজ নেই। যাদের কাজ আছে, তাদের মজুরি যৎসামান্য। কৃষিক্ষেত্রের অবস্থা শোচনীয়। এমনকি যে শিল্পপতিদের জন্য তাঁর জান কবুল, তাঁরা পর্যন্ত বাইরে শত শত কোটি ডলার পুঁজি বিনিয়োগ করছেন অথচ দেশে কল-কারখানা গড়ে তুলছেন না।
১৯ নভেম্বর দেশের বৃহৎ পুঁজির মালিকদের সংগঠন ‘ফিকি’-র বার্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খানিকটা অভিযোগের সুরে শিল্পপতিদের প্রশ্ন করেছেন— গত কয়েক বছরে কর্পোরেট করের হার বিপুল পরিমাণে কমানো হয়েছে, ১২ লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত করে দেওয়া হয়েছে– তা সত্ত্বেও তাঁরা কর্মী নিয়োগ বাড়াননি কেন? মালিকদের মুনাফা ব্যাপক বৃদ্ধি পাওয়া সত্ত্বেও কেনই বা বাড়েনি শ্রমিকদের মজুরি?
প্রধানমন্ত্রীর এই ‘ভোল বদল’ দেখে মানুষ বিস্মিত। তবে তার চেয়ে বেশি তাঁরা ক্ষুব্ধ। মানুষ জানতে চায়, দেশের খেটে-খাওয়া জনসাধারণের এই দুরবস্থার কথা কি নরেন্দ্র মোদিজির জানা ছিল না? বছরে দু কোটি বেকারের চাকরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় বসেছিলেন তিনি। গত ১২ বছরে সে প্রতিশ্রুতি হাওয়ায় মিলিয়ে গেছে। দেশ জুড়ে বেকার সমস্যা এমন চেহারা নিয়েছে যে, কেন্দ্রের বিজেপি সরকার কর্মসংস্থানের সরকারি পরিসংখ্যান প্রকাশ করাই বন্ধ করে দিয়েছে। এতদিন ধরে ‘বিকশিত ভারতে’র প্রচারে ফোলানো ফানুস হাওয়ায় ভাসিয়ে আজ মোদিজি কর্মহীনতার প্রসঙ্গ তুলছেন কেন?
ভয়াবহ বেকার সমস্যার পাশাপাশি সরকারি পরিসংখ্যানই বলছে, গত বেশ কয়েক বছর ধরে নিচুতলার শ্রমিক-কর্মচারীদের প্রকৃত মজুরির হার বাড়েনি বললেই চলে। অথচ এই সময়েই একচেটিয়া কোম্পানিগুলির বিপুল মুনাফা আগেকার সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। কোম্পানির উচ্চপদস্থ কর্মীদের সঙ্গে সাধারণ শ্রমিক-কর্মচারীদের আয়ের ব্যাপক ফারাক তৈরি হয়েছে।
শিল্পপতিদের সভায় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে মনে হওয়া স্বাভাবিক যে, দেশের ভয়াবহ বেকার সমস্যা, অত্যন্ত নিচু মজুরির হার ইত্যাদি নিয়ে তিনি ভীষণ উদ্বিগ্ন। কিন্তু গত ১২ বছরের শাসনকালে এ উদ্বেগ তাঁর কোথায় ছিল? বেকার সমস্যা নিয়ে যদি সত্যিই তিনি উদ্বিগ্ন হতেন, তা হলে তাঁরা সরকারি সংস্থাগুলিতে লক্ষ লক্ষ পদ ফাঁকা রেখেছেন কেন? কেনই বা বেসরকারি প্রতিষ্ঠানের মতো সরকারি সংস্থাগুলিতেও আজ স্থায়ী কর্মীর সংখ্যা ক্রমাগত কমছে? নতুন পদ সৃষ্টি করার বদলে কেন দপ্তরে দপ্তরে শূন্য পদগুলি বাতিল করে আগামী দিনেও কাজ পাওয়ার সুযোগ দেশের তরুণ সমাজের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে নরেন্দ্র মোদির সরকার? এমনকি সৈন্যবাহিনীতেও কেন ঠিকা শ্রমিকের মতো করে ‘অগ্নিবীর’ প্রকল্পে চুক্তিবদ্ধ সেনা নিয়োগ হচ্ছে?
আরও আশ্চর্যের বিষয়, নতুন নিয়োগ না হওয়া এবং অতি কম মজুরির প্রশ্ন প্রধানমন্ত্রী তুলছেন শিল্পপতিদের বৈঠকে! দেশের যুবসমাজের রোজগারের ব্যবস্থা করার দায়িত্ব তো তাঁর এবং তাঁর সরকারের! এত বছর ধরে ক্ষমতায় থেকে সেই দায় শেষপর্যন্ত তিনি ঠেলে দিচ্ছেন পুঁজিপতিদের দিকে! তিনি কি জানেন না, পুঁজিবাদী রাষ্ট্রে পুঁজিপতিদের যাবতীয় কর্মকাণ্ডের একমাত্র লক্ষ্য সর্বোচ্চ ব্যক্তিগত মুনাফা অর্জন? শুধুমাত্র মুনাফা বাড়ানোর প্রয়োজনেই মালিকরা শ্রমিক নিয়োগ করে। যদি দেখা যায়, শ্রমিকের বদলে প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে দিলে খরচ কমে, মুনাফা বাড়ে— মালিকরা তৎক্ষণাৎ শ্রমিক নিয়োগ কমিয়ে দেয় শুধু নয়, সম্পূর্ণ নির্দ্বিধায় শ্রমিকদের ছাঁটাইও করে। দেশের বেকার সমস্যার তীব্রতা বৃদ্ধি, কিংবা ছাঁটাই শ্রমিকের পরিবার-পরিজন নিয়ে পথে বসার দুশ্চিন্তার দায় পুঁজিবাদী রাষ্ট্রে মালিকরা নেয় না। সেই দায়িত্ব নেওয়ার কথা ক্ষমতাসীন সরকারের। গত ১২ বছর ধরে নরেন্দ্র মোদি এবং তাঁর সরকার সে দায়িত্ব বিন্দুমাত্র পালন করা দূরে থাক, দিন আনা-দিন খাওয়া কোটি কোটি মানুষের দুঃসহ জীবনযন্ত্রণা একটুখানিও অনুভব করেছেন কি?
তা তাঁরা করেননি। ভোটে ফায়দা তুলতে মানুষকে ভোলানোর উদ্দেশ্যে শুধু দেশের উন্নয়নের মিথ্যা প্রচারের ঢাক পিটিয়ে গেছেন, আর শ্রমিক-শোষণের তীব্রতা বাড়িয়ে খনি, বন্দর, অরণ্য, সমুদ্র, নদী সহ দেশের বিপুল সম্পদ অবাধে তুলে দিয়েছেন মুনাফা-লুটেরা পুঁজিপতিদের হাতে। কারণ, এই পুঁজিবাদী রাষ্ট্রের ক্ষমতায় টিকে থাকতে হলে পুঁজিমালিকদের অনুগ্রহ না পেলে চলে না। এ দিকে দেশের সাধারণ মানুষের মতো মন্ত্রী-নেতাদের বড় বড় ভাষণে আর মিথ্যা প্রতিশ্রুতিতে পুঁজিপতিরা ভোলে না। তাঁদের লেনদেনের হিসাব পরিষ্কার। তাই শুধু ব্যাঙ্ক, বিমা, রেল, বিমানবন্দর কিংবা খনির মতো লাভজনক সরকারি সংস্থাগুলি মালিকদের হাতে তুলে দেওয়াই নয়, হাজার হাজার সাধারণ মানুষকে উচ্ছেদ করে, তাদের ঘরবসতি ধ্বংস করে, পরিবেশ বিপন্ন করে হলেও গোটা দেশের সমস্ত সম্পদ বিনা দ্বিধায় আদানি, আম্বানিদের মতো একচেটিয়া পুঁজিপতিদের হাতে তুলে দিয়েছেন নরেন্দ্র মোদিরা। জনসাধারণের জীবন-জীবিকার বিন্দুমাত্র পরোয়া করেননি। কারণ এটাই পুঁজিবাদী রাষ্ট্রব্যবস্থার নিয়ম। রাষ্ট্রের মালিক পুঁজিপতি শ্রেণির রাজনৈতিক ম্যানেজার হিসাবে তাদের মুনাফা অটুট রাখার দায়িত্ব পালন করাই সরকারের মূল কাজ।
যাঁদের মুনাফা লুঠের রাস্তা প্রশস্ত করতে নিজের ও নিজের সরকারের সর্বশক্তি নিয়োগ করেছেন প্রধানমন্ত্রী, দেশের জনসাধারণের জীবন দুর্বিষহ করে ক্রমাগত তীব্র হতে থাকা শোষণের বেড়াজালে বিনা দ্বিধায় ঠেলে দিয়েছেন, আজ সেই পুঁজিপতিরা দেশের বদলে বিদেশে পুঁজি বিনিয়োগ করছেন বলে অভিযোগ তুললে তো চলবে না! পুঁজির তো এটাই স্বাভাবিক নিয়ম! দেশের তুলনায় বিদেশে বিনিয়োগে যদি বেশি মুনাফা লাভের সুযোগ থাকে, সেই সুযোগ তো পুঁজিমালিকদের ছাড়ার কথা নয়!
এই সরল সত্য প্রধানমন্ত্রী জানেন না এমনও নয়। তা সত্তে্বও ফিকির বার্ষিক বৈঠকে তাঁর এই নাকিকান্না কেন? যাঁদের সেবায় নিজের সর্বশক্তি নিবেদন করেছেন প্রধানমন্ত্রী, সেই তাঁদেরকেই কেন তাঁকে বলতে হল— ‘আপনাদের খিদে এত বেশি যে যতই খাওয়াও, পেট আর ভরে না’? আসলে মিথ্যা প্রচারের ফানুসটিকে ফোলানোর শেষ সীমায় পৌঁছে গেছেন প্রধানমন্ত্রী ও তাঁর দলবল। গোটা দেশের বাস্তব পরিস্থিতি ও অর্থনৈতিক অবস্থা বাস্তবিকই চরম বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে। বেকারি, মূল্যবৃদ্ধি, শিক্ষা ও চিকিৎসার সুযোগহীনতা, গৃহহীন মানুষের বিপুল সংখ্যাবৃদ্ধি, নারী নির্যাতনের ঘটনার অকল্পনীয় বাড়াবাড়ি, গোটা দেশ জুড়ে চলা দুর্নীতি ও নৈরাজ্য, সাম্প্রদায়িক হানাহানি, অপদার্থ প্রশাসন– সব কিছু মিলিয়ে দেশের ৮০ ভাগ মানুষের জীবনযন্ত্রণা সমস্ত সীমা ছাড়িয়েছে। পুঁজির শোষণে জর্জরিত মানুষের ক্রয়ক্ষমতা তলানিতে ঠেকেছে। দিকে দিকে যখন তখন যে কোনও বিষয়কে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়ছে মানুষ। তরুণসমাজ নরেন্দ্র মোদি সরকারের দিকে অভিযোগের আঙুল তুলে প্রতিটি অবিচার, প্রতিটি অন্যায়ের জবাব চাইছে। মাঝে মাঝেই আন্দোলনে উত্তাল হয়ে উঠছে দেশ। এ দিকে বিজেপির দুর্গ উত্তরপ্রদেশ সহ আরও কয়েকটি রাজ্যে এগিয়ে আসছে বিধানসভা নির্বাচন। লোকসভা নির্বাচনও বিশেষ দূরে নয়। এই অবস্থায় উদ্বেগে, দুশ্চিন্তায় পা কাঁপছে প্রধানমন্ত্রী ও তাঁর সঙ্গী নেতা-মন্ত্রীদের।
ফলে জনসাধারণের প্রতি নিজেদের ভালবাসা ও দায়বদ্ধতা প্রচারের ঢাক এ বার কাঁধে নিতেই হয়েছে নরেন্দ্র মোদিকে। বেকার সমস্যা ও শ্রমিকদের নিম্ন মজুরিতে তাঁর সরকার কতখানি উদ্বিগ্ন, তা দেখানোর সময় এসেছে। ফিকির বৈঠকে শ্রমিকদরদ প্রকাশের পাশাপাশি নিজের সরকারের ব্যর্থতার দায় তাই অতি-ঘনিষ্ঠ শিল্পপতিদের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছেন তিনি। আবার প্রভুরা যাতে বিরূপ না হন তাই ফিকির বৈঠকে উদার কণ্ঠে মোদিজি শিল্পপতিদের কাছে আহ্বান করেছেন, তাঁর পরিশ্রমের ফায়দা তুলতে। সত্য স্বীকার করে স্পষ্ট বলেছেন, ‘সব কিছু তো আপনাদের জন্যই করছি আমি’।
বাস্তবেই গত ১২ বছর ধরে নরেন্দ্র মোদি সরকারের যাবতীয় কর্মকাণ্ড শুধু পুঁজিপতিদের লাভের দিকে তাকিয়েই চলেছে। জনসাধারণের জন্য তাঁরা বরাদ্দ করেছেন শুধু উন্নয়নের মিথ্যা প্রচার। আজ প্রবল সংকটের মুখে দাঁড়িয়ে এতদিন ধরে ঢেকে রাখা সেই সত্য শেষপর্যন্ত স্বীকার করতেই হল প্রধানমন্ত্রীকে।