
এত দিন বাংলার মানুষ আঙুল তুলত উত্তরপ্রদেশের দিকে। কিন্তু পশ্চিমবঙ্গে গত তিন মাসে তিনটি, তার মধ্যে একই দিনে দুটি এনকাউন্টারের ঘটনা সেই আঙুলটাই যেন মুচড়ে দিল। বিচার বহির্ভূত হত্যায় আর ফারাক থাকল না উত্তরপ্রদেশ আর বাংলায়। কৃতিত্ব অবশ্যই রাজ্যে নব অধিষ্ঠিত বিজেপি সরকারের।
দুটি ঘটনায় অভিযুক্তরা দুই নাবালিকার ধর্ষণ-খুন, অন্যটি বিজেপির এক কর্মী খুনে ধৃত। বিচার এখনও হয়নি। তার সুযোগও আর থাকল না। তিনটি ক্ষেত্রেই পুলিশের অভিযোগ অপরাধীরা পুলিশের রিভলবার কেড়ে নিয়ে পুলিশকেই হত্যা করার চেষ্টা করেছিল এবং পুলিশ আত্মরক্ষায় গুলি চালিয়ে অভিযুক্তদের হত্যা করেছে। তিনটি ঘটনাই ঘটেছে মাঝরাতে, লোকচক্ষুর আড়ালে এবং ঘটনার পর পুলিশের বয়ান প্রতিটি ক্ষেত্রে প্রায় একই রকম। একটি ঘটনাতেও সরকারি কর্তাব্যক্তিদের পুলিশের বিরুদ্ধে কোনও নিন্দাবাক্য শোনা যায়নি। বরং ঘটনার পর নেতা-মন্ত্রীদের অনেকেই একের পর এক বিবৃতি দিয়ে উল্লাস প্রকাশ করেছেন। বলেছেন, অপরাধীদের উপযুক্ত শাস্তিই হয়েছে এবং ভবিষ্যতেও এমন ঘটনায় একই রকম শাস্তি হবে। বোঝা যায়, কর্তাদের ইচ্ছাতেই কর্ম।
দেশ জুড়ে ধর্ষণ, খুন, নারী নির্যাতনের বাড়বাড়ন্তে মানুষ অতিষ্ঠ। বছরের পর বছর কেটে যাচ্ছে, অধিকাংশ ক্ষেত্রেই অপরাধীদের শাস্তি পেতে দেখা যাচ্ছে না। অপরাধের ক্রমবর্ধমান হার আর বিচারহীনতায় ক্ষুব্ধ ও হতাশ সাধারণ মানুষের একটা অংশ ‘ধরো আর খতম করো’ নীতিতে খানিকটা যেন খুশি। তাঁরা ভাবছেন, এ ভাবে অপরাধীদের খতম করে দিলে দুষ্কৃতীরা ভয় পাবে, অপরাধ কমবে। সত্যই এমন ঘটে? বিচার প্রক্রিয়ার কোনও তোয়াক্কা না করে পুলিশের হাতেই অভিযুক্তকে হত্যা করার অধিকার দিলে অপরাধ-প্রবণতা কমে এমন কোনও তথ্য-প্রমাণ নেই। যে উত্তরপ্রদেশে যোগী শাসনকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর আদর্শ হিসাবে গ্রহণ করেছেন, সেখানকার পরিসংখ্যান বলছে, যখন সেখানে লাগাতার এনকাউন্টার চলেছে তখনও সেখানে অপরাধের সংখ্যা কমার কোনও লক্ষণ দেখা যায়নি। ন্যাশনাল ক্রাইম রেকর্ড বুরোর (এনসিআরবি) সর্বশেষ রিপোর্ট, ‘ক্রাইম ইন ইন্ডিয়া, ২০২৪’-এ তেমন কোনও ইঙ্গিত মেলেনি। ওই রিপোর্ট বলছে, ২০২২ থেকে ২০২৪, এই তিন বছরে উত্তরপ্রদেশে অপরাধ বেড়েছে। ২০২২ সালে উত্তরপ্রদেশে মোট অপরাধ (আইপিসি এবং বিএনএস মিলিয়ে) ছিল ৪,০১,৭৮৭টি। ২০২৩ সালে তা বেড়ে হয়েছিল ৪,২৮,৭৯৪টি। ২০২৪ সালে তা হয় ৪,৩০,৫৫২টি (আবাপ ২৯ অক্টোবর, ’২৬)। এ রাজ্যেও ক্ষমতায় বসা থেকে মুখ্যমন্ত্রী এবং তাঁর সহযোগীদের মুখে ‘মেরে ফেলব’, ‘উল্টো করে ঝুলিয়ে মারব’, ‘জেলে ঢুকিয়ে দেব’ এই জাতীয় হুঙ্কার দেওয়ার পরও গত কয়েক মাসে যে পরিমাণ অপরাধ সংগঠিত হয়েছে, তা সরকারি নীতির ব্যর্থতাই স্পষ্ট করে।
বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে, এনকাউন্টারগুলির পর জনতার একাংশ খুশি হয়ে যতই পুলিশকে বাহবা দিক, ঘটনাগুলির কোনওটিই পুলিশের মস্তিষ্কপ্রসূত নয়। মুখ্যমন্ত্রী ক্ষমতায় বসার আগে থেকে এমন অপরাধীদের ‘সকালে জমা বিকালে খরচের’ কথা বলে আসছেন। এবং তিনি এ ব্যাপারে যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার পথই অনুসরণ করবেন তা-ও ঘোষণা করেছিলেন। অর্থাৎ অপরাধীদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যে আইনি প্রক্রিয়াকে বৃদ্ধঙ্গুষ্ঠ দেখিয়ে ‘ধরো আর খতম করো’তেই বেশি আস্থাশীল, তা তিনি স্পষ্ট করে দিয়েছেন। ফলে মুখ্যমন্ত্রী এবং অন্য সরকারি নেতা-মন্ত্রীদের উস্কানি এবং প্ররোচনাই যে পুলিশকে এ কাজে সাহস জুগিয়েছে, তা নিয়ে কোনও সন্দেহ থাকার কথা নয়।
বারুইপুরে এনকাউন্টারে মূল অভিযুক্তকে হত্যা করার পর বোঝা গিয়েছিল তার কাছে থাকা অনেক তথ্য তার মৃত্যুর সাথেই হারিয়ে গেল। স্থানীয় বিজেপি নেতাদের বিরুদ্ধে ওঠা বহু অভিযোগও তার মধ্যে আছে বলে জানা গিয়েছিল। গাইঘাটার ক্ষেত্রেও জানা গেল না অন্য আরও কেউ এই অপরাধে জড়িত ছিল কি না। এনকাউন্টার সত্য উদঘাটনেই বাধা দেয় সবচেয়ে বেশি। অথচ এই মুখ্যমন্ত্রীই আগের সরকার সম্পর্কে বলেছিলেন যে, সেই সরকার আইনের সরকার ছিল না, তাঁরা ক্ষমতায় এলে আইনের শাসন প্রতিষ্ঠা করবেন। মুখ্যমন্ত্রীর এই জমা-খরচের নীতি কি আইনের শাসন প্রতিষ্ঠার নমুনা? মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে ক্ষমতায় বসেছেন, তাঁর এই নীতি তো সরাসরি আইনের শাসনেরই লঙ্ঘন!
এনকাউন্টার বা বিচারহীন খুনের কোনও আইনি বৈধতা নেই। ভারতীয় দণ্ডবিধি বা বর্তমান ন্যায়সংহিতার কোথাও এনকাউন্টার শব্দটির কোনও আইনি সংজ্ঞা নেই। বরং সংবিধানের ২১নং অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রয়েছে, যা আইনি প্রক্রিয়া ছাড়া কেড়ে নেওয়া যায় না। আইন অনুযায়ী এনকাউন্টার করা যায় কেবল মাত্র ব্যতিক্রমী পরিস্থিতিতে। পুলিশের মুখের কথায় নয়, বিশ্বাসযোগ্য ভাবে প্রমাণ করতে হবে যে, একদল সশস্ত্র পুলিশের বিরুদ্ধে নিরস্ত্র হাতকড়া পরানো অভিযুক্তরা কী ভাবে ব্যতিক্রমী অর্থাৎ জীবন বিপন্ন করার পরিস্থিতি তৈরি করেছিল।
ধর্ষণ-খুনের মতো অপরাধে দোষীদের কঠোর শাস্তি নাগরিক মাত্রেরই দাবি। কিন্তু সেই শাস্তি তো আইনের পথ বেয়েই হওয়া দরকার। আইনের পথ অনেক সময় দীর্ঘ হয়ে পড়ে। এই দীর্ঘসূত্রতার অন্যতম কারণ বিচারকেরবহু পদ শূন্য। আবার তদন্তকারী পুলিশের গাফিলতি, দুর্নীতি কিংবা অপদার্থতায় কিংবা ক্ষমতাশালীদের দাপটে অভিযুক্তরা অনেক সময় জামিন পেয়ে যায়। সাক্ষীদের চাপ দিয়ে বিরূপ করে তোলে। কিন্তু সেই কারণ দেখিয়ে তো এনকাউন্টার বৈধতা পেতে পারে না। এই দীর্ঘসূত্রতার দায় কার? এগুলো থেকে বিচারপ্রক্রিয়াকে বাঁচানোর দায়িত্ব কি সরকারের নয়? সরকার তা করে না বলেই তিক্ত অভিজ্ঞতা থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কেউ কেউ বিচার ব্যবস্থার উপর আস্থা হারিয়ে ফেলেন। এবং মনে করেন, এত বিচার-টিচারের দরকার নেই, এনকাউন্টারই উচিত প্রক্রিয়া। সমাজের যে অংশটি আজ এনকাউন্টারে উল্লাস প্রকাশ করছেন, তাঁদের গভীর ভাবে ভেবে দেখতে হবে, এর পরিণাম ভয়াবহ! যে পুলিশি দুর্নীতি কিংবা গাফিলতির জন্য অপরাধীরা অনেক সময়ই ছাড়া পেয়ে যায়, এনকাউন্টার কিন্তু সেই পুলিশকেই সর্বেসর্বা করে দেয়। অথচ শাসন ব্যবস্থায় পুলিশ এবং বিচারব্যবস্থা সম্পূর্ণ পৃথক দুটি বিভাগ।
মনে রাখতে হবে, বেশির ভাগ সময়েই ক্ষমতায় আসীন শাসক দল এবং তার নেতা-মন্ত্রীদের স্বার্থেই পুলিশ কাজ করে। এনকাউন্টারকে সামাজিক ছাড়পত্র দিলে শাসক নেতারা, ক্ষমতাবানরা এই পুরো প্রক্রিয়াটাকেই তাঁদের স্বার্থে কাজে লাগাতে থাকবেন। তখন এমনকি সরকারের নীতির বিরোধিতা করলে, কোনও নেতা-মন্ত্রীর দুর্নীতি দলবাজি স্বজনপোষণের বিরোধিতা করলেও তাকে ‘দেশবিরোধী’, ‘বাংলাদেশি’, ‘পাকিস্তানের দালাল’, ‘দিমাগি’ প্রভৃতি কোনও একটা ছাপ মেরে দিয়ে তার উপর এনকাউন্টার যে হবে না তার কোনও গ্যারান্টি নেই।
অপরাধ যত ভয়ঙ্করই হোক, অভিযুক্তকে বিচারপ্রক্রিয়ার মধ্য দিয়ে দোষী সাব্যস্ত না করে শাস্তি দেওয়া যায় না। আইনের শাসনের গোড়ার কথা হল প্রত্যেক ব্যক্তির, এমনকি ভয়ঙ্কর অপরাধীরও মানবাধিকার রক্ষার এবং বিচার পাওয়ার অধিকার রয়েছে। আবার এমন ঘটনা আকছার ঘটে যে, কোনও অপরাধের বিরুদ্ধে জনমত বা গণবিক্ষোভ তীব্র হলে কোনও নিরপরাধ মানুষকে ধরে এনেও পুলিশ নিজের অপদার্থতা আড়াল করে মুখ রক্ষা করে। তাই পুলিশ কাউকে গ্রেফতার করলেই নির্বিচারে তাকে দোষী বলা যায় না। আদালতে তার দোষ প্রমাণ হওয়া চাই।
শাসক বিজেপি এনকাউন্টারের বিরোধিতাকে অপরাধীর প্রতি সমর্থন হিসাবে জনসমক্ষে দেখাতে চাইছে। বাস্তবে জনগণের মধ্যে ভীতি তৈরিই এর লক্ষ্য। সেই ভীতি এমনই যে, নিহত এক অভিযুক্তের মা তাঁর সন্তান সত্যিই দোষী কি না সে প্রশ্নও তুলতে পারছেন না। অভিযোগকেই বিচার বলে মেনে নিতে হচ্ছে। বাস্তবে মায়ের এই অসহায়তা ভীতিকর পরিস্থিতিরই ফল। কিন্তু শাসকদের এই মিথ্যাচারে রাজ্যের সাধারণ মানুষের একটি অংশও যদি নির্বিচারে গলা মেলায় তবে তা শাসকদের স্বৈরাচারকেই শক্তিশালী করবে। মনে রাখতে হবে, শাসক এবং শাসিতের নৈতিক বুদ্ধি যদি এক হয়ে যায় তবে তার চেয়ে সর্বনাশ আর কিছু নেই।