
উত্তর ২৪ পরগনার গাইঘাটায় কিশোরী খুন ও ধর্ষণে অভিযুক্ত যুবকের পুলিশের এনকাউন্টারে মৃত্যু সম্পর্কে এস ইউ সি আই (সি)-র রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ২৭ অক্টোবর এক বিবৃতিতে বলেন,
পুলিশ বেষ্টনীর মধ্যে থেকে হাতে শেকল বাঁধা অবস্থায় অভিযুক্ত কী ভাবে পুলিশের সার্ভিস রিভলবার কেড়ে নিল তা বোঝা কঠিন। বারুইপুরে যেমন মূল অভিযুক্ত হিসাবে যাকে মনে হয়েছিল তাকে হত্যা করেছিল, এখানেও তার পুনরাবৃত্তি ঘটল। অর্থাৎ বারুইপুরের এনকাউন্টার হত্যায় পুলিশ যে চিত্রনাট্য তৈরি করেছিল তার সঙ্গে গাইঘাটার কোনও পার্থক্য নেই। ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী যে বলেছিলেন ‘সকালে জমা বিকালে খরচ’ তাই বারবার করে দেখানো হচ্ছে। বিচার প্রক্রিয়ায় না গিয়ে এ ভাবে এনকাউন্টার করে অভিযুক্তকে হত্যা করা হলে অপরাধের সাথে অন্য কেউ যুক্ত থাকলে তার তদন্ত কেমন করে হবে? এর দ্বারা অভিযুক্তের আত্মপক্ষ সমর্থনের সুযোগ যা ন্যায়বিচারের অঙ্গ তাকেই অস্বীকার করা হচ্ছে। এর সাথে আইনি শাসনেরই বা কোন সম্পর্ক আছে? আমরা অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি, কিন্তু এনকাউন্টার হত্যার নামে ন্যায়বিচার ব্যাহত করার এই ব্যবস্থারও তীব্র বিরোধিতা করছি। অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই ‘এনকাউন্টার’ হত্যার প্রকৃত তথ্য উদঘাটনেরও দাবি করছি।’