
শিক্ষকদের রাজনৈতিক যোগ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য বিস্ময়কর। শিক্ষকরা ভোটার লিস্ট তৈরি করতে পারবেন, নির্বাচন কমিশনের নির্দেশমতো ভোট পরিচালনার দায়িত্বে থাকতে পারবেন, পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবেন, কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নয়া ফতোয়া– তাঁরা আর ভোটে দাঁড়াতে পারবেন না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এখন থেকে যাঁরা নতুন শিক্ষক হবেন তাঁদের নির্বাচিত হওয়ার সাংবিধানিক অধিকার, বিভিন্ন সংস্থায় প্রতিনিধিত্ব করার অধিকার থাকবে না। তাঁরা রাজনীতি করতে পারবেন না। মুখ্যমন্ত্রী অবশ্য বলেছেন, আগে নিযুক্ত সরকার-পোষিত শিক্ষকদের ভোটে দাঁড়ানোর অধিকার থাকবে। কিন্তু বিজেপি জমানায় যে কোনও দিন যে সে অধিকার উবে যেতে পারে, তা বুঝতে এখন আর কারও অসুবিধা নেই। রাজ্যের ৪২টি সরকারি স্কুলের শিক্ষক বা শিক্ষাকর্মীরা ভোটে দাঁড়াতে পারেন না। কারণ তাঁরা নাকি সরকারি কর্মী। তা হলে বাদবাকি স্কুলে নতুন যাঁরা শিক্ষক হবেন, তাঁদের সরকারি কর্মীর স্বীকৃতি ও সুবিধা দেওয়া হবে তো? তা যদি না হয়, তা হলে এই ফরমান কেন?
মুখ্যমন্ত্রীর যুক্তি, ভারতের আর কোনও রাজ্যে শিক্ষকরা সরাসরি রাজনীতির সঙ্গে থাকেন না। তাঁর দ্বিতীয় যুক্তি, আগের সরকার দুটি পশ্চিমবঙ্গকে বৃহত্তর বাংলাদেশ তৈরি করার চেষ্টা করেছে। সেই জায়গা থেকে শিক্ষা ব্যবস্থা, শিক্ষার প্রাঙ্গণ, শিক্ষক শব্দের মর্যাদা ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছি। (সূত্র ঃ আনন্দবাজার পত্রিকা ২৯ অক্টোবর ২০২৬)
দুটো যুক্তিই যে একেবারে ভিত্তিহীন, তা বলার অপেক্ষা রাখে না। অন্য রাজ্যে শিক্ষকদের রাজনীতি করার অধিকার নেই, এখানে থাকবে কেন এটা কুযুক্তি ছাড়া কিছু নয়। শিক্ষকরা শিক্ষিত সমাজের বড় অংশ। দেশের ভালমন্দ নিয়ে এই শিক্ষিত জনসমষ্টি চিন্তাভাবনা করে রাজনৈতিক গতিপথ নির্ধারণের মধ্য দিয়ে সমাজপ্রগতিতে ভূমিকা পালন করবেন এটাই তো প্রত্যাশতি? পশ্চিমবঙ্গকে বৃহত্তর বাংলাদেশ গঠনের যে বিষয়টির অবতারণা বিজেপি করে থাকে তার সঙ্গে ভাবী শিক্ষকদের অধিকার লোপাটের কী সম্পর্ক? মুখ্যমন্ত্রী কি মনে করেন, এ রাজ্যে যাঁরা শিক্ষক হওয়ার জন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, পরীক্ষা দিচ্ছেন, তাঁরা বৃহত্তর বাংলাদেশ গঠনের ষড়যন্তে্রর সঙ্গে যুক্ত? এই অনুমান তিনি কীসের ভিত্তিতে করলেন? তাঁর এই হ-য-ব-র-ল টাইপ বক্তব্যে আদৌ কোনও যুক্তি আছে কি?
শিক্ষকদের রাজনীতি করা নিয়ে কিছু মানুষের মধ্যেও রয়েছে বিভ্রান্তি। কেউ বলছেন, শিক্ষকের কাজ শিক্ষকতা করা, তাঁরা রাজনীতি করবেন কেন? কেউ তাঁদের দায়িত্বজ্ঞানহীন বলে দাগিয়ে দিয়ে বলছেন রাজনীতি করতে চাইলে চাকরি ছেড়ে করুন। কোথাও কোনও শিক্ষককের দায়িত্ববোধে ঘাটতি থাকতে পারে। সেখানে তার জন্য নজরদারি ও শাস্তির ব্যবস্থা নেওয়ার দায় তো সরকারেরই। সরকারের সে পরিকাঠামো বহু আগেই নষ্ট হয়ে গেছে। কিন্তু সেটাকে অজুহাত করে সমস্ত সরকারি বা সরকার পোষিত স্কুলের শিক্ষকদের দায়িত্বজ্ঞানহীন বলে চিহ্নিত করে দেওয়া যায় কি? কোনও শিক্ষক যদি এর প্রতিবাদ করেন সেটাকেই বলা হবে রাজনীতি!
স্কুলে শিক্ষাদানের কাজ যথায হচ্ছে না–এ কথা যাঁরা বলেন, তাঁদের এই উদ্বেগ যথাযথ। কিন্তু তাঁদের একটা কথা বুঝতে হবে সরকার এই শিক্ষকদের দিয়ে কত রকম শিক্ষাবহির্ভূত কাজ করায়, যার ফলে শিক্ষকদের ক্লাসে পড়ানো বিঘ্নিত হয়। ভোটার লিস্ট তৈরি করা, জনগণনা করা, এই জাতীয় অসংখ্য সরকারি কাজ শিক্ষকদের দিয়ে করানোর হয়। শিক্ষকরা তো বরাবরই দাবি তুলেছেন, এমনিতেই স্কুলে শিক্ষক সংখ্যা কম, তাঁদের দিয়ে অন্য কাজ করানো বন্ধ করা হোক। সরকার শুনেছে কি? হাজার হাজার সরকারি শিক্ষকপদ শূন্য পড়ে আছে বছরের পর বছর ধরে। এটুকু পূরণ করার দায়িত্ব কি সরকারের নয়? সরকার তা করেছে কি? ফলে স্কুলে যে শিক্ষা যথাযথ হচ্ছে না তার জন্য দায়ী একমাত্র শিক্ষকরা এ কথা ঠিক নয়। এ জন্য মূলত দায়ী সরকার, সরকারি নীতি। পাশ-ফেল তুলে দেওয়ার নীতি, ইংরেজি তুলে দেওয়ার নীতি– শিক্ষার বেসরকারিকরণ এগুলি তো শিক্ষকরা আনেননি, এনেছে সরকার। এর ফলে শিক্ষার যে ক্ষতি হয়েছে এর দায় কি সরকার অস্বীকার করতে পারে? এই সব সমস্যাগুলি দূর করার জন্য শিক্ষক-অভিভাবক-সাধারণ নাগরিকদের একযোগে দাবি তুলতে হবে।
আসলে সরকারের নানা অপকর্ম নিয়ে শিক্ষকরা যাতে সরব না হন, এজন্য তাঁদের মুখ বন্ধ করতে চাইছে সরকার। শিক্ষকরা সমাজের একটা উচ্চশিক্ষিত অংশ যাঁরা জনমত তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের চেতন সত্তায় তালা লাগিয়ে দেওয়াই সরকারের উদ্দেশ্য। এটা বিজেপির ‘দিমাগি’ দমনের ধুরন্ধর কৌশল ছাড়া কিছু নয়। দেশের কোনটা ভাল, কোনটা ক্ষতিকারক, সরকারের কোন কোন সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী, এ সব নিয়ে এই শিক্ষিত অংশকে চুপ করিয়ে দেওয়ার লক্ষ্যেই শুভেন্দু অধিকারীদের এই রাজনৈতিক এবং চূড়ান্ত স্বৈরাচারী সিদ্ধান্ত। সরকার লক্ষ করেছে, কেন্দ্রের ছাত্রস্বার্থবিরোধী জাতীয় শিক্ষানীতি ২০২০-র বিরুদ্ধে এই শিক্ষকরাই প্রতিবাদের ধ্বনি তুলেছেন। শিক্ষক সমাজই সরকারি শিক্ষানীতির বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে জনগণের বিকল্প শিক্ষানীতি তৈরি করেছেন। এটা কি বিজেপির মতো একটা একনায়কতন্ত্রবাদী দলের সরকার সহ্য করতে পারে? তাই গণতন্ত্রকে হত্যার এত আয়োজন।
শিক্ষকরা রাজনীতি করবে কেন, এই প্রশ্নটি ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক। কারণ শিক্ষক সহ কোনও মানুষই বাস্তবে রাজনীতির বাইরে নেই। রাজনীতি মানে তো শুধু ভোটে দাঁড়ানো, মিছিল মিটিং সভা সমাবেশ নয়। সমাজব্যবস্থা, রাষ্ট্রব্যবস্থা কী ভাবে চলবে, এর অর্থনীতি কী হবে, সরকার দেশের কল্যাণে কোন নীতি নেবে এ সব ঠিক করাই রাজনীতি। সরকারও তো একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, যেটি পরিচালিত হয় প্রধান শাসক দলের রাজনীতি দ্বারা। শিক্ষক সিলেবাসে কী পড়াবেন, কোন ইতিহাস পড়াবেন, তা বিকৃত না খণ্ডিত সবই ঠিক করছে সরকার। বিজ্ঞানের নামে কোন বুজরুকি পড়ানো হবে তাও ঠিক করে দিচ্ছে সরকার। শিক্ষকদের কাজ হয়ে দাঁড়িয়েছে কেন্দ্র বা রাজ্যে ক্ষমতাসীন শাসক দলের শিক্ষাসংক্রান্ত রাজনৈতিক সিদ্ধান্ত কার্যকর করা। এটা কি রাজনীতি নয়? এটা শাসক দলের রাজনীতি। শিক্ষকরা, এমনকি সরকারি স্কুলের শিক্ষকরাও সেই সরকারি রাজনীতিই নিঃশব্দে সকলের অন্তরালে করে চলেছেন। তা হলে যেটা দাঁড়াল, সরকারবিরোধী রাজনীতি শিক্ষকরা করতে পারবেন না। মোদ্দা কথা এটাই।
রাজনীতি থেকে সুশিক্ষিত নম্র, ভদ্র ব্যক্তিরা নানা অজুহাতে সরে দাঁড়ালে রাজনীতি কারা করবে? বিভিন্ন সংস্থায় প্রতিনিধিত্ব কারা করবে? লোকসভা বিধানসভায় জনস্বার্থ নিয়ে সওয়াল করবে কারা? সরকারের জনবিরোধী নীতি, বাজেট ইত্যাদি চুলচেরা বিশ্লেষণ করে জনগণের স্বার্থ নিয়ে জোরালো সওয়াল করবে কারা? এখন লোকসভা এবং বিধানসভার সদস্যদের নিজেদের দেওয়া হলফনামা বিচার করলে দেখা যায়, এদের বেশিরভাগই নানা সমাজবিরোধী কাজের সাথে যুক্ত, খুনের আসামি, কেউ ধর্ষণের সঙ্গে যুক্ত। এদের বেশিরভাগই কোটি কোটি টাকার মালিক। শিক্ষকদের রাজনীতিতে আটকালে লোকসভায় বিধানসভায় তো সমাজবিরোধী সাংসদ-বিধায়কদের দাপট আরও বাড়বে। যারা নিজেরা আইন মানে না, অ্যান্টি সোসাল কাজকর্ম করে ক্রিমিনাল হিসেবে চিহ্নিত, তারাই লোকসভায় বিধানসভায় জনগণের জন্য আইন তৈরি করবে, এই স্তরের লোকেদের শাসনে শিক্ষিতদের মাথা নত করে থাকতে হবে–এর চেয়ে দুর্ভাগ্য আর কী হতে পারে!
সাহিত্যিক, শিক্ষক, ছাত্র, আইনজীবী কেউই রাজনীতি করবে না– স্বাধীনতা আন্দোলনের সময়ও একদল বিভ্রান্ত মানুষ এমন গাওনা গেয়েছিল। তার জবাব দিয়ে সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন, ‘তোমাদের নির্দেশ মতো সাহিত্যিক যদি বলেন–‘‘আমি সাহিত্যিক, সাহিত্য নিয়েই থাকব, রাজনীতিতে যোগ দেব না, তাহলে উকিল ব্যারিস্টাররাও তো বলতে পারেন –আমরা আইন ব্যবসায়ী, মামলা মোকদ্দমা নিয়েই থাকব, রাজনীতিতে যোগ দেব না। ছেলেরা বলবে আমরা ছাত্র পড়াশুনা নিয়েই থাকব। রাজনীতির মধ্যে যাব না; তা হলে রাজনীতিটা করবে কারা শুনি’?’(ছন্নছাড়া মহাপ্রাণ) শুধুই পড়তে শেখানো? শিক্ষকদের অন্যতম কাজ হল ছাত্রকে প্রশ্ন করতে শেখানো। পাঠ্যবিষয় সহ সব কিছু নিয়ে প্রশ্ন করা শিক্ষার অন্যতম পাঠ। প্রশ্ন করতে পারা একটা চেতনাকে নির্দেশ করে। যে শিক্ষক শাসকের কাছে নতজানু, তার বশংবদ, তিনি ছাত্রের নৈতিক মেরুদণ্ড তৈরি করবেন কী করে? প্রশ্ন করা শেখাবেন কী করে, কৌতূহল জাগাবো কী করে?
উত্তরপ্রদেশে সদ্য অনুষ্ঠিত বিধানপরিষদ নির্বাচনে শিক্ষক এবং স্নাতকদের কেন্দ্রের বিজেপি প্রার্থীর পরাজয় নিয়ে সে রাজ্যের এক বিজেপি মন্ত্রী বলেছেন, এটা শিক্ষিতদের ভোট ছিল বলে আমরা হেরেছি। কী অকপট স্বীকারেক্তি! কিন্তু কী বেরিয়ে এল? জনগণের অজ্ঞতাই যে শাসকের শক্তির উৎস, সেটাই স্পষ্ট হল। শিক্ষকদের রাজনীতি থেকে দূরে রাখার এটাও একটা কারণ।
ফলে শাসকদলের সস্তা চটকদারি প্রচারে বিভ্রান্ত না হয়ে গভীরে ভাবতে হবে এবং ষড়যন্ত্রের মুখোশ খুলে দিতে হবে। না হলে আগামী দিনে আরও গভীর অন্ধকার নেমে আসবে। ইতিমধ্যেই পরিবর্তনের ডবল ইঞ্জিন সরকারের কার্যকলাপে এ রাজ্যে যে অমাবস্যা নেমে এসেছে, তার বিরুদ্ধে আজ জোরদার আন্দোলন দরকার।