Breaking News

প্রজন্মের নয়, সংস্কৃতির সংকট—শিবদাস ঘোষ

‘‘…যারা সংস্কৃতিগত, আদর্শগত আন্দোলনকে অবহেলা করে শুধু রাজনৈতিক এবং অর্থনৈতিক কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে চাইছে, তাতে কাজ হবে না। এ ক্ষেত্রে বাড়তি বিপত্তিটা হচ্ছে, যদি মানুষের আকাঙক্ষা আমরা মেটাতে ব্যর্থ হই, তা হলে যে হতাশা আসবে, সেই পথ বেয়ে চরম প্রতিক্রিয়াশীল শক্তি, স্বৈরতন্ত্র, ধর্মান্ধতা প্রবল বেগে ঢুকে পড়বে। তাই সংস্কৃতিগত মানকে কোনও মতেই অবহেলা করা যায় না বলেই আমরা এর উপর বিশেষ জোর দিচ্ছি। তা না হলে বুঝতে পারা যাবে না, কেন আমরা রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, রেনেসাঁস, মানবতাবাদ, তার সঙ্গে কমিউনিজমের নীতি-নৈতিকতা, দর্শন নিয়ে এত চর্চা করছি। আমরা চাইছি, একদিকে রাজনৈতিক কর্মীদের সাংস্কৃতিক মানটাকে তোলা, আর একটা হচ্ছে, গোটা দেশে প্রগতিশীল শক্তিগুলিকে ঐক্যবদ্ধ করে তাদের মধ্যেও এই চর্চাকে প্রসারিত করা। আপনারা লক্ষ করে দেখবেন, নেতাজির মূর্তিতে মালা দিয়ে এসেই শ্যামবাজারের মোড়ে দাঁড়িয়ে নেতাজির সমর্থকরা মেয়েদের উত্যক্ত করতে শুরু করে। লালঝান্ডা পার্টির লোকেরা লালঝান্ডা তুলে স্লোগান দিয়ে এসেই, লালঝান্ডা হাতে নিয়ে অন্যদের বোমা মারতে শুরু করে। ফলে আমরা একটা বিপদের মুখে দাঁড়িয়ে আছি। সমাজতন্ত্রেও এই বিপদটা বুঝে চিন সাংস্কৃতিক বিপ্লবের কর্মসূচি গ্রহণ করেছে। কিন্তু রাশিয়ার অভিজ্ঞতা ভাল নয়। লেনিন-স্ট্যালিনের পার্টির দেশে বর্তমানে নতুন প্রজন্মের মধ্যে পশ্চিমী দুনিয়ার সংস্কৃতি, উদ্দেশ্যহীনতা, বেপরোয়া ভাব জন্মগ্রহণ করছে। শুনলে অবাক হতে হয়, সমাজতত্ত্ববিদরা এবং মনোবিদরা বিশ্লেষণ করে দেখেছেন, সমাজতান্ত্রিক দুনিয়ার যুব প্রজন্মের বর্তমান প্রবণতা উদ্বেগজনক। তারা কী করে বেড়ায়, তারই একটা চিত্র তারা দিয়েছে। তারা আর কমিউনিস্ট আদর্শে অনুপ্রাণিত হচ্ছে না। তারা লক্ষ্যহীন, উদ্দেশ্যহীন, বেপরোয়া হয়ে যাচ্ছে। তাদের বেশি আগ্রহ হচ্ছে, মিনি স্কার্ট পরা, মদ খাওয়া, মাতাল হওয়ার প্রতি। এই যে লক্ষ্যহীন বেপরোয়া ভাব, যেটা ইউরোপের সমাজে ব্যাপক আকার নিয়েছে, আমাদের দেশে এখনও এত ব্যাপক আকার নেয়নি– এটা একটা মারাত্মক বিপদ হিসাবেই আসছে। আমাদের দেশেও মধ্যবিত্ত শ্রেণির শিক্ষিত পরিবারগুলোর যুবক-যুবতীদের মধ্যে, ছাত্রদের মধ্যে এটা ক্রমাগত বাড়ছে। এটা হচ্ছে কীসের জন্য? এর পিছনে সামাজিক-অর্থনৈতিক-সাংস্কৃতিক কারণ কী? মানসিক-নৈতিক-আচরণবিধি সংক্রান্ত কারণ কী? তাঁরা এর ব্যাখ্যা দিতে পারেননি। ইউরোপের সামনের সারির নেতৃস্থানীয় কমিউনিস্টরা বলছেন, এটা হল ‘প্রজন্মের সঙ্কট’। এঁদের মনোভাবটা হল এটাই দেখানো যে, এতে তাঁদের দায়িত্ব নেই। তাঁরা বলে থাকেন, তাঁদের প্রচুর উন্নতি হয়েছে, অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। এই বলে তাঁরা যে বড়াই করছেন, এটা তাঁরা করতে পারবেন না, যদি বলা যায়, বাস্তবে এটা সংস্কৃতির সঙ্কট। কিন্তু আমি বলব, আদতে এটা সংস্কৃতিরই সংকট, যার দায়িত্ব অবশ্যই নেতৃত্বের উপর বর্তায়। এটা দূর করা তাঁদের অবশ্যপালনীয় কর্তব্য। তাঁদের এই বিরাট দায়িত্ব তাঁরা পালন করছেন না। ফলে, এটা যে আদর্শগত ক্ষেত্রে, নীতি-নৈতিকতা ও মূল্যবোধের ক্ষেত্রে সঙ্কট, তা না বলে তাঁরা বলছেন, এটা প্রজন্মের সঙ্কট। তাঁরা অতীন্দ্রিয়বাদে ডুবে রয়েছেন। আসলে এটা হল, আদর্শগত-সংস্কৃতিগত ক্ষেত্রে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তারই ফল। মানবতাবাদী মূল্যবোধ নিঃশেষিত হয়ে গেছে। অথচ নতুন সর্বহারা মূল্যবোধ ও চেতনা– এক, দুই, তিন, চার করে একটা নির্দিষ্ট ধারণায় আসেনি। তারই পরিণামে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। একটা উন্নত নৈতিকতার ধারণাই একমাত্র এই শূন্যস্থান পূর্ণ করতে পারে। সেটা করবে কে? কারণ, এটা যাঁদের করার কথা, তাঁরা নিজেরাই বিপ্লবের দর্শনগত, আদর্শগত, সংস্কৃতিগত দিকগুলিকে প্রতিফলিত করেন না। এই হল ইউরোপের সঙ্কট। আমাদের দেশেও এবং অন্যত্র কমিউনিস্ট প্রগতিবাদী বলে যাঁরা এই সমস্যার মধ্যে পড়েছেন, তাঁদেরও মূল সমস্যাটা এখানে। …’’                    ‘নভেম্বর বিপ্লবের শিক্ষায় ভারতের পুঁজিবাদ বিরোধী বিপ্লব’ থেকে