
কিছুদিন আগে আরএসএস প্রধান মোহন ভাগবত নিউইয়র্কের ম্যানহাটনে এক সভায় মন্তব্য করেন যে, কোনও হিন্দু যদি ভাবেন মুসলিমদের ভারতে থাকা উচিত নয় বা মুসলিমদের ভারত থেকে চলে যাওয়া উচিত, তবে ওই ব্যক্তি আদতে হিন্দুই নন। ওই সভা থেকে তিনি আরও বলেন যে ‘আমি’ বা ‘আমার’ এই রকম ভাবনা দিয়ে কোনও সমস্যার সমাধান হয় না, সমাধান আসে ‘আমরা’ এবং ‘আমাদের’ এই চিন্তাধারা দিয়ে। অর্থাৎ বৈচিত্রে্যর মধ্যে ঐক্যকে উপলব্ধি করাই ভারতের দায়বদ্ধতা– এই মত তিনি ব্যক্ত করেছেন। আরএসএস-এর শতবর্ষ পূর্তি উদযাপনে ‘আমেরিকান হিন্দুজ ফর এনগেজমেন্ট অ্যান্ড ডায়লগ’ আয়োজিত ‘ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশনে’ মোহন ভাগবতের ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতের মজ্জায় মিশে রয়েছে’– এই মন্তব্য স্বাভাবিক ভাবেই গণতন্ত্রপ্রিয় চিন্তাশীল সাধারণ মানুষকে অবাক করেছে।
বিশেষত বিজেপি দেশের ক্ষমতায় আসার পরে বিগত এক দশক ধরে যে ভাবে দেশে ধর্মীয় বিভেদ, অসহিষ্ণুতা, সাম্প্রদায়িক উস্কানি প্রভৃতিকে অত্যন্ত পরিকল্পিতভাবে বাড়িয়ে তোলা হয়েছে এবং এই প্রশ্নে বিজেপির বেশ কিছু রাজ্যের মুখ্যমন্ত্রী সহ নেতা-মন্ত্রীরা যে সচেতন ভাবে এই কাজে লিপ্ত রয়েছেন তা কিন্তু মোহন ভাগবতজির অজানা নয়। তা হলে তিনি কেন এই ধরনের মন্তব্য করলেন? তাঁর এই অভিমত যে, তাঁর এবং তাঁর সংগঠনের প্রকৃত দৃষ্টিভঙ্গির বিপরীত এবং এ কথা জেনেই যে ভাগবতজি এই মন্তব্য করেছেন, তা বুঝতে বোধ করি কারওই অসুবিধা হওয়ার কথা নয়। আরএসএস ও বিজেপির নেতা-মন্ত্রীরা এই প্রশ্নে যে অভিমত ব্যক্ত করে চলেছেন তার জলজ্যান্ত দৃষ্টান্ত হল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিভিন্ন সময়ের মন্তব্যগুলি। ক্ষমতায় আসার আগে বিরোধী দলনেতা হিসেবে এবং পরে মুখ্যমন্ত্রীর চেয়ারে আসীন থেকে যে বক্তব্য তিনি রেখেছেন, তার সবগুলির মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষ বা বাংলাভাষী মুসলিমদের ‘বাংলাদেশি’ বলে চিহ্নিত করে তাদের নাগরিকত্ব ও ধর্মীয় পরিচয়কে একসঙ্গে সন্দেহের মধ্যে ফেলা, মুসলিমদের ভয় দেখানো, ভোটারদের ধর্মের ভিত্তিতে ভাগ করা, ভোটারদের হিন্দু বা মুসলিম হিসেবে দেখানো, হিন্দু ও মুসলিমদের সামাজিক ভাবে পৃথক করার আহ্বান, মুসলিম ভোটারদের আলাদা করে দেখার বা কোনও অঞ্চলকে শুধু মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়ার কারণে এড়িয়ে চলার আহ্বান এবং তার মাধ্যমে একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে জনমনে ভয় ও অবিশ্বাস তৈরি করার মতো মানুষের মধ্যে বিভেদ সৃষ্টিকারী ঘৃণ্য ও ভয়ংকর দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায়। এই ঘটনাগুলোর কথা কি ভাগবতজি জানেন না?
একই ভাবে আসামের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা হিমন্ত শর্মা ও উত্তরপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ বিজেপির অন্যান্য নেতা ও মন্ত্রীদের যে বক্তব্য আমরা শুনেছি তাতে আদৌ কি ভারতবর্ষে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষ ও বিভিন্ন সংস্কৃতির সহাবস্থানকে স্বীকৃতি দেওয়া হয়? এই নেতা-মন্ত্রীরা, যাঁরা ধারাবাহিকভাবেই বিদ্বেষপূর্ণ মন্তব্য করে চলেছেন এবং মানুষের মনকে বিষিয়ে তুলছেন তাঁদের মোহন ভাগবতজি কি কোনওদিন বলেছেন, ‘তারা হিন্দুত্বের প্রকৃত অর্থ বুঝতে ব্যর্থ হয়েছেন’? দলের এই নেতা-মন্ত্রীরা ‘আসলে হিন্দু নয়’– ভাগবতজিকে এই কথা বলতেও তো কখনও আমরা শুনিনি! বরং আরএসএস-বিজেপি এদের দলের সম্পদ রূপে তুলে ধরারই চেষ্টা করেছে বারে বারে। তা হলে কিসের ভিত্তিতে আমরা বিশ্বাস করব যে ভাগবতজি নিউইয়র্কে দাঁড়িয়ে যে মন্তব্য করলেন, সে কথার প্রতি তাঁর বিশ্বাস আছে?
আসলে বিজেপি ও আরএসএস যে বিভাজনের রাজনীতির চর্চা করছে এবং সমাজে যে ব্যাপক অসহিষ্ণুতার বাতাবরণ সৃষ্টি করে চলেছে তা দেশ ও বিদেশের সকল সচেতন মানুষকে প্রতি মুহূর্তে বিচলিত করছে। অন্যান্য দেশের মানুষ এ দেশে ক্রমবর্ধমান বিদ্বেষের রাজনীতির বিরুদ্ধে বারে বারে প্রতিবাদ জানাচ্ছে। এবারে মোহন ভাগবতের নিউইয়র্ক-এ গিয়ে বক্তব্য রাখার বিরুদ্ধেও ওই দেশের বিভিন্ন অংশের মানুষ প্রতিবাদ জানিয়েছেন। নিউইয়র্কের মেয়র ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি বলেছেন ‘আমার পরিবার আমাকে ভারত সম্পর্কে যে ধারণা দিয়েছে, যে ধারণা নিয়ে আমি বড় হয়েছি, তা হল– এটি একটি ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, বহুত্ববাদী সমাজ। যে সমাজ ভারতে বসবাসকারী প্রত্যেককে সঙ্গে নিয়ে চলে। এখানে সমাজ থেকে কাউকে দূরে সরিয়ে রাখার দৃষ্টিভঙ্গিতে গড়ে ওঠা একটি আন্দোলনের উত্থান দেখা অত্যন্ত উদ্বেগজনক।’ মামদানি জানিয়েছেন যে তিনি নিজে ভাগবতের কর্মসূচিকে সমর্থন করেন না, কিন্তু ওই কর্মসূচি বাতিল করে দেওয়ার ক্ষমতাও তাঁর নেই। অর্থাৎ পশ্চিমী ওই দেশের আইনে যে কোনও মতাবলম্বী মানুষ তাঁর মত ব্যক্ত করার আইনি স্বীকৃতি পান। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ভারতবর্ষে বিরুদ্ধমত প্রকাশের বা ধর্মীয় সহিষ্ণুতার পরিসর আজ নিঃশেষিতপ্রায়। এই বিষয়টি নিউইয়র্কের মেয়রকে সব থেকে বেশি বিচলিত করেছে, যা তাঁর বক্তব্যে পরিষ্কার।
‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতের মজ্জায় মিশে রয়েছে’– সত্যিই কি এটা ভাগবতজির মনের কথা? না, আসলে আমাদের দেশে দীর্ঘদিন ধরে ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্যে’র যে ধারণা গড়ে উঠেছে, এবং সমাজ মননে যা আজও একটি স্বীকৃত ধারা রূপে প্রবহমান, সেই ধারণাটিকে আরএসএস-বিজেপি সম্পূর্ণরূপে ধ্বংস করতে চাইছে। শুধু ধর্মীয় প্রশ্নেই নয় শিক্ষা, সমাজ, সংস্কৃতি, রাজনীতি সমস্ত ক্ষেত্রে বহুত্ববাদ তথা যে গণতান্ত্রিক ধ্যানধারণা ও অধিকারের প্রশ্নটি অন্তত লিখিতভাবে সংবিধানের স্বীকৃত রয়েছে, তাকে ধ্বংস করে সর্বক্ষেত্রে নিজেদের ধ্যান-ধারণা ও নিজেদের দলীয় মতকে চাপিয়ে দিয়ে একনায়কতন্ত্র কায়েম করতে চাইছে আরএসএস-বিজেপি। একদিকে মানুষকে তার গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা এবং অন্যদিকে মানুষ যাতে ঐক্যবদ্ধ লড়াইয়ে শামিল হতে না পারে তার জন্য দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দিতে বিভাজনের রাজনীতিকে সামনে আনা হচ্ছে।
এই ঘৃণ্য রাজনীতির বিরুদ্ধে এ দেশ তথা বিদেশেও মানুষ প্রতিবাদে সামিল হচ্ছেন। তাই এই অপরাধ ঢাকা দিতে ও মানুষকে বিভ্রান্ত করে নিজেদের রাজনীতির প্রতি আকৃষ্ট করতে দ্বিচারিতার রাজনীতিকে একটি কৌশল হিসেবে গ্রহণ করতে চাইছেন মোহন ভাগবতরা। কিন্ত প্রগতিশীলতার আলখাল্লা পরে যতই তাঁরা চিৎকার করুন না কেন, এ দিয়ে নিজেদের চরিত্রকে ঢেকে রাখতে পারবেন না। মানুষ এই দ্বিচারিতার মুখোশ খুলে দিয়ে বিভেদকামী সাম্প্রদায়িক রাজনীতিকে একদিন পরাস্ত করবেই, এটাই ইতিহাসের শিক্ষা।