Breaking News

রাজ্য জুড়ে দাবি দিবস পালন অ্যাবেকার

বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতিতে বলা হয়েছিল গৃহস্থ বিদ্যুৎ গ্রাহকদের ২০০ ইউনিট পর্যন্ত প্রতি মাসে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে। বেশ কয়েকটি রাজ্যের মতো কৃষিপ্রধান পশ্চিমবঙ্গেও কৃষকদের বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে। পূর্বতন রাজ্য সরকার ক্ষুদ্রশিল্পে ফিক্সড চার্জ দ্বিগুণ বাড়িয়েছে এবং মিনিমাম চার্জ প্রতিমাসে প্রতি কেভিএ-তে ২০০ টাকা বৃদ্ধি করেছে। যার ফলে রাজ্যের অর্ধেকেরও বেশি ক্ষুদ্র শিল্প বন্ধ হয়ে গিয়েছে। বিজেপি সরকার গৃহস্থে স্মার্ট মিটার লাগানো বাধ্যতামূলক নয় ঘোষণা করলেও নতুন বিদ্যুৎ সংযোগে এবং খারাপ মিটার পরিবর্তনের ক্ষেত্রে ডিজিটাল মিটার না থাকার অজুহাতে বাধ্যতামূলকভাবে স্মার্ট মিটার লাগানো হচ্ছে। বিদ্যুৎগ্রাহক সংগঠন অ্যাবেকা দাবি তুলেছে, কোনও অজুহাতেই স্মার্ট মিটার লাগানো চলবে না।

বিগত ২০১৬-১৭ থেকে কয়লার দাম ৪০ শতাংশ কমা, কয়লার উপরে জিএসটি সাত শতাংশ কমা এবং পরিবহন ও সংবহনে ক্ষতি ২ শতাংশ কমায় বিদ্যুতের মাশুল তখনই ৫০ শতাংশ কমানো উচিত ছিল। সেটা কমানো না হওয়ার কারণে প্রতি বছর বিদ্যুৎ বণ্টন কোম্পানির শত শত কোটি টাকা লাভ হয়ে চলেছে।

অ্যাবেকার দাবি বিদ্যুতের মাশুল পঞ্চাশ শতাংশ কমাতে হবে। দুর্গাপুজো কমিটিগুলির বিদ্যুৎ মাশুল পুরোপুরি মকুব করে দেওয়া হলেও গৃহস্থ এবং কৃষিতে কমানো হয়নি। আগের সরকারের বসানো বর্ধিত ফিক্সড চার্জ ও মিনিমাম চার্জ বজায় রাখা হয়েছে। নির্বাচনী ঘোষণাকে মান্যতা দিয়ে গৃহস্থে প্রতি মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দিতে হবে। অ্যাবেকার ডাকে এই দাবিগুলিতে সাধারণ বিদ্যুৎ গ্রাহকরা ১৩ অক্টোবর সারা রাজ্যব্যাপী দাবি দিবস পালন করেছেন।