Breaking News

বইয়ের স্টলে হামলার প্রতিবাদ

শারদোৎসবের মধ্যে আরএসএস-বিজেপি-এবিভিপি-র দুষ্কৃতী বাহিনী সারা পশ্চিমবঙ্গে বামপন্থীদের বুকস্টলের ওপর যে হামলা চালিয়েছে। তার প্রতিবাদে এক অভূতপূর্ব জনজোয়ার দেখল পশ্চিবঙ্গ। ৩১ অক্টোবর কলকাতার ঐতিহ্যমণ্ডিত বই পাড়ায় হাজার হাজার মানুষ যোগ দিলেন বইয়ের ওপর হামলার প্রতিবাদে বই নিয়ে হাঁটুন কর্মসূচিতে।

কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর মূর্তির সামনে সংক্ষিপ্ত সভায় বিশিষ্ট শিক্ষাবিদ, লেখকরা বক্তব্য রাখার পর বই তুলে ধরে মিছিলে পা মেলান বইপ্রেমী সাধারণ মানুষ। মিছিলে চলতে চলতেই তাঁরা গানে সুর মেলান। শিক্ষক, ছাত্র, লেখক, অফিস কর্মচারী, শ্রমিকরা ছাড়াও ছিলেন বিভিন্ন পত্র-পত্রিকা গোষ্ঠী, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি। বই পাড়ার বহু বিক্রেতাও এই মিছিলে শামিল হন। বই পাড়া ঘুরে প্রদক্ষিণ করে মিছিল আবার বিদ্যাসাগর মূর্তির সামনে আসে। রাজ্যের অন্যান্য জেলাতেও এই ধরনের পদযাত্রা হয়।