
এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর পূর্ব উত্তরপ্রদেশ রাজ্য সম্পাদক কমরেড রবিশঙ্কর মৌর্য ৩১ অক্টোবর এক বিবৃতিতে বলেন, একটি গণতান্ত্রিক দেশে ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র ও যুবকদের সরকারি চাকরি না দেওয়ার বিষয়ে উত্তরপ্রদেশ সরকারের কঠোর নির্দেশ অত্যন্ত নিন্দনীয়। মুখ্যমন্ত্রীর এই স্বৈরাচারী ফরমান ছাত্র ও যুবকদের গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকারের উপর সরাসরি আক্রমণ।
তিনি আরও বলেন যে, রাজ্যে প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা দুর্নীতির অসংখ্য ঘটনায় সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার ও তাদের কণ্ঠরোধ করতে চেষ্টা করলেও শিক্ষার্থীদের সংগঠিত এবং লাগাতার আন্দোলনের সামনে সরকার সেই পরীক্ষাগুলো বাতিল করতে বাধ্য হয় এবং তাদের অভিযোগ প্রমাণিত হয়। যে শিক্ষার্থীদের প্রতিবাদ পরীক্ষা ব্যবস্থার ত্রুটি ও দুর্নীতি উন্মোচন করল, তাদেরই এই প্রতিবাদে অংশগ্রহণের জন্য ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। সমগ্র ছাত্র সমাজকে ভয় দেখাতে এবং তাদের গণতান্ত্রিক প্রতিবাদের অধিকার খর্ব করতে সহিংস প্রতিবাদকে অজুহাত হিসেবে ব্যবহার করা সম্পূর্ণ অযৌক্তিক। যদি কেউ সহিংস প্রতিবাদের সময় ভাঙচুর বা অন্য কোনও বেআইনি কাজ করে, আইন অনুযায়ী নিরপেক্ষ তদন্ত করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদকারী শিক্ষার্থীদের ভয় দেখাতে, হয়রানি করতে এবং তাদের কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত করার জন্য আলাদা কোনও সরকারি আদেশ জারি করার প্রয়োজন নেই।
সরকারকে অবশ্যই বুঝতে হবে যে গণতন্ত্রে ‘ভিন্নমত’ কোনও অপরাধ নয়। সরকারি নীতির বিরুদ্ধে প্রতিবাদ করা, প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে সোচ্চার হওয়া, নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতার দাবি জানানো এবং নিজেদের ভবিষ্যতের জন্য লড়াই করা তরুণদের সাংবিধানিক অধিকার। এই অধিকার দমনের হাতিয়ার হিসেবে পুলিশকে ব্যবহার করা এবং তার ভিত্তিতে তরুণদের সরকারি চাকরি পাওয়ার সুযোগ নষ্ট করে দেওয়া অন্যায়, অগণতান্ত্রিক এবং সরকারের দমনমূলক চরিত্রের পরিচায়ক। এমন একটি রাষ্ট্রের, যেখানে নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সরকারের ব্যর্থতা লক্ষ লক্ষ তরুণের ভবিষ্যৎকে প্রভাবিত করেছে, সেখানে সরকারের অগ্রাধিকার হওয়া উচিত পরীক্ষা ব্যবস্থার সংস্কার করা এবং দোষীদের শাস্তি দেওয়া, নিজেদের অধিকারের জন্য লড়াই করা শিক্ষার্থীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা তৈরি করা নয়।
গণতন্ত্রে সরকারের কাজ হল জনগণের প্রশ্নের উত্তর দেওয়া, প্রশ্নকারীদের ভবিষ্যৎ কেড়ে নেওয়া নয়। আমরা দাবি করছি, জনস্বার্থে সরকার যেন ছাত্র ও তরুণদের দাবিগুলিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে এবং জনস্বার্থে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করে।