
দক্ষিণ ২৪ পরগণায় এস ইউ সি আই (সি)-র মথুরাপুর-২ ব্লক কমিটির পক্ষ থেকে ৮ অক্টোবর বিডিও, এডিএ, বিএলআরও দপ্তরের আধিকারিকের কাছে গণডেপুটেশন দেন এলাকার পাঁচ শতাধিক বাসিন্দা।
ব্লকের প্রায় সমস্ত রাস্তা চলাচলের অযোগ্য। রায়দিঘি থেকে দমকল ও ঢাকীর মুখ, কোম্পানির ঠেক থেকে আটেশ্বরতলা, ১ নম্বর চৌদ্দরশি থেকে নলগোড়া ব্রিজ, ২ নম্বর চৌদ্দরশি থেকে চাপলা স্কুল মোড় সহ রায়দিঘি-ডায়মন্ডহারবার রোডে প্রসূতি মা, অসুস্থ এবং সাধারণ মানুষকে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। রাস্তাগুলি সারানো, অন্নপূর্ণা যোজনা-বার্ধক্য ভাতা-বিধবা ভাতা সহ সরকারি প্রকল্পগুলির সুবিধা এলাকার মানুষ যাতে ঠিকমতো পান তার ব্যবস্থা করা, পঞ্চায়েতের ট্যাক্স বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করা, এসআইআর-এ বাদ যাওয়া সমস্ত বৈধ নাগরিকের নাম ভোটার তালিকায় তোলা ও মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণের দাবি জানানো হয়। নেতৃত্ব দেন দলের ডায়মন্ডহারবার সাংগঠনিক জেলা সম্পাদক বিশ্বনাথ সরদার, সম্পাদকমণ্ডলীর সদস্য গুণসিন্ধু হালদার, রেণুপদ হালদার, উত্তম হালদার, রামকুমার মণ্ডল, সঞ্জয় মণ্ডল ও জেলা কমিটির সদস্য তপন শিকারী।