Breaking News

সফল ধর্মঘট, শ্রমিক আন্দোলন শক্তিশালী করার ডাক

কলকাতা

১২ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় রাজ্যে শিল্প ধর্মঘটের আহ্বান জানিয়েছিল এআইইউটিইউসি সহ ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও স্বতন্ত্র জাতীয় ফেডারেশন সমূহ। এই ধর্মঘটকে সমর্থন করে পথে নেমেছিল সংযুক্ত কিসান মোর্চা। পশ্চিমবঙ্গে সংগঠিত ক্ষেত্রে চটকল, চা বাগানের শ্রমিক সহ ব্যাঙ্ক, বন্দর, কয়লা, ইস্পাত, পাথর খাদান, অসংগঠিত ক্ষেত্রের বিড়ি শ্রমিক, নির্মাণ শ্রমিক, হকার, মোটরভ্যান-টোটো ও বাইক ট্যাক্সি চালক সহ আশা, অঙ্গনওয়াড়ি, মিড-ডে মিল কর্মী, পৌর স্বাস্থ্যকর্মীরা এই ধর্মঘটে সামিল হয়েছিলেন। কৃষক-খেতমজুর সহ বিভিন্ন পেশার মানুষ এই ধর্মঘট সফল করেছেন। এই ধর্মঘট সফল করার জন্য এআইইউটিইউসি রাজ্য সম্পাদক অশোক দাস শ্রমজীবী মানুষকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে বলেন, রাজ্য সরকারের অগণতান্ত্রিক সার্কুলারকে উপেক্ষা করে বহু কর্মচারী ধর্মঘটে সামিল হয়েছিলেন।

ধর্মঘটের সমর্থনে পিকেটিং। ভদোদরা, গুজরাট

ধর্মঘটের সমর্থনে ব্যাঙ্কে প্রচার করার সময় আলিপুরদুয়ার শহরে এআইইউটিইউসি কর্মী প্রাণেশ রায় এবং ফালাকাটায় উকিল ভূইমালী ও কাকলি মহন্তকে পুলিশ গ্রেপ্তার করে। অন্যান্য জেলাতেও ধর্মঘটকারীদের গ্রেপ্তার করা হয়েছে।

এই দিন সকালে ধর্মঘটের সমর্থনে এআইইউটিইউসি-র পক্ষ থেকে মৌলালি মোড় থেকে ধর্মতলা হয়ে মৌলালি পর্যন্ত একটি মিছিল হয়। নেতৃত্ব দেন রাজ্য সম্পাদক অশোক দাস, সহসভাপতি নন্দ পাত্র, শান্তি ঘোষ সহ অন্যান্যরা।

শিল্প ধর্মঘটের সমর্থনে হাওড়া গ্রামীণ জেলার বাগনান ও উলুবেড়িয়ায় এ আই ইউ টি ইউ সি-র উদ্যোগে সমস্ত ব্যাঙ্ক পিকেটিং করে বন্ধ করা হয়। চেঙ্গাইলে ল্যাডলো জুট মিলে পিকেটিং করা হয়।

হাওড়া গ্রামীণ জেলার সমস্ত জুট মিল ধর্মঘটে সামিল হয়েছে। ওই দিন উত্তর ২৪ পরগণায় ইছাপুর রাইফেল ফ্যাক্টরি গেটে যৌথ কর্মসূচি পালন করা হয়। এআইইউটিইউসি-র পক্ষ থেকে বক্তব্য রাখেন ব্যারাকপুর জেলা সাংগঠনিক কমিটির সম্পাদক দেবাশীষ ব্যানার্জী।

ধর্মঘটের সমর্থনে আশাকর্মীদের মিছিল মধ্যপ্রদেশে

অভিনন্দন ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটি ফোরামের

১২ ফেব্রুয়ারি দেশ জুড়ে ধর্মঘট সম্পর্কে ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটি ফোরাম, পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক গৌরীশঙ্কর দাস বলেন, শ্রমিক স্বার্থবিরোধী ৪টি শ্রমকোড, পুনরায় ব্যাঙ্ক সংযুক্তিকরণের পরিকল্পনা এবং সরকারি ও রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বেসরকারিকরণ বাতিল প্রভৃতি দাবিতে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটি ফোরাম আহুত ১২ ফেব্রুয়ারি ধর্মঘট সর্বাত্মক সফল হয়েছে। সে কারণে তিনি ব্যাঙ্ক কর্মচারী এবং গ্রাহকদের অভিনন্দন জানান।

তিনি বলেন, এই ধর্মঘটে ব্যাঙ্ক শিল্পের ভূমিকা ছিল উৎসাহব্যঞ্জক। সরকার দাবি পূরণের প্রশ্নে উদাসীন থাকলে আগামীতে ব্যাঙ্কে কর্মরত সমস্ত ধরনের কর্মী, ব্যাঙ্ক গ্রাহক এবং শ্রমজীবীদের নিয়ে তিনি আরও শক্তিশালী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

ধর্মঘটের দিন হাওড়ায় ব্যাঙ্কের সামনে পিকেটিং