Breaking News

শ্রীলঙ্কায় দক্ষিণ এশীয় বামপন্থী ছাত্র সংগঠনগুলির সম্মেলন

এআইডিএসও এবং শ্রীলঙ্কার বামপন্থী ছাত্র সংগঠন আরএসইউ-এর যৌথ উদ্যোগে ২৮-৩০ জানুয়ারি শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে আয়োজিত হয় দক্ষিণ এশীয় ছাত্র সম্মেলন।

প্রতিনিধি হিসাবে বাংলাদেশ থেকে এসএসএফ, নেপাল থেকে এএনএসইউ(এস), এএনএনআইএসইউ (আর) ও এসএসএসইউএন, পাকিস্তান থেকে এনএসএফ, শ্রীলঙ্কা থেকে আরএসইউ এবং ভারত থেকে এআইডিএসও ও এআইএসএফ অংশগ্রহণ করে। এআইডিএসও-র প্রতিনিধি দলে ছিলেন কমরেড মণিশঙ্কর পট্টনায়ক (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), কমরেড অজয় কামাথ (যুগ্ম সম্পাদক) এবং সুগুবালা (কার্যকরী কমিটির সদস্য)।

সম্মেলনের বিভিন্ন অধিবেশন পর্বে অংশগ্রহণকারী সংগঠনগুলির পরিচিতি, বিভিন্ন দেশের রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতা নিয়ে পারস্পরিক মত বিনিময় এবং সাম্রাজ্যবাদের অধীনে শিক্ষাব্যবস্থার সমস্যা ও প্রতিরোধ বিষয়ক একটি সেমিনার আয়োজিত হয়। দক্ষিণ এশিয়া জুড়ে ভবিষ্যৎ ঐক্যবদ্ধ কর্মসূচির রূপরেখা নির্ধারণের লক্ষ্যে একটি ঘোষণাপত্র প্রণয়নের উদ্দেশ্যে ‘ঘোষণাপত্র অধিবেশন’ অনুষ্ঠিত হয়, যা ‘কলম্বো ঘোষণাপত্র’ নামে গৃহীত হয়। এইঘোষণাপত্রে বলা হয়েছে, শিক্ষার জন্য সংগ্রাম সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদের বিরুদ্ধে সংগ্রাম এবং মানবতার সংগ্রাম থেকে বিচ্ছিন্ন নয়। ঘোষণাপত্রে দক্ষিণ এশিয়ার ছাত্রসমাজ ও নিপীড়িত জনসাধারণকে ঐক্যের অভিন্ন স্লোগানের অধীনে একত্রিত হয়ে এই শক্তিগুলিকে পরাজিত করার এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে। দক্ষিণ এশিয়ার বামপন্থী ছাত্র সংগঠনগুলি শিক্ষা, মানবতা ও মানবসভ্যতাকে রক্ষার লক্ষ্যে সংগ্রামী আন্দোলন গড়ে তুলবে। বামপন্থী ছাত্র আন্দোলন নিয়ে পারস্পরিক চিন্তাভাবনা ও মতামত বিনিময়ের উদ্যোগ এবং প্রগতিশীল ছাত্র আন্দোলনকে সহায়তার আগ্রহ প্রকাশ করা হয়। কলম্বো ঘোষণা সেই প্রচেষ্টারই সূচনা, যেখানে অদূর ভবিষ্যতে দক্ষিণ এশিয়ায় একটি প্রকৃত ঐক্যবদ্ধ বাম ছাত্র মঞ্চ গঠনের দিকে অগ্রসর হওয়ার আশা প্রকাশ করা হয়েছে।

এআইডিএসও-র প্রতিনিধি দলের পক্ষ থেকে সংগঠনের সেন্ট্রাল কাউন্সিলের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি কমরেড মণিশঙ্কর পট্টনায়ক জানান, দক্ষিণ এশিয়া জুড়ে আটটি বামপন্থী ছাত্র সংগঠনের এই ঐক্য ‘কলম্বো ঘোষণাপত্র’র ভিত্তিতে ক্রমাগত বিস্তৃত হবে। একদিকে যেমন উল্লেখিত দেশগুলির অন্যান্য বামপন্থী সংগঠনগুলি ঐক্যবদ্ধ হবে। অন্য দিকে দক্ষিণ এশিয়ার সীমা ছাড়িয়ে এই উদ্যোগ আরও বিস্তৃত হবে।