Breaking News

শুনানিতে হয়রানির তীব্র প্রতিবাদ এস ইউ সি আই (সি)-র

এসআইআর নিয়ে কমিশনের পক্ষ থেকে সাধারণ মানুষকে ক্রমাগত হয়রানি করার তীব্র প্রতিবাদ করে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য ১৫ জানুয়ারি এক বিবৃতিতে বলেন,

গত ২৭ নভেম্বর ও ১৬ ডিসেম্বর ‘এসআইআর’ প্রসঙ্গে সিইও দফতরে দলের তরফ থেকে ডেপুটেশন দিয়ে আমরা যে আশঙ্কাগুলির কথা বলেছিলাম তা ক্রমাগত সত্যে পরিণত হচ্ছে। জীবিত ব্যক্তিকে মৃত হিসেবে দাগিয়ে দেওয়া, ‘নন ম্যাপিং’-এর সমস্যা, বাবা-মায়ের একাধিক সন্তানজনিত অদ্ভূত সমস্যা, বাবা-মায়ের বয়সের সঙ্গে সন্তানের বয়সের ফারাকজনিত সমস্যা, বৃদ্ধ-অসুস্থদের বহু দূর থেকে এসে ঘণ্টার পর ঘণ্টা শুনানির জন্য অপেক্ষা, যাচাই-পুনর্যাচাই, বারবার নিয়ম পরিবর্তন প্রভৃতির সঙ্গে যুক্ত হয়েছে এআই সৃষ্ট লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতি। অমর্ত্য সেনের মতো মানুষর়া ভারতের নাগরিক কি না তা ঠিক করতে যদি এআই লাগে তা হলে কোটি কোটি টাকা খরচ করে নির্বাচন কমিশন রাখার কী দরকার?

জনগণের হাজার হাজার কোটি টাকার ট্যাক্সের তহবিল খরচ করে ট্যাক্স-দাতা সেই জনগণকেই এত সরকারি হেনস্থার শিকার হতে হবে কেন? আর কত মৃত্যুমিছিল আমাদের দেখতে হবে– কমিশনকে এই প্রশ্ন করতে চাই। আমরা অবিলম্বে কমিশনকে মানবিক দৃষ্টিরহিত না হয়ে, তাড়াহুড়ো না করে, আরও সময় নিয়ে ত্রুটিহীন তালিকা তৈরি করার দাবি জানাচ্ছি।