Breaking News

বুকস্টলঃ ‘ওরা আমাদের ভয় দেখাতে পারেনি’

বন্ধুর জন্যও বই নিয়ে গেলেন

কলকাতার বড়বাজারের বুকস্টলে ১৯ অক্টোবর এক যুবক এসে হিন্দি ইংরেজি মিলিয়ে গোটা দশেক বই কিনলেন। কথা প্রসঙ্গে বললেন, উনি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে থাকেন। জানতে চাইলেন, এ ধরনের আরও বই পেতে গেলে কী করতে হবে। ওনার নাম ঠিকানা যোগাযোগ নম্বর লিখে দিয়়ে চলে গেলেন।

ঘণ্টা দুই পর তিনি আবার এলেন বুকস্টলে। বললেন, ‘বইগুলোর ছবি সোশাল মিডিয়ায় দিয়েছি। দেখে আমার এক বন্ধু ফোন করে বলল, আমার জন্যও সব বই কিনে আন।’ তার পর একটু ইতস্তত করে উনি বললেন, ‘দেখুন, এত বই তো আমি বয়ে নিয়ে যেতে পারব না। যদি চার্জ দিয়ে দিই আপনারা কি কুরিয়ার করতে পারবেন’? আমরা রাজি হওয়ায় উনি বন্ধুকে ফোন করলেন। তখনই সাহেবগঞ্জের বন্ধুটি আমাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়ে বললেন, কুরিয়ার করতে আরও যা লাগবে জানাবেন, পাঠিয়ে দেব।

প্রতিবাদের নয়া আঙ্গিক বই কিনে বিলিয়ে দিলেন ডাক্তারবাবু

বিজেপি দুষ্কৃতীদের ভাঙচুর, পুলিশের বাধা, চোখরাঙানি উপেক্ষা করে বহরমপুরে বারবার ঘুরে দাঁড়িয়েছে এসইউসিআই(সি)-র বুকস্টল। হার না মানা এই লড়াইয়ের খবর মুখে মুখে আর সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই পাশে এসে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ। একদিন সন্ধ্যায় লড়াইয়ের এই ময়দান এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হয়ে থাকল। রাজ্য জুড়ে বামপন্থীদের স্টলে হামলার তীব্র প্রতিবাদ এবং কর্মীদের মনোবলকে কুর্নিশ জানাতে স্টলে ছুটে এলেন এলাকার বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার অশোক কুমার ভকত। স্টল থেকে প্রচুর বই কিনে তিনি নিজেই সাধারণ মানুষের হাতে হাতে তুলে দেন। বইয়ের স্টল ভাঙার বিরুদ্ধে এ যেন বইকে হাতিয়ার করেই এক শক্তিশালী প্রতিবাদ!

ভালোবাসা গভীরে

‘এ ভাবে বই পড়া কি বন্ধ করতে পারবে ওরা’?

কলকাতার সূর্য সেন স্ট্রিটের বুকস্টলে মন্তব্যের খাতায় এক যুবক নাম-ঠিকানা দিয়ে তারপর লিখলেন– ‘বই পড়া, বিক্রি, কেনা, আলোচনা এবং সমালোচনা, তর্ক-বিতর্ক, দ্বন্দ্ব সবকিছু বেঁচে থাকুক’।

সপ্তমীর সকাল। এক ভদ্রলোক স্টলে এসে বললেন– এই তো স্টল করতে দেবে না বলছিল ওরা। আপনারা তো ভালই লড়াই করছেন। আপনাদের লাল সেলাম! বেশ কয়েকজন অপরিচিত ভদ্রলোক এসে খোঁজ নিয়ে গেলেন। তাঁদের চোখেমুখে উদ্বেগ– ‘‘আপনাদের স্টল ভাঙেনি তো’?’ ‘‘চারিদিকে যা ভাঙচুর করছে ওরা, আপনারা তার মোকাবিলা করে বইয়ের স্টল করছেন দেখে খুব আনন্দ হচ্ছে।’ –বললেন আর একজন। পাড়ার একজন এসে বলে গেলেন, ‘‘তোমাদের খাওয়া হয়েছে তো? কারও থাকা-খাওয়ার প্রয়োজন হলে আমার বাড়িতে পাঠিয়ে দিও’’।

‘বই কিনলাম প্রতিবাদ হিসেবে’

বাংলার শেষ প্রান্তে ঝাড়খণ্ড সীমান্তে যমজ শহর চিত্তরঞ্জন-রূপনারায়ণপুরে প্রায় তিন দশক ধরে এসইউসিআই(সি) দলের চারটি বুকস্টল হত প্রতি বার। কিন্তু এ বারের পুজোয় দুটি স্টল পুলিশ ও একটি স্টল বিজেপির দুষ্কৃতীরা ভেঙে দেয় প্রথম দিনেই। তবুও সন্ধ্যাবেলায় স্টল চালিয়ে যাওয়া হয়।

সকাল বেলায় বাড়ি বাড়ি বই বিক্রি করা হয়। কর্মীরা এ বার এক অভূতপূর্ব উৎসাহ লক্ষ করেছেন মানুষের মধ্যে। তাঁরা নিজেরা এগিয়ে এসে ভাঙা স্টল থেকে বই কিনেছেন। আবার বাড়িতে যাওয়ার পর আগ্রহের সাথে প্রচুর টাকার বই কিনেছেন। একজন স্টল থেকে বই কিনে বললেন, ‘আপনাদের প্রায় সব বই আমার বাড়িতে আছে। তবুও আমি এ বার বই কিনছি স্টলে হামলার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে’।

‘ওরা আমাদের ভয় দেখাতে পারেনি’

বিধাননগরের এফ ডি স্টলে একাধিক মানুষ বলে গেছেন– অন্য বার আপনাদের স্টল দেখে পাশ কাটিয়ে চলে গেছি। এ বার বিজেপির হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বই কিনব বলেই এসেছি। স্টল যখন প্রায় বন্ধ হয়ে যাওয়ার মুখে, সেই সময় এইচ এ ব্লকের এক বাসিন্দা এসে বললেন– ‘বাণ্ডিল খুলে আমায় কয়েকটা বই দিন। আজ আমায় কিনতেই হবে। ছবি তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করব। সকলকে দেখাব– ওরা আমাদের ভয় দেখাতে পারেনি।’