ছয় ছাত্রের বহিষ্কারের ফরমান তীব্র প্রতিবাদ এআইডিএসও-র

এসআরএফটিআই-এর ছয় শিক্ষার্থীকে বহিষ্কার এবং ২৪ ঘন্টার মধ্যে ক্যাম্পাস খালি করার নির্দেশের তীব্র সমালোচনা করে এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি মনিশংকর পট্টনায়ক ও সম্পাদক বিশ্বজিৎ রায় ১৭ অক্টোবর এক বিবৃতিতে বলেন, এই নির্দেশ এক স্বৈরাচারী পদক্ষেপ।

ক্যাম্পাসের ভেতরে বিজেপি-আরএসএস-এর দখলদারির বিরুদ্ধে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা ও উপাচার্যের ইস্তফার দাবিতে আন্দোলনে নেমেছেন ওই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। এই গণতান্ত্রিক আন্দোলন ভাঙার জন্যই ৬ জন ছাত্রকে দুটি সেমিস্টারের জন্য বহিষ্কার এবং ২৪ ঘন্টার মধ্যে ক্যাম্পাস খালি করার যে নির্দেশ দেওয়া হয়েছে, সংগঠন তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে।

রাজ্য জুড়ে ক্যাম্পাসে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করে দখলদারি ও সন্ত্রাসের পরিবেশ কায়েম করার যে হীন প্রচেষ্টা সরকারি মদতে বিজেপি-আরএসএস চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে ছাত্রছাত্রী সহ রাজ্যের সমস্ত অংশের গণতান্ত্রিক ও চিন্তাশীল মানুষকে সোচ্চার হওয়ার আবেদন জানিয়েছেন তাঁরা।