Breaking News

পুরুলিয়ায় শ্রমিক আন্দোলনের জয়

ন্যূনতম মজুরি এবং কারখানার অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশ পরিবর্তনের দাবিতে সোচ্চার হয়েছিলেন শ্রমিকরা। সেই ‘অপরাধে’ পুরুলিয়ার আনাড়ায় রেডিকেম পিগমেন্টস প্রাইভেট লিমিটেড কারখানার কর্তৃপক্ষ এআইইউটিইউসি অনুমোদিত ৯০ শতাংশ শ্রমিকের প্রতিনিধিত্বকারী একমাত্র রেজিস্টার্ড ইউনিয়নের সদস্য সহ ১৩ জনকে ছাঁটাই করে দেয়। প্রতিবাদে ধর্মঘট শুরু করেন শ্রমিকরা। ঐক্যবদ্ধ শ্রমিকরা ২৩ দিন ধরে দৃঢ়তার সঙ্গে ধর্মঘট চালানোর পর অবশেষে ৯ জুন দাবি মেনে নিতে বাধ্য হল কর্তৃপক্ষ।

আসানসোল লেবার কমিশনার অফিসে ত্রিপাক্ষিক বৈঠকে এই ধর্মঘটের নিষ্পত্তি হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, ১০ জুন থেকে কারখানা চালু হবে। ছাঁটাই হওয়া ইউনিয়নের কার্যকরী সদস্য রেবতী রায়কে নিঃশর্তভাবে কাজে পুনর্বহাল করা হবে। অসুস্থ কর্মীরা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট জমা দিয়ে কাজে যোগ দিতে পারবেন। দীর্ঘদিন কাজ করেও যাঁদের কাছে কোনও নিয়োগপত্র ছিল না, সেই ১৩ জন ছাঁটাই শ্রমিককে কারখানার ঠিকা শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বলা হয়েছে, ঠিকাদার পরিবর্তন হলেও তাঁদের কাজ বজায় থাকবে। এ ছাড়াও শ্রমিকদের নিরাপত্তা, পরিচয়পত্র, হাজিরা, বেতন প্রদান, ঠিকাদারের লাইসেন্স সহ বিভিন্ন শ্রম আইন সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতে অবিলম্বে শ্রম দপ্তরের ইন্সপেক্টর কারখানা পরিদর্শন করবেন এবং রিপোর্ট অ্যাডিশনাল লেবার কমিশনারের কাছে জমা দেবেন। উল্লেখ্য, গত পাঁচ বছর ধরে এআইইউটিইউসি অনুমোদিত ইউনিয়নের সঙ্গে আলোচনা ও বৈঠক করতে মালিকপক্ষ ধারাবাহিকভাবে অস্বীকার করে এসেছে। কিন্তু আন্দোলনের চাপে সেই মালিকপক্ষকেই শ্রমিক ইউনিয়নের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিতে স্বাক্ষর করতে হল। কারখানার সাহসী শ্রমিকদের এই ঐক্যবদ্ধ লড়াই আবারও প্রমাণ করল সংগঠিত শ্রমিক শক্তির কাছে অন্যায়, স্বেচ্ছাচারিতা ও শ্রমিকবিরোধী মনোভাব শেষ পর্যন্ত পরাজিত হতে বাধ্য।