Breaking News

তারাতলায় গোডাউন ভেঙে ১৬ শ্রমিকের মৃত্যুঃ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ে শ্রমিক মৃত্যুর প্রেক্ষিতে এস ইউ সি আই (কমিউনিস্ট) রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ২৪ জুন এক বিবৃতিতে বলেন, তারাতলায় কলকাতা পোর্টের গোডাউন ভাড়া নিয়ে বেআইনি নির্মাণ কাজ চলছিল। কর্মরত শ্রমিকদের উপযুক্ত নিরাপত্তার কোনও ব্যবস্থা ছিল না। উপরন্তু নির্মাণ কাজের নক্সা ছিল ত্রুটিযুক্ত এবং নির্মাণও ছিল বেআইনি। গোডাউন হঠাৎ ভেঙে পড়ায় বহু শ্রমিক চাপা পড়েন। এই ঘটনা আরও একবার প্রমাণ করল কী ভাবে উপযুক্ত নিরাপত্তা সুনিশ্চিত না করেই শ্রমিকদের কাজ করতে বাধ্য করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়। শ্রম আধিকারিকদের চরম উদাসীনতাই এর জন্য দায়ী। আমরা এই মর্মান্তিক ঘটনার জন্য যারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। আহতদের পূর্ণ চিকিৎসার দায়িত্ব ও ২০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং নিহতদের পরিবারবর্গকে পঞ্চাশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ও পরিবারের কর্মক্ষম একজনের স্থায়ী চাকরি দাবি করছি।

ঘটনাস্থলে এআইইউটিইউসিঃ ২৪ জুন কলকাতার তারাতলায় ভেঙে পড়া গোডাউনে দুর্গত শ্রমিকদের কাছে ছুটে যান এআইইউটিইউসি-র রাজ্য সম্পাদক অশোক দাস, সহ-সভাপতি শান্তি ঘোষ, তপন মুখার্জী, স্থানীয় সংগঠক অবধেশ ভকত এবং শিক্ষক সঞ্জিত রায়। রাজ্য সম্পাদক বলেন, রাজ্যে কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি দীর্ঘকাল উপেক্ষিত। শ্রম আধিকারিকরা সম্পূর্ণ উদাসীন। যার সুযোগ নিয়ে এ ধরনের ব্যবসায়ীরা শ্রমিকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার পরিবেশ সৃষ্টি করেছে। তিনি অবিলম্বে তদন্ত সাপেক্ষে দোষীদের কঠোরতম শাস্তি দাবি করেন।