Breaking News

সিবিআই নিজেই তদন্তে বাধা হয়ে উঠেছে ভয়েস অফ অভয়া ভয়েস অফ উইমেন

আর জি করে অভয়া মামলার সঠিকভাবে তদন্ত না হওয়ায় সম্প্রতি সিবিআইয়ের ভূমিকার তীব্র সমালোচনা করেছে কলকাতা হাইকোর্ট। এ প্রসঙ্গে ভয়েস অফ অভয়া ভয়েস অফ উইমেন সংগঠনের পক্ষ থেকে সভাপতি পার্থসারথি সেনগুপ্ত ও সম্পাদক বিপ্লব চন্দ্র বলেন,

হাইকোর্টের বিচারপতিরা সিবিআই সম্পর্কে হতাশা এবং প্রবল অনাস্থা প্রকাশ করেছেন। পাশাপাশি বিচারপতিদের বক্তব্য শুনে মনে হয়েছে তাঁরা যেন ব্যবস্থার কাছে অসহায়। অভয়ার খুন ও ধর্ষণের তদন্ত প্রক্রিয়া নিয়ে যখন সিবিআই কলকাতা পুলিশের দেওয়া রিপোর্টে সিলমোহর দিল তখন থেকেই সিবিআই-এর ভূমিকা নিয়ে জনমানসে প্রবল সংশয় দেখা দিয়েছে। বিগত রাজ্য সরকারের আমলে কলকাতা পুলিশ ও সিবিআই দুইয়েরই ভূমিকা নিয়ে প্রবল প্রতিবাদ হয়েছে। আশা ছিল, নতুন সরকারের আমলে সিবিআই অন্তত সঠিক তদন্ত রিপোর্ট জমা দিয়ে অভয়ার প্রকৃত খুনিদের ধরতে সাহায্য করবে। কিন্তু বাস্তবে দেখা গেল সঠিকভাবে তদন্ত হওয়ার ক্ষেত্রে কোথাও যেন সিবিআই নিজেই নিজের বাধা হয়ে দাঁড়াচ্ছে। জনগণের মধ্যে প্রশ্ন আসছে, তা হলে সিবিআই কাদের আড়াল করতে চাইছে? সিবিআইকে পিছন থেকে চালায় কারা? বস্তুত সিবিআই ভারতের সবচেয়ে বড় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং এই সংস্থার সঙ্গে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের ঘনিষ্ঠ যোগাযোগ আছে। তাঁরা বলেন, মানুষ সত্যিই এবার হতাশায় ও ক্ষোভে ফেটে পড়তে চাইছে– আর কবে ন্যায়বিচার পাবে? ভয়েস অফ অভয়া ভয়েস অফ উইমেনের পক্ষ থেকে জনসাধারণের কাছে আবেদন জানানো হয়, ন্যায়বিচার পেতে হলে রাস্তায় নেমে আন্দোলনই একমাত্র পথ।

এর সাথে তাঁরা হাইকোর্টের বিচারপতিদের কাছ আবেদন জানান, যে সমস্ত সিবিআই অফিসার তদন্ত প্রক্রিয়া নিয়ে ছিনিমিনি খেললেন, তাঁদের বিরুদ্ধে যেন কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।