Breaking News

ডিলিটেড ভোটারদের নাম অন্তর্ভুক্তি সহ নানা দাবিতে উত্তরবঙ্গের জেলায় জেলায় বিশাল মিছিল

কোচবিহার

ট্রাইবুনালে আবেদন করা সমস্ত বৈধ ভোটারের নাম দ্রুত তালিকায় অন্তর্ভুক্তি, পুনর্বাসন ছাড়া হকার ও বসতি উচ্ছেদ বন্ধ, গ্রাহক স্বার্থবিরোধী স্মার্ট মিটার ও নয়া জাতীয় শিক্ষানীতি বাতিল করার দাবিতে এবং তেল-গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে ১১ জুন বিক্ষোভ মিছিলেন ডাক দিয়েছিল এসইউসিআই(সি)। দক্ষিণবঙ্গের জেলাগুলিকে নিয়ে কলকাতায় কেন্দ্রীয় মিছিল হয়। উত্তরবঙ্গের জেলাগুলিতে আলাদা ভাবে ওই দিন মিছিল হয়।

কোচবিহারঃ মানুষ বুঝতে শুরু করেছে না লড়লে বাঁচা যাবে না। কোনও অধিকার থাকবে না, থাকবে না দেশে নাগরিক পরিচিতি। কেউ বুদ্ধি দিয়ে বুঝেছে, কারও উপলব্ধি ঘটেছে আঘাতের পর আঘাতে, বঞ্চনার পর বঞ্চনার অভিঘাতে।

তাই ১১ জুন কোচবিহারের সাগরদিঘির পারে জনজীবনের বিভিন্ন দাবিতে এসইউসিআই(সি)-র ডাকে বিক্ষোভ মিছিলে শামিল হলেন হাজার হাজার মানুষ।

এ দিন রাজা রামমোহন রায় স্কোয়ারে এই বিশাল বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন দলেররাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য, কোচবিহার জেলা সম্পাদক কমরেড শিশির সরকার। বক্তব্য রাখেন জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য নৃপেন কার্যী, মোটরভ্যান চালক ইউনিয়নের জেলা সম্পাদক আব্দুস সালাম, এআইডিওয়াইও-র জেলা সম্পাদক সুমন পণ্ডিত, এআইএমএসএস-এর জেলা সম্পাদক নমিতা বর্মন এবং আইনজীবী দিলীপ চন্দ্র বর্মন।

বক্তারা ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ফলে নাগরিকদের চরম দুরবস্থা ও প্রশাসনিক নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করেন। একই সাথে লাগামহীন মূল্যবৃদ্ধি, বেকারত্ব, হকার উচ্ছেদ, শিক্ষা ও জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

দলের রাজ্য কমিটির সদস্য নেপাল মিত্র, নাজমা খন্দকার, রীনা ঘোষ, আজিজুল হক এবং অর্জুন বর্মনের নেতৃত্বে এক প্রতিনিধিদল জেলাশাসকের কাছে স্মারকলিপি দেন। সমাবেশ শেষে পাঁচ হাজারেরও বেশি মানুষের সুবিশাল বিক্ষোভ মিছিল শহর পরিক্রমা করে।

হলদিবাড়ি

হলদিবাড়িঃ ট্রাইবুনালে নথিভুক্ত ভোটারদের সমস্যার দ্রুত সমাধান ও দিনহাটায় নাবালিকা হত্যায় দোষীদের শাস্তির দাবিতে এবং হকার ও বস্তিবাসী উচ্ছেদ, স্মার্ট মিটার, পেCল-ডিজেল-গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১১ জুন এস ইউ সি আই (সি)-র ডাকে কোচবিহার জেলার হলদিবাড়িতে এক বিশাল বিক্ষোভ মিছিল হয়। নেতৃত্ব দেন রুহল আমিন, হিতেন রায়, যোগেশ রায়, পার্থ ভট্টাচার্য, জহিদুল হক প্রমুখ।

রুহল আমিন বলেন, একটি দল মাত্র এক মাস আগে সরকারে এসেছে। তার মধ্যেই তারা বেশ কিছু জনবিরোধী নীতি নিয়ে ফেলেছে! তারা বুলডোজার দিয়ে গরিব হকার ও বস্তিবাসীদের ঘর ভেঙে দিচ্ছে, আবার দুর্নীতিগ্রস্ত তৃণমূলের সাংসদ, বিধায়কদের সাদরে গ্রহণ করছে। Cাইবুনালে নথিভুক্তরা এখনও ভোটাধিকার পেলেন না। সরকারের সমস্ত জনবিরোধী নীতির বিরুদ্ধে এসইউসিআই(সি) রাস্তায় আছে। তিনি সমস্ত প্রতিবাদী মানুষকে এই লড়াইয়ে সামিল হওয়ার আবেদন জানান।

জলপাইগুড়ি

জলপাইগুড়িঃ ১১ জুন জলপাইগুড়ি শহর জুড়ে বিক্ষোভ মিছিল করল এসইউসিআই(সি)-র জলপাইগুড়ি জেলা কমিটি। সমাজপাড়া মোড় থেকে মিছিল শুরু হয়ে শহর পরিক্রমা করে জেলা পার্টি অফিসে গিয়ে শেষ হয়। মিছিলে প্ল্যাকার্ড হাতে স্লোগান তোলা হয়– পুনর্বাসন না দিয়ে হকার ও বস্তি উচ্ছেদ করা যাবে না। এ ছাড়া বৈধ ভোটারদের ভোটাধিকার ও ট্রাইবুনালে নথিভুক্ত ভোটারদের দ্রুত নিষ্পত্তির দাবি তোলার পাশাপাশি স্মার্ট মিটার চালু, পেট্রল-ডিজেল-রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানানো হয়। নেতৃত্ব দেন দলের জেলা সম্পাদক সুজিত ঘোষ, জেলা কমিটির সদস্য হরিভক্ত সরদার, জীবন সরকার সহ জেলা নেতৃবৃন্দ।

দক্ষিণ দিনাজপুর

দক্ষিণ দিনাজপুরঃ হকার ও বস্তি উচ্ছেদ, গ্রাহক স্বার্থ বিরোধী বিদ্যুতের স্মার্ট মিটার ও মাশুল বৃদ্ধি, পেট্রল-ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি এবং শিক্ষাস্বার্থ বিরোধী জাতীয় শিক্ষানীতি ২০২০-র প্রতিবাদে ও ট্রাইবুনালে নথিভুক্ত ভোটারদের বিষয়টি দ্রুত নিষ্পত্তির দাবিতে বিজেপির ডবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে ১১ জুন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে বিক্ষোভ মিছিল হয়।