‘ফ্যাসিবাদ বিরোধী’ একটি আন্তর্জাতিক অনলাইন সেমিনার অনুষ্ঠিত হল ১৩ জুলাই ‘ইন্টারন্যাশনাল অ্যান্টি ইম্পিরিয়ালিস্ট অ্যান্টি ফ্যাসিস্ট ইউনাইটেড ফ্রন্ট’-এর উদ্যোগে। এই সংগঠনের কেন্দ্রীয় অফিস জার্মানিতে। ১৯১৫ সালে প্রথম বিশ্বযুদ্ধের সূচনাপর্বে মহান লেনিনের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছিল ঐতিহাসিক প্রথম জিমারওয়ার্ল্ড কনফারেন্স। ওই সম্মেলন থেকে যুদ্ধের চরিত্র বিশ্লেষণ করে বলা হয়েছিল, এটা সাম্রাজ্যবাদী যুদ্ধ। এই যুদ্ধে শ্রমিক শ্রেণি অংশ নিতে, এমনকি সমর্থনও করতে পারে না।
দ্বিতীয় আন্তর্জাতিকের কাউটস্কিরা এই সিদ্ধান্তকে ছুঁড়ে ফেলে দিয়ে যুদ্ধবাজ বুর্জোয়া রাষ্টে্রর পক্ষে দাঁড়ালে তার বিরুদ্ধে লেনিন তীব্র কষাঘাত করেন। সেই সম্মেলন স্মরণে এ বার দ্বিতীয় জিমারওয়ার্ল্ড সম্মেলন হতে চলেছে আগামী সেপ্টেম্বরে। ৬-৭ সেপ্টেম্বর সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত ওই সম্মেলনে যোগ দেবেন এসইউসিআই(সি)-র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য কমরেড ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়।
১৩ জুলাইয়ে অনলাইন সেমিনারে ২৪টি দেশের ৩৪ জন প্রতিনিধি বক্তব্য রাখেন। প্রথম বক্তা ছিলেন অধ্যাপক কমরেড ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়। তিনি ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম প্রসঙ্গে মহান মার্ক্সবাদী চিন্তানায়ক কমরেড শিবদাস ঘোষের শিক্ষা তুলে ধরে বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিস্ট অক্ষ পরাজিত হলেও ফ্যাসিবাদ টিকে রয়েছে উন্নত এবং উন্নয়নশীল পুঁজিবাদী এবং সাম্রাজ্যবাদী রাষ্ট্রের প্রশাসনিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ব্যবস্থার মধ্যে। এখন ফ্যাসিবাদবিরোধী সংগ্রামকে পুঁজিবাদ-সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রাম হিসাবে গড়ে তুলতে হবে, যা সমাজতান্ত্রিক বিপ্লবের সূচনা ঘটাবে।
সম্মেলনে বিশেষ আকর্ষণ ছিল কমিউনিস্ট পার্টি অব চায়না (মার্ক্সিস্ট-লেনিনিস্ট-মাওয়িস্ট)-র বক্তব্য। তাদের প্রতিনিধি দ্ব্যর্থহীন ভাষায় বলেন, চিন এখন একটি পুঁজিবাদী রাষ্ট্র। তিনি আরও বলেন, বিশ্বে এখন কোনও সমাজতান্ত্রিক দেশ নেই। বিশ্ব এখন দুই সাম্রাজ্যবাদী শিবিরে বিভক্ত। একটির নেতৃত্বে আমেরিকা, অপরটির রাশিয়া।
কমিউনিস্ট পার্টি অব রাশিয়া (ইন্টারন্যাশনালিস্ট)-এর প্রতিনিধি বলেন, রাশিয়ার সাম্রাজ্যবাদী রাষ্ট্রশক্তি এখন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে। রাশিয়ার শ্রমিক শ্রেণিকে সমাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আবার সংগ্রাম করতে হবে। এ ছাড়া বক্তব্য রাখেন ফ্রান্স, জার্মানি, গ্রিস, মেক্সিকো, কলম্বিয়া, নেপাল, মরক্কো, টিউনিশিয়া প্রভৃতি দেশের প্রতিনিধিরা। সেমিনার পরিচালনা করেন আয়োজক সংস্থার সহ সভাপতি কমরেড মনিকা গার্টনার এঞ্জেল।