
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের বহু মৌজাই দু’মাস ধরে জলমগ্ন। জলবন্দি মানুষদের দুর্ভোগ চরমে। অবিলম্বে জমা জল নিষ্কাশন, স্থায়ী জলনিকাশি সমস্যা সমাধানের দাবি সহ ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে কৃষক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে ১৪ সেপ্টেম্বর বিডিও অফিসে বিক্ষোভ দেখানো হয়। তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন কৃষক সংগ্রাম পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক, গোবিন্দ পড়িয়া ও খড়িচক বেসিন সংস্কার কমিটির সম্পাদক আনন্দবরণ হান্ডা, মিন্টু প্রামাণিক প্রমুখ। আন্দোলনের চাপে প্রশাসন একটু নড়েচড়ে বসে। পরদিন সকালে বিডিও ও সেচ দপ্তরের এসডিও জলবন্দি এলাকা পরিদর্শন করে দ্রুত জল নিষ্কাশনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।