
গত সেপ্টেম্বর মাসে কলকাতায় অতি বৃষ্টির কারণে জমা জলে ৮ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছিলেন। সেই সময় বিদ্যুৎ গ্রাহক সংগঠন অ্যাবেকা কর্তৃপক্ষের গাফিলতির বিরুদ্ধে সিইএসসি-র সদর দপ্তরে বিক্ষোভ দেখিয়েছিল।
এই মৃত্যুর প্রতিবাদে ১৩ নভেম্বর কলকাতা কর্পোরেশনের বিদ্যুৎ ও আলোর দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ সন্দীপ রঞ্জন বক্সীর কাছে অ্যাবেকা কলকাতা জেলা কমিটির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়। জেলা সম্পাদক নীরেন কর্মকারের নেতৃত্বে ডেপুটেশনে উপস্থিত ছিলেন সহ সম্পাদক আশীষ দণ্ড সহ সম্পাদকমণ্ডলীর আরও দুই সদস্য।
স্মারকপত্রে দাবি জানানো হয় মৃত ব্যক্তির পরিবারকে নূ্যনতম ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে, পরিবারের একজন সদস্যকে চাকরি দিতে হবে, এই ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য উন্নত প্রযুক্তির ব্যবহার করতে হবে, অবিলম্বে ঝোলা ও খোলা তার সারানোর ব্যবস্থা করতে হবে, কলকাতা কর্পোরেশন ও সিইএসসি-কে যৌথ ভাবে বিদ্যুতের তার রক্ষণাবেক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে, এই দুর্ঘটনার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মেয়র পারিষদ এই দুর্ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে সরকারিভাবে ক্ষতিপূরণ এবং চাকরি দেওয়ার কথা স্বীকার করেন। তিনি সংগঠনের বক্তব্যের যৌক্তিকতা স্বীকার করে নিয়ে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন। এই বিষয় নিয়ে অ্যাবেকার পক্ষ থেকে রাজ্য সরকার, কলকাতা কর্পোরেশন ও সিইএসসি-র বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করা হয়েছে।