Breaking News

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রতিবাদ

কলকাতা কর্পোরেশনের ১৪৪টি ওয়ার্ড ভেঙে ২০৯টি ওয়ার্ড করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের বিজেপি সরকার। প্রতিবাদে কমিশনারের কাছে ৮ সেপ্টেম্বর ডেপুটেশন দিল এসইউসিআই(সি)-র কলকাতা জেলা কমিটি। দলের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আয়সানুল হকের নেতৃত্বে প্রতিনিধিদল ওয়ার্ড পুনর্বিন্যাসের পদ্ধতিকে অস্বচ্ছ ও অগণতান্ত্রিক বলে তীব্র প্রতিবাদ জানান।

তাঁরা বলেন, ডিলিটেড ভোটাররা বর্তমানে ট্রাইবুনালের বিচারাধীন। ট্রাইবুনালে যতটুকু বিচার হয়েছে, তাতে সিংহভাগ ভোটার বৈধ বিবেচিত হয়েছেন। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট বিষয়গুলির নিষ্পত্তি ও পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত না করে তড়িঘড়ি ওয়ার্ড পুনর্বিন্যাসের উদ্যোগ কতটা যুক্তিযুক্ত?

এসইউসিআই (কমিউনিস্ট)-এর অভিযোগ, বিজেপির সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ ও হীন উদ্দেশ্যকে সামনে রেখে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে। দলের বক্তব্য, প্রশাসনিক পুনর্বিন্যাসের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কখনও রাজনৈতিক স্বার্থে পরিচালিত হতে পারে না। জনগণের প্রতিনিধিত্ব, প্রশাসনিক সুবিধা, জনসংখ্যার ভারসাম্য এবং ভোটারদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বচ্ছ, যুক্তিসঙ্গত ও গণতান্ত্রিক পদ্ধতিতে ওয়ার্ড পুনর্বিন্যাস করতে হবে। এ দিন প্রতিনিধিদল দাবি জানান, প্রস্তাবিত ডিলিমিটেশনের ভিত্তি, মানদণ্ড সংক্রান্ত পূর্ণাঙ্গ নথি প্রকাশ্যে আনতে হবে, সংশ্লিষ্ট সমস্ত পক্ষের মতামত গ্রহণ করতে হবে। বিচারাধীন ভোটার তালিকা সংক্রান্ত বিষয়গুলির অবস্থান স্পষ্ট না করে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া চলবে না।