Breaking News

কলকাতায় প্যালেস্টাইন সংহতি উৎসব

প্যালেস্টাইনের ওপর ইজরায়েল-আমেরিকার সাম্রাজ্যবাদী বর্বর আক্রমণের প্রতিবাদে এবং প্যালেস্টাইনের সংগ্রামী জনতার প্রতি সংহতি জানিয়ে ১০-১১ ফেব্রুয়ারি ‘প্যালেস্টাইন সংহতি উৎসব’ হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘প্যালেস্টাইন কোয়ালিশন’-এর উদ্যোগে। বিভিন্ন দেশের প্যালেস্টাইন সংহতি আন্দোলনের সংগঠকরা কর্মসূচির প্রতি সংহতি বার্তা পাঠিয়েছেন।

অনুষ্ঠানের সূচনায় বক্তব্য রাখেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল কাফি এবং প্রদর্শনীর উদ্বোধন করেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা সরিফা খাতুন। দু’দিনব্যাপী অনুষ্ঠানে নাটক, ফিল্ম স্ক্রিনিং ছাড়াও ‘অলিভের রক্ত’ শীর্ষক কবিতা পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক শুভরঞ্জন দাশগুপ্ত, কবি মৃদুল দাশগুপ্ত সহ বিশিষ্টজনেরা।

সাংবাদিক অর্ক ভাদুড়ির সঞ্চালনায় ‘গাজা গণহত্যাঃ কাদের হাতে রক্তের দাগ’? শীর্ষক আলোচনা করেন সাংবাদিক সুজন দত্ত ও সাংবাদিক স্নিগ্ধেন্দু ভট্টাচার্য। প্রিয়ক মিত্রের সঞ্চালনায় ‘দ্রোহ ও কবিতাঃ প্রতিরোধ ও নৈঃশব্দে প্যালেস্টাইন’ শীর্ষক আলোচনা করেন চিত্র সমালোচক সঞ্জয় মুখোপাধ্যায় ও সাহিত্য সমালোচক শুদ্ধব্রত দেব। ‘হকের কথা’ এবং ‘প্রতিরোধের গান’ পরিবেশনা করে সাম্পান, কোরাস ও বর্ণ অনন্য সঙ্গীতগোষ্ঠী। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সোহিনী ভট্টাচার্য। এই অনুষ্ঠানে কলকাতা, শহরতলি ছাড়াও বিভিন্ন জেলার সাধারণ মানুষ এবং ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ ছিল উৎসাহব্যঞ্জক।