Breaking News

এসআইআর-এর নামে মানুষের হয়রানির প্রতিবাদ

কোচবিহার

এসআইআর-এর নামে লক্ষ লক্ষ অসহায় বৃদ্ধ, প্রতিবন্ধী সহ সাধারণ মানুষের হয়রানি, নানা অজুহাতে যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টার প্রতিবাদে ও এআই দিয়ে নাগরিকত্ব প্রমাণের পদ্ধতি বাতিল, নথির সরলীকরণ করা, যথেষ্ট সময় নিয়ে ত্রুটিহীন তালিকা তৈরি, নির্বাচন কমিশন কর্তৃক এসআইআর আতঙ্কে মৃত্যুর দায় নেওয়া এবং পরিবারের সদস্যদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া, অনলাইনে ফরম জমা করা ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করে তালিকা প্রকাশ করার দাবি জানিয়ে এস ইউ সি আই (সি)-র পক্ষ থেকে জেলায় জেলায় বিক্ষোভ দেখানো হয় এবং জেলাশাসক, বিডিও অফিসে ডেপুটেশন দেওয়া হয়।

মেদিনীপুর

মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির পক্ষ থেকে ২০ জানুয়ারি মেদিনীপুর শহরে বিক্ষোভ এবং ডিএম দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়। উপস্থিত ছিলেন দলের জেলা সম্পাদক কমরেড নারায়ণ অধিকারী, জেলা কমিটির সদস্য কমরেড দীনেশ মেইকাপ, কমরেড সুরঞ্জন মহাপাত্র, কমরেড তাপস মিশ্র সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বীরভূম

রঘুনাথগঞ্জঃ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ১ ব্লকে এই দাবিগুলি সহ বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর দৈহিক ও মানসিক অত্যাচার ও খুন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে ২২ জানুয়ারি দলের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় এবং বিডিও-র কাছে ডেপুটেশন দেওয়া হয়। রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ডে প্রতিবাদ সভার পর বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে ছয় জনের একটি প্রতিনিধিদল স্মারকলিপি জমা দেন।

পলাশিপাড়াঃ দলের নদিয়া উত্তর জেলার পলাশিপাড়া ব্লক কমিটির পক্ষ থেকে ২২ জানুয়ারি পলাশিপাড়া বিডিও দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হয় ও পলাশিপাড়া বাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। নেতৃত্ব দেন জেলা কমিটির সদস্য কমরেডস মনিরুজ্জামান মণ্ডল, বাতশোভা বেগম, ফজলুর রহমান সেখ, আনারুল হক ও রফিকুল ইসলাম।