Breaking News

উচ্ছেদ বিরোধী আন্দোলন তীব্রতর করার ডাক

এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ৮ জুন এক বিবৃতিতে বলেন, বিজেপি ক্ষমতায় আসার পর রাজ্য জুড়ে যে বুলডোজার রাজ শুরু করেছে, ৭ জুন রাতে তার শিকার হয়েছেন যাদবপুর স্টেশন চত্বরের বাইরের হকাররা। রাতের অন্ধকারে এই আক্রমণের বিরুদ্ধে দলের কলকাতা জেলা কমিটির সদস্য, এআইইউটিইউসি-র রাজ্য সহসভাপতি ও সারা বাংলা হকার ইউনিয়নের সম্পাদক শান্তি ঘোষ সহ নানা হকার ইউনিয়ন, বামপন্থী রাজনৈতিক কর্মী, সাংস্কৃতিক আন্দোলনের কর্মী ও ছাত্ররা শান্তিপূর্ণ ভাবে সাহসী প্রতিরোধ গড়ে তোলেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও স্থানীয় মানুষের প্রবল প্রতিরোধ সত্ত্বেও পুলিশ নির্মম ভাবে আক্রমণ করে বুলডোজার দিয়ে দোকানগুলি গুঁড়িয়ে দেয়। অথচ হকার আইন ২০১৪, প্রোটেকশন অফ লাইভলিহুড অ্যান্ড রেগুলেশন আইন, যা সারা দেশের পক্ষে প্রযোজ্য তা অগ্রাহ্য করে স্টেশন চত্বরের বাইরের হকারদের উচ্ছেদ সম্পূর্ণ বেআইনি।

পুলিশি বর্বরতার প্রতিবাদে ধিক্কার মিছিল, বাঘাযতীন থেকে যাদবপুর ৮বি। বক্তব্য রাখেন রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য। ৮ জুন

এই আন্দোলনে পুলিশের বর্বর আক্রমণে কমরেড শান্তি ঘোষ ছাড়া এআইডিএসও-র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অফিস সম্পাদক কমরেড সুমন দাস, কমরেডস রঞ্জন দাস, কৌস্তভ চ্যাটার্জী এবং বিবেক সিংহ সহ আরও অনেকে আহত হন। তাঁদের কেপিসি মেডিকেল কলেজে চিকিৎসা করাতে হয়।

আমরা বিজেপি পরিচালিত রাজ্য সরকারের এই হকার উচ্ছেদের তীব্র নিন্দা করছি। পাশাপাশি যাদবপুরে আজ ধিক্কার মিছিলে সামিল হওয়ার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি এবং রাজ্যব্যাপী উচ্ছেদের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে উঠেছে তাকে তীব্রতর করার আবেদন রাখছি। এরই সাথে রাজ্য সরকারের কাছে অবিলম্বে গরিব মানুষের রুটি-রুজির উপর এই ঘৃণ্য আক্রমণ বন্ধের দাবি জানাচ্ছি।