
বুলডোজার দিয়ে হকার ও বস্তি উচ্ছেদ করার বিরুদ্ধে জেলায় জেলায় ১১ জুন এসডিও দফতরে বিক্ষোভ দেখাল এস ইউ সি আই (সি)। বিকল্প ব্যবস্থা না করে, স্থায়ী কর্মসংস্থানের কোনও দিশা না দেখিয়ে এই ‘বুলডোজার শাসন’ গোটা রাজ্যে গরিব মানুষের মধ্যে ভয়ের পরিস্থিতি তৈরি করেছে।
শুধু তাই নয়, এসজিএসটি এবং সিজিএসটি কমিয়ে, পেট্রোপণ্যকে জিএসটির আওতায় এনে পেট্রল-ডিজেলের দাম কমিয়ে মূল্যবৃদ্ধিতে জেরবার মানুষকে কিছুটা স্বস্তি দেওয়া যেত। তার বদলে এই সরকার গ্যাসে ভর্তুকি তুলে দিয়ে, পেট্রোপণ্যের দাম বাড়িয়ে জনজীবনকে আরও বিপন্ন করে তুলছে। নয়া জাতীয় শিক্ষানীতি চালু করে সরকারি শিক্ষা ব্যবস্থার সর্বনাশ করছে। সরকার জুলাই মাস থেকে স্মার্ট মিটার চালুর ঘোষণা করেছে, যা গ্রাহকদের আরও বিপদের মুখে ফেলবে। এ দিকে এসআইআর-এর কারণে যে ২৭ লক্ষ ভোটারের নাম অমীমাংসিত হয়ে রয়েছে, তার নিষ্পত্তিতে সরকারের কোনও তৎপরতা দেখা যাচ্ছে না।
মালদাঃ এই পরিস্থিতি পরিবর্তনের দাবিতে এসইউসিআই(সি)-র মালদা জেলা কমিটির পক্ষ থেকে ১১ জুন চাঁচলে বিক্ষোভ মিছিল হয়। মহকুমা শাসক দফতরের সামনে বিক্ষোভের পর ডেপুটেশন দেওয়া হয়। নেতৃত্ব দেন দলের জেলা কমিটির সদস্য উজ্জ্বলেন্দু সরকার সহ স্থানীয় নেতৃবৃন্দ।

রঘুনাথপুরঃ পুরুলিয়া উত্তর সাংগঠনিক জেলা কমিটির উদ্যোগে এ দিন রঘুনাথপুরে এস ডি ও দফতরে বিক্ষোভ হয়। জেলা সম্পাদক কমরেড লক্ষ্মীনারায়ণ সিনহার নেতৃত্বে প্রতিনিধি দল এসডিও-কে স্মারকলিপি দিয়ে উচ্ছেদ সমস্যার মানবিক সমাধান দাবি করেন।