Breaking News

আইএসআই বিলের বিরোধিতায় অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি

সম্প্রতি সংসদে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল ২০২৬ পেশ করা হয়। অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক তরুণকান্তি নস্কর ২ আগস্ট এক বিবৃতিতে বলেন, এই বিল আইনে পরিণত হলে প্রশান্ত চন্দ্র মহলানবিশ কর্তৃক ৯৫ বছর আগে প্রতিষ্ঠিত স্বশাসিত সেন্টার অফ এক্সেলেন্স আইএসআই বাস্তবে কেন্দ্রীয় সরকারের একটি দফতরে পর্যবসিত হবে। আইএসআই কেবল এ রাজ্যে বা এ দেশে নয়, সারা বিশ্বে রাশিবিজ্ঞানের ক্ষেত্রে একটা নতুন ধারা সৃষ্টি করেছে। শিক্ষা ও গবেষণায় স্বাধিকার সুনিশ্চিত করার ফলেই তা একমাত্র সম্ভব হয়েছে। এই আইনের বলে বোর্ড অফ গভর্নরস হবে সরকার মনোনীত, ডিরেক্টর নির্বাচিত হওয়ার পরিবর্তে সরকার দ্বারা মনোনীত হবেন। এর ফলে শিক্ষণ ও গবেষণায় সরকারি হস্তক্ষেপ মসৃণ হবে। জাতীয় শিক্ষানীতিতে শিক্ষার চূড়ান্ত কেন্দ্রীকরণের যে কথা বলা হয়েছে এই বিল তারই অনুসারী। অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি সংশ্লিষ্ট দফতরের মন্ত্রীকে এক বছর আগে স্মারকলিপি দিয়ে এই বিল সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছিল। তিনি বলেন, আমরা আবারও তা বাতিল করার দাবি জানাচ্ছি।