
আইসিডিএস কর্মী ও সহায়িকাদের বেতন বৃদ্ধি এবং ডিম, সব্জি, জ্বালানির মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে বরাদ্দ বৃদ্ধি ও দীর্ঘ বঞ্চনার প্রতিবাদ জানিয়ে ওয়েস্ট বেঙ্গল ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের ডাকে ২০ জানুয়ারি কলকাতার রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে কয়েক হাজার কর্মীর সুসজ্জিত মিছিল ধর্মতলায় গিয়ে বিক্ষোভ দেখায়। বিশাল পুলিশ বাহিনী কলকাতা কর্পোরেশনের কাছে মিছিল আটকায়। কর্মী-সহায়িকারা বিক্ষোভে ফেটে পড়েন।
শেষ পর্যন্ত আন্দোলনকারীদের বিক্ষোভের সামনে পুলিশ প্রশাসন রাজ্যপাল, সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী ও ডাইরেক্টরের দপ্তরে প্রতিনিধিদের নিয়ে যেতে বাধ্য হয়। রাজ্যপাল এবং বিভাগীয় মন্ত্রী অন্যান্য বিষয়গুলি দেখার প্রতিশ্রুতি দিলেও অনারারিয়াম বৃদ্ধির ক্ষেত্রে কোনও সদুত্তর দিতে পারেননি। ইউনিয়নের রাজ্য সম্পাদিকা মাধবী পণ্ডিত জানান, দাবিগুলি না মিটলে তাঁরা ধর্মঘটে যেতে বাধ্য হবেন।