Breaking News

রাজ্য জুড়ে শতাধিক বইয়ের স্টলে দুষ্কৃতী হামলা

হুগলির সোমড়াবাজার

এ বছর শারদ উৎসবে এসইউসিআই(কমিউনিস্ট) সহ বামপন্থীদের বইয়ের স্টলে বিজেপির দুষ্কৃতী বাহিনী এবং পুলিশ-প্রশাসন নজিরবিহীন হামলা চালায়। উৎসবের শুরু থেকে লাগাতার এই হামলা চলতে থাকে। অত্যন্ত আনন্দের বিষয়, প্রায় প্রতিটি ক্ষেত্রে দলের কর্মীরা ভাঙা স্টল মেরামতের পর নতুন করে কাজ শুরু করেন। এই হামলা রাজ্যের বামপন্থী এবং গণতান্ত্রিক মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি করে। তাঁরা এর তীব্র প্রতিবাদ করেন, স্টলে এসে বই কিনে সংহতি জানান। অনেকেই বলে যান, এই গুন্ডামির প্রতিবাদ জানাতেই তিনি বই কিনছেন। রাজ্য জুড়ে এসইউসিআই(সি)-র বুকস্টলে বিজেপির হামলার কিছু নমুনা–

১৬ অক্টোবরঃ রাতে শ্যামবাজার স্টলে দুষ্কৃতীরা হামলা চালিয়ে স্টল লণ্ডভণ্ড করে। ট্যাংরায় বিজেপির গুন্ডাবাহিনী হামলা চালিয়ে স্টল ভেঙে দেয়। দক্ষিণ চব্বিশ পরগণায় রাধাকান্তপুর আটেশ্বরতলা স্টলে বিজেপি বাহিনী হামলা চালায়। মৈপীঠ শনিবারের বাজার ও বৈকুণ্ঠপুরের দুটি স্টল, পশ্চিম মেদিনীপুরে বেলদায়, বহরমপুরের গোরাবাজারে স্টল ভেঙে দেয়। বাঁকুড়ার সোনামুখীতে থানার আইসি এসে স্টল তুলে নেওয়ার জন্য হুমকি দেন। বেহালার পূর্বপাড়া জেমস লং, ম্যান্টন, কদমতলা বাজার এবং সখেরবাজার ডিএইচ রোডের বুকস্টলে দুষ্কৃতী বাহিনী বইপত্র নিয়ে ছিঁড়েখুঁড়ে রাস্তায় ফেলে দেয়, কর্মীদের মারধর করে, চেয়ার টেবিল আছড়ে ভাঙে। ঘটনার প্রতিবাদ জানিয়ে ঠাকুরপুকুর থানায় অভিযোগ জানাতে যাওয়া হলে সেখানে দায়িত্বপ্রাপ্ত অফিসার ডেপুটেশন কপি নিতে অস্বীকার করেন। বাইক বাহিনী ‘জয় শ্রীরাম’ আওয়াজ তুলে এসে গার্ডেনরিচে স্টল ভেঙে দেয়। হরিদেবপুরে এম জি রোডের বুক স্টল এক উন্মত্ত বাইক বাহিনী এসে ভেঙে গুঁড়িয়ে দেয়। চেয়ার টেবিল হ্যালোজেন লাইট ভেঙে ফ্ল্যাগ-ফেস্টুন ছিঁড়ে দেয়। দলের পক্ষ থেকে হরিদেবপুর থানায় ডেপুটেশন দেওয়া হয়।

১৭ অক্টোবরঃ ক্যানিং, সিউড়ির পুরন্দরপুর, মুর্শিদাবাদের নওদা, মথুরাপুর, চিত্তরঞ্জন, রূপনারায়ণপুর, আসানসোল কোর্ট মোড়, বর্ধমানের ছোট নীলপুর, হুগলির সোমড়াবাজারে স্টল ভেঙে দিয়ে যায় দুষ্কৃতীরা।

১৮ অক্টোবরঃ কোচবিহার শহরে সাগরদিঘির কাছারি মোড় বুকস্টল ভেঙে দেয় দুষ্কৃতীরা। উত্তর চব্বিশ পরগণার ভাটপাড়ায় পুলিশ চাপ দিয়ে স্টল তুলে দিতে বাধ্য করে। দত্তপুকুরে আরপিএফকে নিয়ে গুন্ডাবাহিনী স্টল ভেঙে দেয়। নদিয়ার চাপড়ায় স্টলে বিজেপির গুন্ডাবাহিনী হামলা চালায়। আইনজীবী কমরেড মোজাম্মেল হককে মেরে মাথা ও গাল ফাটিয়ে দেয়। কল্যাণী, তাহেরপুর, গয়েশপুরের গোকুলপুরে স্টল ভেঙে দেয়। মাথাভাঙা, মালদার চাঁচল, হুগলির আরামবাগ, পুরুলিয়ার নীলকুঠিডাঙা, হাওড়ার বাগনানে স্টল ভেঙে দেয় দুষ্কৃতীরা।

১৯ অক্টোবরঃ হলদিয়ার ব্রজলাল চকে, পাঁশকুড়া পুরাতন বাজারে, হাউর স্টেশন বাজারে, ময়নার আসনান, নিমতৌডি, রাধাবল্লভপুর স্টলে ভাঙচুরের ঘটনা ঘটে। বাদুড়িয়ায়, কাঁচরাপাড়ায় গোকুলপুরে পুলিশ ও দুষ্কৃতী বাহিনী স্টল ভেঙে দেয়।

২১ অক্টোবরঃ পূর্ব মেদিনীপুরের ময়নাতে আসনান বাজারে স্টল ভেঙে দেয়। জয়নগরের স্টল বন্ধ করতে আইসি জোর করেন। হলদিয়ার চৈতন্যপুরে, পূর্ব মেদিনীপুরের ডিমারি রাধাবল্লভপুরে স্টল পুড়িয়ে দেয় দুষ্কৃতী বাহিনী।

২২ অক্টোবরঃ ঢাকুরিয়ার বাবুবাগানে পুরসভার কর্মীরা এবং পুলিশ এসে স্টল ভেঙে দেয়। বাগুইআটির জগৎপুরে দলের বুক স্টলে বিজেপি দুষ্কৃতীরা সমস্ত বই পাশের খালের জলে ফেলে দেয়, যাদবপুরে সিপিএমের স্টল ভাঙতে পুলিশ এলে, এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর কর্মীরা সিপিএমের কর্মীদের সঙ্গে যৌথভাবে প্রতিবাদে শামিল হন। ভোর রাতে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর স্টল পুলিশ ভেঙে দেয়। নিউটাউনে বিশ্ববাংলার গেটে দুষ্কৃতীরা দলের স্টল ভেঙে দেয় এবং বইগুলো নিয়ে চলে যায়। জয়নগরের নিমপীঠে বিজেপির চাপে আইসি স্টল তুলে নেওয়ার জন্য চাপ দেন।