Breaking News

কমরেড সুজিত ভট্টশালী-র জীবনাবসান

এসইউসিআই(কমিউনিস্ট)-এর পূর্বতন রাজ্য কমিটির সদস্য ও নদিয়া জেলার প্রাক্তন সম্পাদক কমরেড সুজিত ভট্টশালী দীর্ঘ রোগভোগের পর গত ১৯ সেপ্টেম্বর ৮২ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

পরদিন তাঁর মরদেহ দলের কেন্দ্রীয় দফতরে নিয়ে আসা হলে কলকাতা, নদিয়া সহ সংলগ্ন জেলাগুলি থেকে কর্মীরা সেখানে সমবেত হন। দলের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ ও পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য সহ অন্য পলিটবুরো সদস্যদের পক্ষে মরদেহে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। নিমতলা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

কমরেড সুজিত ভট্টশালী বর্তমান ঝাড়খণ্ডের চাকুলিয়ায় স্কুলশিক্ষা শেষ করার পর গত শতকের ৬০-এর দশকের শেষ দিকে কলকাতার চারুচন্দ্র কলেজে ভর্তি হন। এই কলেজেই তিনি কমরেড মুকুন্দ ঘোষের সংস্পর্শে এসে ছাত্র সংগঠন এআইডিএসও-র সঙ্গে যুক্ত হন। সেই সময় কলকাতার মুদিয়ালিতে মূলত ছাত্রদের দ্বারা পরিচালিত হত বিচিত্রা পাঠাগার। কমরেড সুজিত ভট্টশালী সেখানে যাতায়াত শুরু করেন। সেখানেই দলের বর্তমান সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষের সঙ্গে তাঁর পরিচয় হয়। সর্বহারার মহান নেতা কমরেড শিবদাস ঘোষের চিন্তার সংস্পর্শে এসে দলের কাজেও তিনি নিয়োজিত হন।

১৯৭৩ সালে চাকুলিয়ায় ছাত্র সম্মেলনকে সামনে রেখে নতুন এলাকায় ছাত্র সংযোগ গড়ে তোলার জন্য কমরেড সুজিত ভট্টশালী সহ কয়েকজনকে সেখানে পাঠানো হয়। তিনি চাকুলিয়ায় উল্লেখযোগ্য সাংগঠনিক ভূমিকা পালন করেন। সেই কাজ দেখেই কমরেড শিবদাস ঘোষ তাঁকে অফিসের কাজে আবদ্ধ না রেখে সাংগঠনিক কাজের দায়িত্ব দিতে বলেন। ১৯৭৪ সালে কমরেড শিবদাস ঘোষের পরামর্শক্রমে কমরেড প্রভাস ঘোষ কমরেড সুজিত ভট্টশালীকে সংগঠনের কাজ দেখাশোনার জন্য নদিয়া জেলায় পাঠান। সেই সময়ে জেলার সদর শহর কৃষ্ণনগরে থাকার মতো কোনও নির্দিষ্ট জায়গা ছিল না। এখানকার কমরেডদের ছিল প্রবল আর্থিক অনটন। কমরেড সুজিত ভট্টশালী তখন দলের সঙ্গে যুক্ত কিছু দরিদ্র পরিবারেই থাকতেন এবং অতি অল্প সময়ের মধ্যেই বেশ কিছু ক্ষেত্রে তিনি সেই সব পরিবারেরই একজন হয়ে উঠেছিলেন। দলের সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক হিসাবে কাজ করতে করতেই ১৯৮৭ সালে সম্মেলনের মধ্য দিয়ে তিনি নদিয়া জেলা সম্পাদক হন। ওই একই বছরে তিনি দলের রাজ্য কমিটির সদস্য নির্বাচিত হয়েছিলেন।

কংগ্রেসের শাসনের শেষ দিকে অপশাসন ও গণতান্ত্রিক অধিকার হরণের বিরুদ্ধে জেলার আন্দোলনে, ১৯৭৯ সাল থেকে প্রাথমিক স্তরে ইংরেজি ও পাশ-ফেল প্রথা তুলে দেওয়ার বিরুদ্ধে গণআন্দোলনে এবং ১৯৮৩ সালে বাসভাড়া বৃদ্ধির বিরুদ্ধে জেলাব্যাপী আন্দোলনে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। ১৯৮০ সালে কমরেড সুজিত ভট্টশালী কাঠমিস্ত্রিদের সংগঠিত করে নদিয়া জেলা কার্পেন্টার্স অ্যান্ড পলিশার্স ইউনিয়ন গড়ে তোলেন। তিনি ছিলেন এই ইউনিয়নের সভাপতি। ১৯৯০ সালে ১৩টি বামপন্থী পার্টির জোট ভাড়াবৃদ্ধি ও দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে যে ঐতিহাসিক আন্দোলন গড়ে তুলেছিল, সেই যুক্ত আন্দোলনে নদিয়া জেলায় তাঁর উজ্জ্বল ভূমিকা অন্যান্য শরিক দলগুলিও মুক্তকণ্ঠে স্বীকার করতেন। ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের পর সারা দেশে যে সাম্প্রদায়িক উত্তেজনা ও দাঙ্গা ঘটানো হয়েছিল, সেই আবহে কয়েকজনকে সঙ্গে নিয়ে তিনি বলিষ্ঠ ভাবে তার বিরুদ্ধে দাঁড়ান।

২০০৩-০৪ সালে কমরেড সুজিত ভট্টশালী ট্রেড ইউনিয়নের প্রয়োজনে কলকাতায় কাজ শুরু করেন। ২০০৩ সালে বামফ্রন্ট সরকার কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে টানা রিকশা চালানো নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিলে কমরেড সুজিত ভট্টশালী টানারিকশা-চালকদের সংগঠিত করে তাদের ইউনিয়ন গড়ে তোলার কাজ শুরু করেন। ইতিমধ্যেই সারা রাজ্যে মোটরভ্যান চালকদের ভ্যান চালানো নিষিদ্ধ করার অপচেষ্টা শুরু হয়। কমরেড সুজিত ভট্টশালী মোটর ভ্যানচালকদের সমিতি গঠনে নিয়োজিত হন এবং এই সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীকালে তিনি সেই কমিটির সভাপতি নির্বাচিত হন। তিনি ছিলেন ট্রেড ইউনিয়ন এআইইউটিইউসি-র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সহ-সভাপতি।

কমরেড সুজিত ভট্টশালী ২০১৮ সালে দলের রাজ্য সম্মেলনের আগে নিজের শারীরিক অসুস্থতার কারণে দলের কাজ না করতে পারার বেদনা থেকে রাজ্য কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি চান। তখন থেকে দল তাঁকে রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ মিটিংগুলিতে আমন্ত্রিত সদস্য হিসেবে গণ্য করত। এর পর শারীরিক অসুস্থতার কারণে তিনি মূলত গৃহবন্দি ছিলেন। অসুস্থতা সত্ত্বেও তিনি সবসময়ই সংগঠনের কাজকর্মের এবং দলের নেতাকর্মীদের খোঁজখবর রাখতেন। দলের কাজ বা সাংগঠনিক বিষয়ে আলোচনায় অন্যদের সাথে বিতর্ক দেখা দিলেও তিনি তা ব্যক্তিগতভাবে নিতেন না। যার সাথে বিতর্ক, কিছুক্ষণ পরেই দেখা যেত, তাঁর সাথেই কমরেড সুজিত ভট্টশালীর হাসিমুখে আলাপচারিতা। তিনি সব সময়ই দলের কর্মী, সমর্থক, দরদি এবং সাধারণ মানুষের সঙ্গে গভীরভাবে মিশতেন এবং এই গুণের জন্যই তিনি অতি দ্রুত তাদের আপনজন হয়ে উঠতেন।

৭ অক্টোবর নদিয়ায় কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি হলে তাঁর স্মরণসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন দলের পলিটবুরো সদস্য সৌমেন বসু ও রাজ্য কমিটির সদস্য সেখ খোদাবক্স এবং পূর্বতন জেলা সম্পাদক মহিউদ্দিন মান্নান।

কমরেড সুজিত ভট্টশালী লাল সেলাম