যত দিন ব্যক্তিগত মালিকানা আছে, তত দিন রাষ্ট্র আসলে পুঁজিপতিদের হাতে শ্রমিকদের দমন করার যন্ত্র— ভি আই লেনিন

… রাষ্ট্র সম্পূর্ণ স্বাধীন এবং সবার স্বার্থরক্ষাই তার উদ্দেশ্য– এই বুর্জোয়া মিথ্যাটা যে শুধু জ্ঞানপাপীরা, বিজ্ঞানী ও ধর্মযাজকরাই আঁকড়ে ধরে ও সমর্থন করে তা নয়, অনেক লোক, যারা মনেপ্রাণে পুরনো কুসংস্কারে বিশ্বাস করে এবং যারা পুরনো পুঁজিবাদী সমাজ থেকে সমাজতন্তে্র রূপান্তর বুঝতে পারে না, তারাও তাই করে। শুধু বুর্জোয়া শ্রেণির উপর সরাসরি ভাবে নির্ভরশীল মানুষরা নয়, পুঁজির জোয়ালে নিপীড়িত যারা, বা যারা পুঁজির কাছে ঘুষ খেয়েছে (নানা ধরনের বিপুল সংখ্যায় বিজ্ঞানী, শিল্পী, ধর্মযাজক ইত্যাদি যারা পুঁজির সেবায় নিযুক্ত) শুধু তারা নয়, এমনকি সাধারণ মানুষ, ব্যক্তিস্বাধীনতা সম্পর্কে বুর্জোয়া ধারণা যাদের কুসংস্কারের মতো পেয়ে বসেছে, তারাও সারা দুনিয়া জুড়ে বলশেভিকদের বিরুদ্ধে খড়গহস্ত হয়েছে। কারণ প্রতিষ্ঠালগ্নেই সোভিয়েত প্রজাতন্ত্র বুর্জোয়াদের এই মিথ্যে কথাগুলো অস্বীকার করে স্পষ্ট বলে দিয়েছিল– আপনারা বলেন যে, আপনাদের রাষ্ট্র স্বাধীন, কিন্তু আসলে, যত দিন ব্যক্তিগত মালিকানা আছে, তত দিন গণতান্ত্রিক প্রজাতন্ত্র হলেও রাষ্ট্র আসলে শ্রমিকদের দমন করার জন্য পুঁজিবাদীদের হাতের যন্ত্র ছাড়া কিছু নয়। আর সে রাষ্ট্র যত বেশি স্বাধীন, তার দমনমূলক চরিত্রটিও ততই প্রকট। এর উদাহরণ হল ইউরোপে সুইজারল্যান্ড আর আমেরিকা মহাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র। এ দেশ দুটো যদিও গণতান্ত্রিক প্রজাতন্ত্র, কিন্তু যতই পালিশ চড়িয়ে এদের সুন্দর করে দেখানো হোক, গণতন্ত্র ও জনগণের সমানাধিকারের কথা যত জোর গলায় বলা হোক, তা সত্তে্বও, পুঁজি আর কোথাও এখানকার মতো এত খোলাখুলি, এত নির্মম শাসন চালায় না। … পুঁজির জোরই আসলে সব, স্টক এক্সচেঞ্জই সব, আর পার্লামেন্ট ও নির্বাচন হল শুধু ফাঁকা ঠাট, ঠুনকো মাটির পুতুল। কিন্তু দিনে দিনে শ্রমিকদের চোখ ফুটছে এবং বিশেষ করে সাম্প্রতিক হত্যালীলার পর সোভিয়েত রাজের ধারণা ক্রমশ ব্যাপক হয়ে উঠছে। পুঁজিপতিদের বিরুদ্ধে নির্মম সংগ্রাম চালানো যে জরুরি, দিনে দিনে আরও স্পষ্ট হয়ে উঠছে শ্রমিক শ্রেণির কাছে।

প্রজাতন্ত্রের খোলসটা যাই হোক না কেন, সবচেয়ে গণতান্ত্রিক প্রজাতন্ত্র হলেও যদি সেটা বুর্জোয়া প্রজাতন্ত্র হয়, যদি জমি ও কল-কারখানার ব্যক্তিগত মালিকানা বজায় থাকে এবং ব্যক্তিগত পুঁজি গোটা সমাজকে মজুরি-দাস বানিয়ে ফেলে, … তবে সেই রাষ্ট্র হল সংখ্যাগরিষ্ঠ একদল মানুষের উপর মুষ্টিমেয় মানুষের আধিপত্য চাপিয়ে রাখার দমনমূলক হাতিয়ার। আমরা সেই রাষ্ট্রযন্ত্র দখল করে এমন একটি শ্রেণির হাতে দেব, যারা পুঁজির সর্বময় ক্ষমতার অবসান ঘটাবে। রাষ্টে্রর সর্বজনীন সমতা বিষয়ে পুরনো সব কুসংস্কার আমরা উড়িয়ে দেব, কারণ এ সবই শুধু ভাঁওতা। যত দিন সমাজে শোষণ থাকে, তত দিন সমতা আসতে পারে না। জমিদার ও মজুর সমান হতে পারে না, ভুখা মানুষ ও ভরপেট মানুষ সমান হতে পারে না। রাষ্ট্র মানে জনগণের শাসন– এই পুরনো আষাঢ়ে গল্পে বিশ্বাস করে রাষ্ট্র নামের যে যন্ত্রটাকে লোকে কুসংস্কার ও ভয় মেশানো শ্রদ্ধায় মাথা নিচু করে মেনে নিত, সর্বহারা শ্রেণি সেই যন্ত্রটিকে পরিত্যাগ করে ঘোষণা করে– এ হল বুর্জোয়া মিথ্যাচার। … যখন কোথাও আর শোষণের সম্ভাবনা থাকবে না, যখন জমির মালিক ও কারখানার মালিক বলে কেউ থাকবে না, কেউ ভুরিভোজন করে আর কেউ উপোস করে, এ অবস্থা যখন আর থাকবে না– এ সবের সম্ভাবনা যখন আর থাকবে না, একমাত্র তখনই আমরা এ যন্ত্রটিকে বাতিল করে ছাইগাদায় ফেলে দিতে পারব। তখন আর রাষ্ট্র থাকবে না, শোষণও থাকবে না। এই হল আমাদের কমিউনিস্ট পার্টির দৃষ্টিভঙ্গি।

(‘রাষ্ট্র’ বই থেকে)