Breaking News

প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে এবং বহু মানুষকে উচ্ছেদ করে জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের বিরুদ্ধে অরুণাচলে স্বতঃস্ফূর্ত বনধ

অরুণাচলের সিয়াং নদীর উপরে ভারতের সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করার কাজ শুরু হয়েছে। একই সাথে শুরু হয়েছে ১১ হাজার ২০০ মেগাওয়াটের বিদ্যুৎ প্রকল্পের বিরোধিতা। মুখ্যমন্ত্রী পেমা খান্ডু দাবি করেছেন তিব্বতে চিন যে ৬০ হাজার মেগাওয়াটের জলবিদ্যুৎ প্রকল্প গড়ছে, তার মোকাবিলাতেই জলবিদ্যুৎ প্রকল্প গড়ার সিদ্ধান্ত। কিন্তু এই প্রকল্পের বিরোধিতা করছে আদি জনগোষ্ঠী। কারণ প্রকল্পটি বাস্তবায়িত হলে বিপুল পরিমাণ কৃষিভূমি এবং বনাঞ্চল ধ্বংস হবে, ব্যাপক সংখ্যক মানুষ ভিটেমাটি থেকে উচ্ছেদ হয়ে জীবিকা হারাবেন। জনগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি তথা পরম্পরাগত জীবনধারা বিপর্যস্ত হয়ে যাওয়ার আশঙ্কা প্রতিবাদকারীদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

বিক্ষোভকারীদের দাবি, তাঁরা জলবিদ্যুৎ প্রকল্পের বিরোধী নন, বরং যে আকারের জলবিদ্যুৎ প্রকল্প গড়া হচ্ছে, তার বিরোধিতা করছেন। সরকার ছোট আকারের জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়তেই পারে। যে বৃহদাকার জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে, তাতে রাজ্যের ভৌগোলিক পরিবেশও ক্ষতিগ্রস্ত হবে। নেমে আসতে পারে বড় ধরনের বিপর্যয়ও। এর বিরুদ্ধে স্থানীয় সাধারণ মানুষ আন্দোলনে নেমেছেন। ১ নভেম্বর থেকে ৩৬ ঘণ্টার সফল বনধ পালিত হয়েছে। বিভিন্ন দল ও সংগঠন অরুণাচলের সিয়াং, পূর্ব সিয়াং এবং আপার সিয়াং জেলা বনধের ডাক দিয়েছিল। এই কর্মসূচি ব্যর্থ করতে সরকার বিভিন্ন দমনমূলক পদক্ষেপ নেয়। বনধ চলাকালীন পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে। আহত হন মহিলা সহ অনেকেই। বহু আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়। এ সব উপেক্ষা করেই সরকারি অফিস, স্কুল, দোকানপাট, ব্যবসায়ী প্রতিষ্ঠান সহ সকল ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ রূপে বন্ধ হয়ে পড়ে।

কেন্দ্র ও বিভিন্ন রাজ্যে সরকারগুলি উন্নয়নের নামে দেশের প্রাকৃতিক সম্পদ জল, জঙ্গল, জমি, পাহাড, বনাঞ্চল ইত্যাদি বেসরকারি মালিকদের হাতে তুলে দিচ্ছে। তারা প্রকৃতির উপর যথেচ্ছাচার করে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। এর বিরুদ্ধে সর্বত্রই মানুষ আন্দোলনে শামিল হয়েছেন। প্রকল্প স্থগিতের পাশাপাশি এখন দাবি– ধৃত আন্দোলনকারীদের নিঃশর্ত মুক্তি, এলাকা থেকে নিরাপত্তা বাহিনী প্রত্যাহার, স্থানীয় জনগোষ্ঠীর মানুষদের ভিটে মাটি ও জীবন জীবিকা থেকে উচ্ছেদ বন্ধ করা ইত্যাদি।

(গণদাবী ৭৯ বর্ষ ১৫ সংখ্যা ২০-২৬ নভেম্বর ২০২৬)