
বিদ্যাসাগরের চর্চা করা হবে রাষ্ট্রবাদের দৃষ্টিভঙ্গি থেকে। বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে সরকারি অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি বলেছেন ‘‘বিগত ৫০ বছর ধরে বিদ্যাসাগর চর্চার বিশ্লেষণের ধারা ছিল বামপন্থী ধারা, আমরা তা ভাঙব, রাষ্ট্রবাদী আলোকে বিদ্যাসাগরকে প্রতিষ্ঠা করব।’’ ভারতবর্ষের নবজাগরণের প্রাণপুরুষ ও মহান মানবতাবাদী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ‘বামপন্থী’ না ‘রাষ্ট্রবাদী’ কোন দৃষ্টিভঙ্গিতে জানব বা বিচার করব, এই প্রশ্ন আজ পর্যন্ত কখনও এ দেশে কোনও মানুষ করেছেন কি না আমাদের জানা নেই। শাসন ক্ষমতায় অধিষ্ঠিত বিজেপির শিক্ষামন্ত্রী কিন্তু এই প্রশ্ন তুললেন। বুঝতে অসুবিধা হয় না যে, বিজেপি বিভিন্ন মনীষী ও বড় মানুষদের সম্পর্কে ধারাবাহিকভাবে অসত্য ও বিকৃত তথ্য এবং ঘটনা পরিবেশনের মাধ্যমে তাঁদের চরিত্রকে কালিমালিপ্ত করার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এ বার সেই প্রচেষ্টার নিশানা হলেন মহান বিদ্যাসাগর। আমরা এও জানি যে, রাষ্ট্রবাদী আলোকে বিদ্যাসাগর চর্চার নামে আসলে তারা তাদের হিন্দুত্ববাদী, সাম্প্রদায়িক, ধর্মীয় রাজনীতির অ্যাজেন্ডার সঙ্গে বিদ্যাসাগরের চরিত্রকে খাপ খাওয়ানোর হীন প্রচেষ্টা শুরু করবে। ভারতবর্ষের সামন্ততন্ত্র বিরোধী নবজাগরণের সংগ্রামকে ভিত্তি করে যে আধুনিক চিন্তা ও ধ্যান ধারণার উন্মেষ ঘটেছিল, বিদ্যাসাগর ছিলেন সেই নবজাগরণের পথিকৃৎ। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়েই ভারতবর্ষে জাতীয় সমস্বার্থবোধ বা আধুনিক ভারতীয় জাতীয় রাষ্ট্র গড়ে ওঠার প্রক্রিয়া শুরু হয়েছিল– যার ফলশ্রুতিতে ১৯৪৭ সালের ১৫ আগস্ট রাজনৈতিক স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে ভারতবর্ষ একটি স্বাধীন, সার্বভৌম, জাতীয় রাষ্ট্র রূপে আত্মপ্রকাশ করে। আধুনিক জাতীয় রাষ্ট্র গড়ে ওঠার এই ইতিহাস নির্দেশিত সত্যের বিপরীতে বিজেপির রাষ্ট্রবাদ হল হিন্দু ধর্মভিত্তিক রাষ্ট্ররূপে ভারতকে সামনে আনা– যা আসলে একটি সর্বৈব কল্পিত ও অসত্য ও রাষ্ট্র ধারণা।
বিদ্যাসাগর ছিলেন এ দেশের নবজাগরণের আপসহীন চিন্তার বলিষ্ঠ প্রতিনিধি। তিনি ছিলেন একজন সেকুলার হিউম্যানিস্ট। তিনি মনে করতেন ধর্ম মানুষের ব্যক্তিগত বিষয় এবং কোনও ধর্মবিশ্বাসীর ব্যক্তিগত বিশ্বাসের উপর আঘাত করা উচিত নয়। কিন্তু সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে, সামাজিক আন্দোলনের প্রশ্নে ধর্মভিত্তিক মূল্যবোধ আজ আর মানুষকে পথ দেখাতে পারে না। আমরা দেখেছি বিদ্যাসাগর যখন কলেজে অধ্যক্ষ তখন সংস্কৃত কলেজে বিশপ বার্কলের ‘ইনকোয়ারি’ পড়ানোর সুপারিশের তীব্র বিরোধিতা করে তিনি বলেছিলেন– ‘‘কতকগুলি কারণে সংস্কৃত কলেজে বেদান্ত ও সাংখ্য আমাদের পড়াতেই হয়। কী কারণে পড়াতে হয় তা এখানে উল্লেখ করার প্রয়োজন নেই। কিন্তু সাংখ্য ও বেদান্ত যে ভ্রান্ত দর্শন সে সম্বন্ধে এখন আর বিশেষ মতভেদ নেই।’’ এই হল বিদ্যাসাগরের সেকুলার দৃষ্টিভঙ্গি। তিনি যে এই দর্শনগুলির উপর আস্থাশীল নন, এ কথা তিনি ঘোষণা করেছেন, আবার যাদের আবেগ রয়েছে তাদের আবেগেও তিনি আঘাত করেননি। এ দেশে সংস্কৃত ভাষা পড়ানোকেও তিনি কখনও গুরুত্ব দেননি। তিনি সংস্কৃত কলেজে আধুনিক ইংরেজি শিক্ষার প্রবর্তন করেছিলেন। তিনি চাইতেন যে, এ দেশে আধুনিক বিজ্ঞান চিন্তার প্রসার ঘটুক। তিনি বলেছেন, ‘‘যেখানেই আধুনিক ইউরোপীয় জ্ঞানের আলো পৌঁছেছে এবং যতটুকু পৌঁছেছে, সেখানে ততটুকু এ দেশীয় শাস্ত্রীয় বিদ্যার প্রভাব কমেছে। ফলে এই শিক্ষার প্রসার বাড়াতে হবে।’’ বলেছেন, ‘‘সংস্কৃতে অঙ্ক শেখানো খুব জটিল কাজ এবং সময় লাগে, ইংরেজি ভাষার মাধ্যমে অঙ্ক শেখানো হোক, অর্ধেক সময়ে শিখবে।’’ আরও বলেছেন, ‘‘এমন শিক্ষক চাই যারা বাংলা ভাষা জানে, ইংরেজি ভাষা জানে, আর ধর্মীয় সংস্কারমুক্ত।’’ তিনি মনে করতেন যে সংস্কৃত কলেজের ছাত্ররা ইংরেজি ভাষায় পারদর্শী হলে তবেই তারা মাতৃভাষার উন্নতি ঘটাতে পারবে। অর্থাৎ সংস্কৃতের সঙ্গে ইংরেজি চর্চা না করলে বাংলা ভাষার বিকাশ ঘটা সম্ভব নয়। তিনি বলেছেন যে, বাংলা ভাষার ভিত্তি হল সংস্কৃত। তাই সংস্কৃত শিখতে হবে, কিন্তু সংস্কৃত ভাষার দ্বারা আধুনিক জ্ঞান-বিজ্ঞানের চর্চা সম্ভব নয়, তাই ইংরেজি শিখতে হবে।’’ তা হলে বিজেপি জাতীয় শিক্ষানীতিতে যে ত্রিভাষা নীতি নিয়ে এসেছে এবং যে নীতির মধ্য দিয়ে সংস্কৃত ও হিন্দিকে সমস্ত ভাষাভাষীদের ওপর চাপিয়ে দিতে চাইছে তার সাথে বিদ্যাসাগরের চিন্তার কোনও সংযোগ আছে কি? বিদ্যাসাগর নিজে সংস্কৃতে পণ্ডিত হয়ে এবং সংস্কৃত কলেজের অধ্যক্ষ থাকা সত্তে্বও সর্বদা ইংরেজি ভাষা ও আধুনিক চিন্তার পক্ষেই সওয়াল করেছেন। আর আজ বিজেপি আধুনিক চিন্তার বিরুদ্ধে দাঁড়িয়ে পুরনো অন্ধতা ও ধর্মীয় চিন্তার প্রসার ঘটাতে চাইছে দেশ জুড়ে।
ব্যক্তিগত জীবনেও বিদ্যাসাগর সর্বদা নবজাগরণের আধুনিক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে বাস্তব জগতের সত্যকে বিচার করতে ও বুঝতে চেয়েছেন। নিজে বলছেন, ‘‘আমি দর্শন পড়েছি, কিন্তু দুর্বোধ্য বিষয়, কিছুই ভালো করে বোঝা যায় না, পণ্ডিত মশাই পড়ানোর সময় যখন জিজ্ঞাসা করতেন, ঈশ্বর বোঝো তো? আমি বলতাম, আপনিও যেমন বোঝেন, আমিও তেমন বুঝি, পড়িয়ে যাচ্ছেন পড়িয়ে যান।’’ শুধু ধর্মীয় আচার-আচরণের প্রতিই নয়, ধর্মের মূল ধারণার উপরেও তাঁর বিশ্বাস ছিল না।
তাই বিজেপির কল্পিত হিন্দু ধর্মভিত্তিক রাষ্ট্রবাদী চিন্তা ও বিদ্যাসাগরের আধুনিক বলিষ্ঠ পার্থিব মানবতাবাদী চিন্তা সম্পূর্ণ বিপরীত। বিদ্যাসাগর সেকুলার মানবতাবাদী দৃষ্টিভঙ্গির ভিত্তিতে অপার্থিব থেকে পার্থিবের প্রতি, স্বর্গলোকের দেবতা থেকে মর্তলোকের মানুষের প্রতি, অদৃশ্য অলৌকিক জগত থেকে দৃশ্যমান বহির্জগতের প্রতি মানুষের চিন্তাকে পরিচালিত ও কেন্দ্রীভূত করতে সচেষ্ট ছিলেন। সংস্কৃত কলেজের পাঠক্রম সংস্কারের দায়িত্বে থেকে তিনি শিক্ষার ক্ষেত্রে ধর্মতত্তে্বর পরিসর কমিয়ে আধুনিক কার্যকর শিক্ষার প্রসার ঘটাতে চেয়েছিলেন। বিদ্যাসাগরের এই চিন্তা ও কর্মকাণ্ডকে বিজেপি মন্ত্রীরা তাঁদের ভ্রান্ত রাষ্ট্রবাদী চিন্তার আলোকে পরিবেশন করলে এবং পরিবেশন করতে গিয়ে বিদ্যাসাগর চরিত্রকে ম্লান ও কালিমালিপ্ত করার চেষ্টা করলে দেশের মানুষ তা মেনে নেবে না।