
সিপিডিআরএস-এর উদ্যোগে ২৭ অক্টোবর ব্যাঙ্গালোরের গান্ধী ভবনে সংগঠনের কর্ণাটক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আইনজ্ঞ, মানবাধিকার কর্মী, বিজ্ঞানী এবং আইন কলেজের ছাত্রছাত্রীরা বিপুল সংখ্যায় অংশগ্রহণ করেন।
সংগঠনের রাজ্য আহ্বায়ক এম এন শ্রীরাম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিএন শ্রীকৃষ্ণ বলেন, ধর্মনিরপেক্ষতা ভারতীয় মানসিকতার একটি সহজাত অংশ এবং সংবিধান গঠনের আগে থেকেই এটি ছিল। তিনি দুঃখপ্রকাশ করে বলেন, আজ গণতন্ত্র বহুলাংশে কলঙ্কিত হচ্ছে, ভোট কেনাবেচা হচ্ছে, যা কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়। এই সমাবেশ সুন্দর ভবিষ্যতের জন্য বিরাট আশার আলো জাগায়। দুর্নীতি বিরোধী আন্দোলনের কর্মী এস আর হিরেমাথ বলেন, ১৯৪৭ থেকে সাংবিধানিক মূল্যবোধের ক্রমাগত অবক্ষয় ঘটছে। তিনি রাজনৈতিক ব্যক্তি-পূজা এবং স্বাধীন সংস্থাগুলিতে কার্যনির্বাহী বিভাগের হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করেন এবং এসআইআর প্রক্রিয়াকে ভোটারদের অধিকারের প্রতি এক বড় হুমকি হিসেবে চিহ্নিত করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক শ্রীধর কুঞ্চে ভোটার তালিকা কারচুপির ওপর আলোকপাত করেন। উগ্র-জাতীয়তাবাদী আখ্যান এবং অভ্যন্তরীণ শত্রু খোঁজার মাধ্যমে স্বৈরাচারী শাসনের যে ধারাবারিকতাতা চলছে সে বিষয়ে সতর্ক করেন। প্রবীণ আইনজীবী হেমলতা মহিষী নাগরিকদের সমস্যা সমাধানের চেয়ে রাজনৈতিক শত্রুতাকে প্রাধান্য দেওয়ার জন্য সংসদের সমালোচনা করেন। তিনি ভুয়ো খবর এবং ঘৃণা ভাষণের বিরুদ্ধে সক্রিয় প্রতিরোধের আহ্বান জানান।