Breaking News

বাজকুলে ছাত্র মিছিলে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি

সরকারি শিক্ষা বাঁচানোর দাবিতে ১১ অক্টোবর পূর্ব মেদিনীপুর জেলার বাজকুলে জেলা ছাত্র সম্মেলন উপলক্ষে মিছিলের উপর বর্বর আক্রমণ এবং এসইউসিআই(সি) অফিস ভাঙচুর ও পুড়িয়ে দেয় বিজেপি ও এবিভিপি আশ্রিত দুষ্কৃতীরা। এর সাথে যুক্ত দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ১৩ অক্টোবর ডিএম ও এসপি অফিসে বিক্ষোভ ডেপুটেশনে শামিল হয় প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রী। বিক্ষোভকারীরা নিমতৌড়ি চারমাথা মোড় থেকে ডিএম অফিস পর্যন্ত মিছিল করে ডিএম অফিসের গেটে বিক্ষোভ প্রদর্শন করেন। কর্মসূচিতে যোগ দেন এআইডিওয়াইও এবং এআইএমএসএসের কর্মীরা। নেতৃত্ব দেন এআইডিএসও-র রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায়, পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদিকা নিরুপমা বক্সী, এআইডিওয়াইও-র পক্ষে আশিস দোলাই, এআইএমএসএস-এর পক্ষে প্রতিমা জানা প্রমুখ। বিক্ষোভকারীরা ডি.এম অফিসের মেন গেটের কাছে মিছিল নিয়ে গেলে বিজেপির লোকজনেরা পুলিশের ডিভাইডার নিয়ে ব্যারিকেড করে পথ আটকে অতর্কিতে বিক্ষোভকারীদের উপর ঝাঁপিয়ে পড়ে। এরপর বিক্ষোভকারীরা ডিএম অফিসের পেছনের গেটে বিক্ষোভ প্রদর্শন করার পর এসপি অফিসের গেটেও বিক্ষোভ দেখায়। বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায়।

এসইউসিআই(সি) দলের উত্তর সংগঠনিক জেলার সম্পাদক প্রণব মাইতি বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভের কথা পুলিশকে জানানো সত্তে্বও বিজেপির লোকজন ওখানে পৌঁছালো কী করে? বিজেপির যারা আজ ডিএম গেটে হামলা করতে গিয়েছিল তাদের গ্রেফতার না করে আমাদের যুব সংগঠক তরুণ ঘোড়াই এবং জেলার শ্রমিক নেতা জ্ঞানানন্দ রায়কে নিমতৌড়ি থেকে পুলিশ গ্রেফতার করেছে। আমরা অবিলম্বে এদের মুক্তির দাবি জানাচ্ছি। বাজকুলে যারা হামলা করেছিল এবং আজ যারা ডিএম গেটে হামলা করেছে তাদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাচ্ছি।