সাম্রাজ্যবাদী আগ্রাসনে প্রকৃতি-পরিবেশ-জীবিকাঃ আলোচনা সভায় বামদলগুলি

বিশ্ব জুড়ে ভয়ঙ্কর সাম্রাজ্যবাদী আগ্রাসন মানুষের জীবন-জীবিকার পাশাপাশি প্রকৃতি-পরিবেশকেও নিজের করাল গ্রাসে টেনে নিচ্ছে। যুদ্ধ ও মুনাফাকেন্দ্রিক অর্থনীতি বেপরোয়া ভাবে প্রকৃতি ধ্বংস করে চলেছে। ভারত সহ বিশ্ব জুড়ে সাম্রাজ্যবাদী লুণ্ঠন প্রতিরোধী আন্দোলন বর্তমানে খুবই জরুরি। এই উদ্দেশ্যে সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিভিন্ন ক্ষেত্রগুলিকে চিহ্নিত করে অল ইন্ডিয়া অ্যান্টি ইম্পিরিয়ালিস্ট ফোরাম, পশ্চিমবঙ্গ শাখা বামপন্থী দলগুলিকে যুক্ত করে ধারাবাহিক ভাবে আলোচনা সভা আয়োজন করে চলেছে।

৯ সেপ্টেম্বর কলকাতার রামমোহন হলে ‘সাম্রাজ্যবাদী আগ্রাসনে জীবন জীবিকা ও প্রকৃতি’ শীর্ষক আলোচনাসভায় আলোচক ছিলেন এসইউসিআই(সি)-র ডাঃ সুভাষ দাশগুপ্ত, সিপিআই(এম)-এর পলাশ দাস, সিপিআই-এর শুভম ব্যানার্জী, আরএসপি-র মৃন্ময় সেনগুপ্ত, সিপিআই(এমএল)-লিবারেশনের মলয় তিওয়ারি, সিপিআই(এমএল)-রেড স্টারের শংকর, সিপিআই(এমএল)-মাস লাইনের অলীক চক্রবর্তী ও এমকেপি-র আভাস মুন্সী। সভাপতিত্ব করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবব্রত বেরা।  বক্তারা সাম্রাজ্যবাদের বর্তমান আক্রমণাত্মক রূপ এবং মুনাফাকেন্দ্রিক রাজনীতি-অর্থনীতি জীবন-জীবিকার পাশাপাশি পরিবেশকে কীভাবে ধ্বংস করছে, তা নিয়ে আলোচনা করেন। এর বিরুদ্ধে তাঁরা গণতান্ত্রিক ও প্রগতিশীল জনগণকে ঐক্যবদ্ধ করতে বামপন্থী শক্তিগুলির ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব আলোচনা করেন। এই উদ্যোগ নেওয়ার জন্য তাঁরা সংগঠনকে অভিনন্দন জানান। কনভেনশনে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী অর্কপ্রভ।