
কলকাতাঃ ৮ সেপ্টেম্বর রাজ্য জুড়ে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে আবার বিক্ষোভ দেখাল ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি। এসআইআর-এ বাদ পড়া লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম দ্রুত তালিকাভুক্তির দাবিতে সমিতির নেতৃত্বে এ দিনও পথে নামলেন হাজার হাজার মানুষ। মিছিল করে গিয়ে তাঁরা নথিপত্র-সহ ডেপুটেশন দিলেন সংশ্লিষ্ট দপ্তরগুলিতে।
প্রবল বৃষ্টির মধ্যেও কলকাতায় এ দিন সমিতির নেতৃত্বে দুটি বিক্ষোভ মিছিলে অংশ নেন বহু মানুষ। দক্ষিণ কলকাতায় প্রায় তিন শতাধিক মানুষের মিছিল হাজরা মোড় থেকে আলিপুরে যায়। সেখানে ডিইও ও ডিএম অফিসে ডেপুটেশন দেওয়া হয়। উত্তর কলকাতার ফেয়ারলি লঞ্চ ঘাট থেকে আর একটি মিছিল নির্বাচন কমিশনের দপ্তরে যায়। সেখানেও ডেপুটেশন দেওয়া হয়। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসন অবিলম্বে উপযুক্ত পদক্ষেপ না করলে লক্ষ লক্ষ মানুষ পথে নেমে গণতান্ত্রিক অধিকার তথা ভোটাধিকার সুরক্ষার জন্য তীব্র আন্দোলনে সামিল হবে।
বেলদাঃ প্রায় এক বছর হতে চলল এসআইআর-এর মাধ্যমে লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। আর কবে ট্রাইবুনাল তাঁদের ভোটাধিকার ফিরিয়ে দেবে– সেই ক্ষোভে ফুঁসছেন ভুক্তভোগীরা। ৯ সেপ্টেম্বর বেলদা পরাণ ভবনে ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতির পশ্চিম মেদিনীপুর (দক্ষিণ) সাংগঠনিক জেলা প্রস্তুতি কমিটির আহ্বানে অনুষ্ঠিত গণকনভেশনে সেই ক্ষোভের আঁচ পাওয়া গেল। কনভেনশনে শতাধিক প্রতিনিধি অংশ নেন। মহিলাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। প্রধান আলোচক ছিলেন অধ্যাপক দেবাশিস আইচ। সভাপতিত্ব করেন প্রাক্তন শিক্ষক প্রদীপ কুমার দাস।
বহু বিশিষ্ট নাগরিক উপস্থিত ছিলেন। অধ্যাপক দেবাশীষ আইচ, ৩১ ডিসেম্বরের মধ্যে দ্রুত বিচার প্রক্রিয়ার দ্বারা সমস্ত বৈধ ভোটারদের নাম তালিকাভুক্ত না করা হলে আন্দোলনের তীব্রতা বৃদ্ধি করার হুঁশিয়ারি দেন। কনভেনশন থেকে প্রদীপ কুমার দাসকে সভাপতি, পরেশ বেরাকে সহসভাপতি এবং স্বদেশ পড়্যা ও সেখ হামিদুল মহম্মদকে যুগ্ম সম্পাদক করে ২০ জনের পশ্চিম মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলা কমিটি গঠন করা হয়।
গোসাবাঃ নাম বাদ পড়া বৈধ নাগরিকদের নাম অবিলম্বে ভোটার তালিকায় তোলা এবং তাঁদের কোনও সরকারি পরিষেবা থেকে বাদ না দেওয়ার দাবিতে ১০ সেপ্টেম্বর ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতির আহ্বানে দক্ষিণ ২৪ পরগণায় গোসাবা বিডিও অফিসে বিক্ষোভ দেখান ভুক্তভোগী মানুষ।
চাপড়াঃ নদিয়া জেলায় ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতির চাপড়া শাখার পক্ষ থেকে ১১ সেপ্টেম্বর সমস্ত ডিলিটেড ও ট্রাইবুনালে বিচারাধীন বৈধ নাগরিকদের অতি দ্রুত ভোটার তালিকায় নাম তোলার দাবিতে বিডিও অফিসে বিক্ষোভ দেখানো হয়। ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতির জেলা কমিটির বিশিষ্ট সদস্য মশিকুর রহমান ও বিশিষ্ট আইনজীবী মোজাম্মেল হোসেন মণ্ডলের নেতৃত্বে ছয়জনের প্রতিনিধিদল বিডিওর হাতে স্মারকলিপি তুলে দেন। তাঁদের দাবি, সমস্ত বৈধ নাগরিকের নাম ভোটার তালিকায় তুলতে হবে, ৩১ ডিসেম্বরের মধ্যে বিচারাধীন ভোটারদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, জেলায় জেলায় ট্রাইবুলাল গঠন করতে হবে, ডিলিটেড ও বিচারাধীন ভোটারদের নাগরিক পরিষেবা ও অধিকার থেকে বঞ্চিত করা চলবে না, ডিলিটেড ভোটারদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে হোল্ডিং সেন্টারে তুলে নিয়ে যাওয়া চলবে না, ট্রাইবুনালের বিচার প্রক্রিয়ার ফলাফলের তালিকা প্রতি ১৫ দিন অন্তর বিডিও অফিসে টাঙাতে হবে, ইত্যাদি। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন মধুমিতা কুণ্ডু, হুমায়ুন শেখ, আলমগীর শেখ, শামিম শেখ প্রমুখ।
মেদিনীপুরঃ মেদিনীপুর শহরের রেডক্রস সোসাইটি হলে ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হল ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতির পশ্চিম মেদিনীপুর (উত্তর) জেলা কনভেনশন। বিভিন্ন এলাকা থেকে দুই শতাধিক ভুক্তভোগী ভোটার এবং আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রধান বক্তা ছিলেন সমিতির রাজ্যস্তরের নেতা অজয় বায়েন। সভাপতিত্ব করেন মানবাধিকার আন্দোলনের নেতা দীপক বসু। কনভেনশন থেকে দীপক বসুকে সভাপতি, দেবাশিস আইচকে সম্পাদক এবং মানস রানাকে কোষাধ্যক্ষ করে সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি গঠিত হয়।