
নতুন রাজ্য সরকার ১৩ মে পশু জবাই সংক্রান্ত নতুন নিয়ম চালু করায় তখন থেকেই পশু হাটগুলি বন্ধ রয়েছে। এতে বিপন্ন হয়েছে গোপালক, গো-ব্যবসায়ী, চর্ম সংগ্রাহক, চর্মশিল্পের শ্রমিক-কর্মচারী, পশুহাটের সাথে যুক্ত হোটেল, ছোট ব্যবসায়ী সহ নানা পেশার প্রায় ৩৫ লক্ষ মানুষের জীবন-জীবিকা। এঁদের পরিবারের সদস্য সহ প্রায় দু’কাটি মানুষের জীবনে নেমে এসেছে বিপর্যয়। এই অবস্থার প্রতিকারে জেলায় জেলায় হাটগুলির প্রতিনিধিদের সংগঠিত করে ৮ আগস্ট কলকাতায় সারা বাংলা কনভেনশনের মধ্য দিয়ে গড়ে উঠেছে সারা বাংলা পশুপক্ষী হাট বাঁচাও সমিতি। ১০ সেপ্টেম্বর সমিতির ডাকে কলকাতার রানি রাসমণি অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হল মহাসমাবেশ ও প্রাণিসম্পদ বিকাশ বিভাগের মন্ত্রীর কাছে গণডেপুটেশন।
১৫টি জেলার চার হাজারেরও বেশি মানুষের এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আবুয়েল শুশাহানা মণ্ডল। প্রধান অতিথি ছিলেন দিল্লির ঐতিহাসিক কৃষক আন্দোলনের নেতা এআইকেকেএমএস-এর সাধারণ সম্পাদক শংকর ঘোষ।
বক্তব্য রাখেন বিভিন্ন জেলা নেতৃত্ব ও সংগঠনের সাধারণ সম্পাদক দিলীপ কুণ্ডু। সভা শেষে সাধারণ সম্পাদকের নেতৃত্বে পাঁচজনের প্রতিনিধি দল প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রীর কাছে দাবিপত্র পেশ করেন।