
এনটিএ ও নিট কেলেঙ্কারির বিরুদ্ধে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনকারীদের বিজেপি রাজ্য সভাপতির মারের নিদানকে তীব্র নিন্দা করে এস ইউ সি আই (কমিউনিস্ট) রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ২৭ জুলাই এক বিবৃতিতে বলেন,
এক দিকে মুখ্যমন্ত্রী যাঁদের গ্রেফতার করা হয়েছে তাঁরা তিন পুরুষ বুঝতে পারবেন বলে বিধানসভায় বললেন। অন্য দিকে শাসকদলের সভাপতি একটি বিশেষ স্লোগানের উল্লেখ করে ২৬ জুলাই পুলিশকে সরাসরি আন্দোলনকারীদেরকে মারের নিদান দিলেন এবং বললেন, এমন স্লোগান যাঁরা দেবেন তাঁদের যেন হাসপাতাল ঘুরে বাড়ি ফিরতে হয়। যাঁরা গুন্ডা দমন আইনের কথা বলছেন তাঁরাই সরাসরি গুন্ডামির প্রশ্রয় দিচ্ছেন। উপরন্তু, যিনি সরকারের কোনও পদাধিকারী নন তিনি পুলিশকে এমন ফরমান দিতে পারেন কী করে? ফলে ক্ষমতায় আসার পর বিজেপির আইন মেনে চলার প্রতিশ্রুতি যে কতটা ফাঁকা বুলি তা স্পষ্ট হল।
আসলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ২৪ জুলাই বামপন্থী ছাত্র-যুব সংগঠনগুলির ডাকে কলকাতার মিছিলের স্বতঃস্ফূর্ততায় বিজেপি ভয় পেয়েছে বলেই এই সব কথা বলে আন্দোলনকারীদের তারা ভয় দেখানোর চেষ্টা করছেন। আমরা এই উক্তির তীব্র নিন্দা করছি এবং জনসাধারণকে এর বিরুদ্ধে সোচ্চার হতে আহ্বান করছি।