Breaking News

ভগবানপুরে দলের মিছিলে হামলা বিজেপির

হকার উচ্ছেদের প্রতিবাদ সহ কয়েক দফা দাবিতে ১১ জুন কলকাতায় দলের ডাকা বিক্ষোভ মিছিলের সমর্থনে এবং যাদবপুরে সাধারণ মানুষের উপর নির্মম লাঠিচার্জের বিরুদ্ধে ৮ জুন পূর্ব মেদিনীপুরের ভগবানপুর়ে প্রচার মিছিল চলছিল। থানার সামনে অতর্কিতে বিজেপির প্রায় ৫০ জন কর্মী-সমর্থক দাবি তোলে তাদের সরকারের বিরুদ্ধে কোনও কথা বলা যাবে না। তারা এসইউসিআই(সি) কর্মীদের হুমকি দেয়, হামলা চালায়, ধস্তাধস্তি শুরু করে, সমস্ত ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলে। এমনকি মাইকও নষ্ট করে দেয়।

নজিরবিহীন এই ঘটনায় দলের পূর্ব মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য অনিতা মাইতি বলেন, বিজেপি ক্ষমতায় আসার একমাসও হয়নি, অথচ মানুষের কথা বলার ও প্রতিবাদ করার গণতান্ত্রিক অধিকার তারা কেড়ে নিতে চাইছে। এর তীব্র প্রতিবাদ করার জন্য তিনি সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে আহ্বান জানান। আসলে শাসক প্রতিবাদকে ভয় পায়। সেই প্রতিবাদ যদি নৈতিক ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকা একটি দলের পক্ষ থেকে হয়, তা হলে সেই ভয় আরও বাড়ে। বিশেষ করে শাসক যখন গরিব মানুষের স্বার্থ বিরোধী।