
বৈধ বাতিল ভোটারদের পাশে দাঁড়াতে কোচবিহার জেলাশাসক দপ্তরের সামনে একটি বিশেষ সহায়তা কেন্দ্র বা হেল্প ডেস্ক চালু করেছে ভোটাধিকার রক্ষা মঞ্চ, কোচবিহার। এই উদ্যোগের সব থেকে উল্লেখযোগ্য দিক হল সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। সাধারণ মানুষের জটিল আইনি ও অন্যান্য সমস্যা সমাধানে প্রতিদিন এই কেন্দ্রে উপস্থিত থেকেছেন আইনজীবী দিলীপ চন্দ্র বর্মন, ধ্রুব রায়, জুঁই রায়ের মতো অভিজ্ঞ আইনজীবী, শিক্ষক এবং বিভিন্ন পেশার সচেতন নাগরিকরা। দূর-দূরান্ত থেকে আসা প্রান্তিক মানুষ যাঁরা ফর্ম পূরণ বা আপিল করার সঠিক পদ্ধতি জানেন না, তাঁদের হাতেকলমে সাহায্য করছেন এই স্বেচ্ছাসেবীরা।
ভোটাধিকার রক্ষা মঞ্চের কর্মীরা জানিয়েছেন, শুধুমাত্র নথিপত্রের জটিলতায় কোনও প্রকৃত নাগরিক যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতেই এই নিরলস প্রচেষ্টা চালানো হচ্ছে। এই মহৎ উদ্যোগে সামিল হয়ে শিক্ষক ও আইনজীবীরা দিনভর সাধারণ মানুষের আপিল প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করছেন, যা জেলায় ইতিবাচক সাড়া ফেলেছে।