
শিয়ালদহের এনআরএস হাসপাতাল চত্বরে কোনও হকার ঢুকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নোটিস জারি করেছে কর্তৃপক্ষ। চিকিৎসার জন্য দূরদূরান্ত থেকে মানুষ এসে হাসপাতাল চত্বরে দীর্ঘ সময় অপেক্ষা করেন। হকারদের প্রবেশ বন্ধ করে দিলে তাঁদের নানা অসুবিধার মধ্যে পড়তে হবে এবং তাঁদের বাড়তি খরচের দিকে ঠেলে দেওয়া হবে।
এই নোটিসের প্রতিবাদে ২৮ মার্চ দলের মেডিকেল, শিয়ালদহ ও এন্টালি লোকাল কমিটির উদ্যোগে বিক্ষোভ দেখানো হয় এবং এনআরএস হাসপাতালের মেন গেট পর্যন্ত মিছিল করে এই নোটিস প্রত্যাহারের দাবি জানানো হয়। নেতৃত্ব দেন এন্টালি বিধানসভা কেন্দে্র দলের প্রার্থী ডাক্তার কমরেড সামস মুশাফির। এসইউসিআই(সি)-র রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য এই দিনই এক বিবৃতিতে এর প্রতিবাদ জানিয়ে বলেন, আমরা দীর্ঘদিন ধরে দেখছি সমস্ত সরকারি সংস্থাগুলি বেসরকারি মালিকদের হাতে তুলে দেওয়া হচ্ছে।
যেভাবে রেলে হকার উচ্ছেদ করে প্ল্যাটফর্মগুলি বেসরকারি কোম্পানিদের হাতে তুলে দেওয়া হচ্ছে, সেই একই ভাবে হাসপাতালেও হকার প্রবেশ নিষিদ্ধ করে বড় ব্যবসায়ী কোম্পানিগুলিকে সেখানে ব্যবসার সুযোগ করে দেওয়ার চেষ্টা করছে সরকার। এই পদক্ষেপ অত্যন্ত অগণতান্ত্রিক এবং মেহনতি মানুষের পক্ষে বিপজ্জনক। আমরা অবিলম্বে এই নোটিস প্রত্যাহারের দাবি করছি।